ও দেখি বাড়িতে বাংলা বলছে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যে মাধ্যমেই পড়ুক না কেন সন্তান, পরিবারে বাংলা ভাষার চর্চা থাকতে হবে। মডেল: সিহান ও মিঠু, ছবি: সুমন ইউসুফ
যে মাধ্যমেই পড়ুক না কেন সন্তান, পরিবারে বাংলা ভাষার চর্চা থাকতে হবে। মডেল: সিহান ও মিঠু, ছবি: সুমন ইউসুফ

কিছুদিন আগে ডাক্তারের চেম্বারে বসে আছি। পাশের এক মা চিন্তিত মুখে কথা বলছেন আত্মীয়ের সঙ্গে। আলাপচারিতা থেকে যা বোঝা গেল—সেই মায়ের একমাত্র সন্তান ইংরেজি মাধ্যম স্কুলে পড়ে। বাসায় বাংলায় কথা বলছে তাঁর মেয়ে, তাহলে ইংরেজি মাধ্যমের স্কুলে পড়িয়ে লাভ কী হচ্ছে? আত্মীয়স্বজনের সামনেও ‘মান’ থাকছে না। কথোপকথনটা ছিল এমন—‘এত টাকা খরচ করে পড়াচ্ছি, বাড়িতে ইংরেজি বলে না। মনে হয় স্কুলের সমস্যা, ঠিকমতো শেখাতে পারছে না। কারও সামনে মানসম্মান থাকছে না। অন্য দশজনের সঙ্গে তাহলে কী পার্থক্য থাকল ওর? স্কুল বদলে ফেলব ভাবছি! যে যা-ই বলুক, মেয়েকে ইংরেজি বলতেই হবে।’
সহকর্মীর মুখে আরেকটি ঘটনা শোনা। নামকরা স্কুলে অভিভাবক-সভা হচ্ছে। সেখানে বেশ কয়েকজন মা-বাবার আপত্তি ও অভিযোগ—কেন সন্তানেরা নিজেরা বাংলায় কথা বলে, ইংরেজি কেন বলে না? বাড়িতেও বেশির ভাগ কথা বাংলাতে বলে। স্কুলের শিক্ষকদের দোষারোপ করতে থাকেন। শিক্ষকেরা যদি বলে দেন তবেই হয়তো কাজ হবে।
আবিদা চৌধুরীর সন্তান ইংরেজি মাধ্যমের স্কুলে পড়ে। তাঁদের বাড়িতে ও রকম কোনো বিধিনিষেধ নেই যে সন্তান বাংলা পড়তে পারবে না। বাংলা ভাষা শেখা, ঐতিহ্যকে জানা বেশি জরুরি তাঁর কাছে। ইংরেজি গল্পের বই যেমন কিনে দেন, তেমনি বাংলা গল্পের বই পড়তেও সন্তানকে আগ্রহী করার চেষ্টা করছেন। তিনি বলেন, ‘ইংরেজি মাধ্যমের ছেলেমেয়েদের বাংলা শেখার জন্য আদর্শলিপি অবশ্যই পড়াতে হবে। আমার সন্তানকেও পড়াই। চেষ্টা করি ওর সঙ্গে যতটা বাংলায় কথা বলা যায়।’
নিজের দেশ, সংস্কৃতিকে জানার জন্য সরকার থেকে নিয়ম করে দিয়েছে ইংরেজি মাধ্যমের স্কুলে ‘বাংলাদেশ স্টাডিজ’ পড়াতে হবে। এখানে মূলত বাংলাদেশের ইতিহাস ও ভৌগোলিক বিষয়গুলো পড়ানো হয়। দেখা যায়, কোনো কোনো ছেলেমেয়ে হয়তো ভালো ফল করেছে কিন্তু বিদেশে গিয়ে পড়ার সময় নিজের দেশ সম্পর্কে তেমন কিছু জানে না।
সরকারি নির্দেশনা জারির আট বছর আগে থেকেই ঢাকার স্যার জন উইলসন স্কুলে এটি পড়া বাধ্যতামূলক ছিল। ইংরেজি মাধ্যমের এই স্কুলটির অধ্যক্ষ সাবরিনা শহীদ বলেন, ‘স্কুলে ছেলেমেয়েরা নির্দিষ্ট একটা সময় থাকে। সেই সময়টুকুর মধ্যেই আমরা যতটা সম্ভব চেষ্টা করি। তবে আরেকটি বিষয় হলো, যখন শিশুরা প্লে, নার্সারি বা কেজি টুতে থাকে, প্রথম প্রথম ইংরেজিটা ভালোভাবে রপ্ত করার জন্য আমরা কথা বলতে বলি। যাতে করে স্বতঃস্ফূর্ততা তৈরি হয়।’
সাবরিনা শহীদ জানালেন, ওপরের ক্লাসে উঠলেই দুই ভাষায় কথা বলতে বলা হয়। প্রতি সপ্তাহে লাইব্রেরি থেকে যে বই নেওয়ার নিয়ম আছে, সেখানেও বলা হয় তিনটি বই ইংরেজি নিলে একটি অবশ্যই বাংলা নিতে হবে। তিনি বললেন, ‘ইংরেজি মাধ্যমের স্কুলগুলোর পক্ষ থেকে বাংলা অলিম্পিয়াডের আয়োজন করা হয়ে থাকে। সেখানেও আমাদের শিক্ষার্থীরা অংশ নেয়। ফলে বাংলা-ইংরেজি দুটো ভাষাই তারা শিখছে। মা-বাবাকে এটি নিয়ে খুব বেশি চিন্তিত হওয়ার কিছু নেই।’
কোনো ছেলে বা মেয়ে যদি বাংলা ভাষা সুন্দর করে বলতে পারে ও জানে, তবে তার জন্য ইংরেজি বলা কোনো ব্যাপার নয়। ইংরেজি হলো পুরোপুরি চর্চার বিষয়। সেটা ভালো স্কুলে পড়লে বা ভালো শিক্ষকের কাছে পড়লে শিখতে পারবে—ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম এমন মনে করেন। ‘জোর করে বাড়িতে ইংরেজির চর্চা করানো হলে একটা কৃত্রিম পরিবেশ তৈরি হয়। জ্ঞানচর্চার জন্য এটা কখনো ভালো হয় না। পারিবারিক ভাষা হবে মাতৃভাষা। মা-বাবা পারেন না, সন্তানকে দিয়ে তা করানোর চেষ্টা করালে অহমিকাবোধ তৈরি হতে পারে মনে। মাতৃভাষায় যত সুন্দরভাবে মনের ভাব, অনুভূতি প্রকাশ করা যায়। অন্য ভাষায় যায় না।’ বলেন মনজুরুল ইসলাম।
সন্তান বাড়িতে বাংলা বলল না বলে ‘খ্যাত’ হয়ে গেল। এটা মনে করার কোনো কারণ নেই। ওকে দিয়ে কিচ্ছু হচ্ছে না, ও বাড়িতে বাংলা বলছে—এটা দেখে চোখ কপালে না উঠিয়ে মা-বাবা হিসেবে নিজেদের চিন্তা-চেতনার পরিবর্তন আনাটাই জরুরি। তাতে সন্তানের মঙ্গল, আপনারও।