করোনাকালে গাঁটছড়া

টানা কয়েক মাস ঘরবন্দী থেকে মানুষ ফিরছে নতুন স্বাভাবিক সময়ে। অনেকের আটকে থাকা বিয়ের অনুষ্ঠান হচ্ছে করোনাকালে। সীমিত পরিসরে ঘরোয়া আয়োজনে বিয়ে করছেন অনেকেই।

খন্দকার ফারজানা ও আশিক বিন আবদুল্লাহ সম্প্রতি বিয়ে করেছেন রাজশাহীতে। তাঁদের বিয়ের ছবি তুলেছে চিত্রগল্প।
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিউজ ফিডের প্রতি স্ক্রলে অন্তত তিনটি বিয়ের ছবি। বর্তমানে ফেসবুকে বহুল প্রচলিত স্ট্যাটাস। রসিকতা হলেও বাস্তব চিত্র খুব একটা ভিন্ন নয়। গত মার্চ থেকে জুলাই মাস পর্যন্ত নির্ধারিত ছিল বেশ কিছু বিয়ের তারিখ। করোনাভাইরাস মহামারির কারণে একদিকে সেসব বিয়ে এখন সীমিত পরিসরে আয়োজিত হচ্ছে, আবার কেউ কেউ নিজের আগ্রহেই এ সময় ঘরোয়া পরিবেশে বিয়ে করছেন। ফলে শ্রাবণের শেষ সপ্তাহেও বাতাসে বিয়ের আমেজ বেশ প্রবল।

করোনাকালে বহুদিন পর আবার জোরেশোরে ফিরে এল ঘরোয়া বিয়ের আয়োজন। নেই কমিউনিটি সেন্টারের ঝলমলে আলোকসজ্জা বা শত শত অতিথির সমাগম। তবে নিকটাত্মীয়দের উপস্থিতিতে নতুন জীবন শুরু করার মুহূর্তগুলো যেন হয়ে উঠছে গভীর আন্তরিকতার চিত্র। এ কথারই প্রতিচ্ছবি পাওয়া গেল নাছরিন হাসানের কণ্ঠে। তিনি বলেন, ‘১৪ আগস্ট আমরা খুবই অল্পসংখ্যক অতিথির উপস্থিতিতে বিয়ে করেছি। কিছু বন্ধু ও স্বজনকে মিস করেছি সত্যি, তবে মনে হয়েছে আয়োজনটা বড্ড আন্তরিক ছিল। শত শত অতিথির জন্য আয়োজন করা আড়ম্বরপূর্ণ বিয়ের অনুষ্ঠানগুলোতে এ আন্তরিকতার সুর পাওয়া আজকাল দুষ্কর।’

আবার কারও কারও কণ্ঠে খানিকটা হতাশার সুরও পাওয়া যায়। তারিক জামান বিয়ে করেছেন ৪ জুন। বিয়েতে উপস্থিত ছিলেন মাত্র আটজন অতিথি! তিনি বলেন, ‘আমার শৈশব-কৈশোরের বড় একটা অংশ কেটেছে নানাবাড়ি-দাদাবাড়ির যৌথ পরিবারে। তাই আমার চাওয়া ছিল চাচা-মামা-খালা-ফুফুরা বিয়েতে উপস্থিত থাকবেন; ঘর ভরে থাকবে ভাই–বোনদের হই-হুল্লোড়। কিন্তু যেহেতু এখন এ ধরনের আয়োজন করা মানে বয়োজ্যেষ্ঠ ব্যক্তিদের আরও বেশি স্বাস্থ্যঝুঁকিতে ফেলা, তাই দূর থেকেই তাঁদের আশীর্বাদ নিয়ে শুভকাজ সম্পন্ন করা শ্রেয় মনে করেছি।’

কেউ কেউ অবশ্য স্বল্পসংখ্যক আত্মীয়ের উপস্থিতিতে বিয়ে করলেও ভিডিও কলের মাধ্যমে নিশ্চিত করেছেন অন্যান্য স্বজনের ভার্চ্যুয়াল উপস্থিতি। এ নিয়ে হামীম ইসলাম বলেন, ‘করোনা সংক্রমণের ঝুঁকি এড়াতে আমার বোনের বিয়েতে ঢাকার বাইরে থাকা আত্মীয়রা আসতে পারেননি। তবে বিয়ে পড়ানোর সময় জুম, ফেসবুক আর মেসেঞ্জারের মাধ্যমে দুটো ল্যাপটপ থেকে আমি তাঁদের সবাইকে যুক্ত করার চেষ্টা করেছি।’

