এ-ও বন্ধু, সে-ও বন্ধু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ধরা যাক বর–কনে দুজনই বন্ধু। এবার বন্ধুরা যাবে আপনি কার পক্ষে? মডেল: তাজিন, সরফরাজ, জান্নাত, মামুন ও শম্পা। ছবি: কবির হোসেন
ধরা যাক বর–কনে দুজনই বন্ধু। এবার বন্ধুরা যাবে আপনি কার পক্ষে? মডেল: তাজিন, সরফরাজ, জান্নাত, মামুন ও শম্পা। ছবি: কবির হোসেন

কন্যাপক্ষ আর বরপক্ষ না মিললে তো বিয়ে হবার নয়। কিন্তু বিয়ের আগে থেকে দুই পক্ষ যদি মিলেই থাকে! ছেলেপক্ষই মেয়েপক্ষ, আবার মেয়েপক্ষও ছেলেপক্ষ। আজকাল এমনটাও দেখা যাচ্ছে। একদলের দুই বন্ধুর মধ্যে সম্পর্ক। বিয়ের আয়োজনও শুরু হয়ে গেল। এবার তাঁদের বন্ধুরা কী করবেন? বর আর কনে দুজনই তো সবার বন্ধু।
তাতে অবশ্য পক্ষপাত কমবে না, পক্ষ একটা তাঁরা নেবেনই। নিজেরাই আলোচনা করে ঠিক করেন কে যাবেন এই পক্ষে, কে ওই পক্ষে। জানালেন নুসরাত নওরীন। নিজের প্রতিষ্ঠান ওয়েডিং ডেকোর বাই নুসরাতের পক্ষ এমন দুটি বিয়ে আয়োজনের অভিজ্ঞতা থেকেই বললেন। ‘এমন হলে আমার খুব মজা হয় অবশ্য। এক পক্ষের কাছ থেকে শুনে নিয়ে তবে অন্য পক্ষ সিদ্ধান্ত নেবে, এই ব্যাপারটা এ ক্ষেত্রে হয় না। সবারই চেষ্টা থাকে কত ভালো, মজার আয়োজন করা যায়। কারণ দুজনই তো তাঁদের বন্ধু। খুব মজার মজার আইডিয়া পাওয়া যায়।’ বললেন তিনি।
‘দোস্ত, তোর সঙ্গে ক্লাস ওয়ান থেকে পরিচয়। আর এখন তুই আমার পাশে থাকবি না!’ পক্ষে টানার জন্য এমন আবদারও চলে খুব। আবার এক পক্ষের স্পাই হিসেবে অন্য পক্ষে ঢুকে পড়ার ঘটনাও নাকি ঘটে। ওরা কী করছে, আমাদের অনুষ্ঠানে ওদের চাইতেও মজার কিছু করতে হবে। যেমন ‘ওরা ব্যান্ড পার্টি নিচ্ছে, আমরা তাহলে কাওয়ালির দল নিই।’ এটাই অবশ্য তাঁদের উদ্দেশ্য।
কোনো বন্ধু এলেন, তাঁর সঙ্গে হয়তো অন্যদের তেমন জমত না। কিন্তু বিয়েবাড়ির হইহুল্লোড়ে সবাই খুব ভালো বন্ধু হয়ে যান শেষমেশ। আর এমন ক্ষেত্রে বিয়ের আসরেই ফেসবুক আইডি বিনিময়, পরে বন্ধু থেকে বিশেষ বন্ধু। এমনটাও ঘটতে দেখেছেন নুসরাত।
তবে বিয়েতে সবই পরিচিত মুখ। নিজেরাই সব করছি। নতুন কারও সঙ্গে পরিচয় হলো না। এটা কি একটু একঘেয়ে নয়?
নিজেদের বন্ধুমহলে পাঁচটি বিয়ে হয়েছে বলে জানালেন সাবরিনা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষার্থী ছিলেন তাঁরা। ‘কনে আমাদের বন্ধু ছিলেন না এমন একটি বিয়েও হলো সম্প্রতি। সেই বিয়েতে গিয়ে কিন্তু তেমন মজা পাইনি। দুই পক্ষই বন্ধু এমন বিয়েতে গেলে মনে হয় আমরা আমরাই তো। হইচই, উচ্ছ্বাস সবই যেন অনেক বেশি।’ বললেন তিনি।
তবে পক্ষ যখন আছে, পক্ষপাতও থাকবেই। সেটা বিয়ের আগে নয়, টের পাওয়া যায় বিয়ের পরে। এমন মত সাজিয়ার (ছদ্মনাম)। ‘বিয়ের পরে কোনো কারণে দুজনের মনোমালিন্য হলে সেটা তো বন্ধুদের বলাই হয়। তখন বন্ধুরা কোনো এক পক্ষ নিলেই বিপদ। হয়তো দুই দিন পর নিজেদের সমস্যা এমনিতেই মিটে যাবে। কিন্তু বন্ধুদের মন্তব্য ঠিকই মনে থাকবে। এসব ক্ষেত্রে যতটা পারা যায় মত না দেওয়াই ভালো।’ বললেন তিনি। ‘দুই পক্ষেই অপক্ষপাত’ বন্ধুরাই তাই এমনই থাকুন।