সামাজিক দূরত্ব মেনে চলা যখন আবশ্যক, তখন সামাজিক অনুষ্ঠান আয়োজন করতে গেলে কিছু প্রতিবন্ধকতার সম্মুখীন হতেই হয়। ২৪ জুলাই সম্পন্ন হয় আতিকা রহমানের বিয়ে। তিনি জানান তেমনই কিছু প্রতিবন্ধকতার কথা; বলেন, ‘কেনাকাটার ব্যাপারটা এই করোনার সময় বেশ চ্যালেঞ্জিং ছিল। আমরা চেষ্টা করেছি দুই–এক দিনের মধ্যে একটা শপিং মল থেকেই সবকিছু কিনে ফেলতে।’ আবার বোনের বিয়ের কেনাকাটা নিয়ে রকিব-উল-ইসলাম বলেন, ‘আমরা চেয়েছি অনলাইনেই অধিকাংশ কেনাকাটা সেরে ফেলতে। বিয়ের ডালা থেকে শুরু করে কাঁচাবাজার— সবই আমরা অনলাইনে করেছি। তবে বিয়ের শাড়ি-পাঞ্জাবি কিনতে একবার শপিং সেন্টারে যেতেই হয়েছে, সে ক্ষেত্রে স্বাস্থ্যবিধি মানার সর্বোচ্চ চেষ্টা করেছি আমরা।’

নিজের বিয়ের দিন বাসার ছাদে তাবাসসুম ইসলাম।
সংগৃহীত

এ লেখা যখন লিখছি, তার পাঁচ দিন আগে (১৩ আগস্ট) বিয়ের পিঁড়িতে বসেছি আমি নিজেও। অতিথি সংখ্যা বা কেনাকাটা নিয়ে তেমন বিপত্তি না বাধলেও বিয়ের দিনের সাজ ও মেহেদি দেওয়া নিয়ে বেশ ভাবনায় পড়তে হয়েছিল আমাকে। মেহেদি দেওয়ার জন্য বেছে নিয়েছিলাম বাড়ির পাশের ফারজানা শাকিল’স মেকওভার সেলুনকে। বিয়ের কনে মেহেদি নিচ্ছে মাস্কে মুখ ঢেকে, একবার ভাবুন! মাস্ক, গ্লাভস, গগলস পরেই পারলারে কাজ করতে দেখেছি সবাইকে, মানা হয়েছে সামাজিক দূরত্ব ও স্যানিটাইজিংয়ের বিধিনিষেধও। সেখানে মেহেদি নিয়ে সন্তুষ্ট হলেও পারলারে বসে মাস্ক খুলে বিয়ের দিন সাজতে মন সায় দেয়নি করোনার ভয়ে। তাই আমি খুঁজছিলাম এমন কোনো মেকআপ শিল্পীকে, যিনি বাড়িতে এসে আমার নিজস্ব প্রসাধনী দিয়েই সাজিয়ে দেবেন। মূলত সর্বোচ্চ সতর্কতা মেনে চলার তাড়না থেকেই অন্যের ব্যবহৃত প্রসাধনসামগ্রী এড়াতে চেয়েছি আমি। নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মেকআপ আর্টিস্ট মাইশা চৌধুরী স্বাস্থ্যবিধি থেকে শুরু করে পুরো বিয়ের সাজে আমার মতামতকেই অগ্রাধিকার দিয়েছেন।

এ ছাড়া আরও একটি প্রতিবন্ধকতা হলো স্বল্প অতিথির সমাগমেও যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলা। যত কমসংখ্যক মানুষই থাকুক না কেন, মাস্ক পরতে হবে সবাইকেই। ঘরে ঢোকার পর হাত ধোয়ার ব্যবস্থা করা থেকে শুরু করে বাইরে থেকে আনা বিভিন্ন জিনিস জীবাণুমুক্ত করাও এক বড় চ্যালেঞ্জ। তাই মহামারির এ সময়ে অতিথি বরণ করার সময় ট্রেতে মিষ্টির পাশাপাশি ছিল হ্যান্ড স্যানিটাইজার। এমনকি বিয়ের দু-চার দিন আগেই উপহারের ডালা, বিয়ের শাড়ি ইত্যাদি পৌঁছে দেওয়াই ভালো মনে করছেন অনেকে। তাতে সেগুলো জীবাণুমুক্ত করার জন্য যথেষ্ট সময় পেয়েছে উভয় পক্ষ।

স্বাভাবিক সময়ের মতো অনেক আয়োজনই করা যাচ্ছে না, মানতে হচ্ছে অসংখ্য বিধিনিষেধ। তবু জীবনের বহমানতার সূত্র আরও একবার সঠিক প্রমাণ করে আয়োজিত হচ্ছে করোনাকালের বিয়ে। গাঁটছড়া বাঁধছেন অনেক দম্পতি। দূরে থাকার এই সময়ে দুজন হচ্ছেন আরও কাছাকাছি। মহামারিতে একে অপরের পাশে থাকার শপথ নিচ্ছেন হাতে হাত রেখে।