
তখন ঈদুল আজহার খুব বেশি দেরি নেই। সেমিস্টার ফাইনাল পরীক্ষা চলছিল। ঈদুল ফিতরের পর আর বাড়ি ফেরা হয়নি। অথচ বাড়িতে ক্যানসার আক্রান্ত বাবা দিনভর আমার জন্য অপেক্ষা করছেন। আমি ফোন দিয়ে বলতাম, ‘আব্বু ভালো আছেন?’ উত্তরটা ‘হ্যাঁ’ হলেও তাতে মিশে থাকত তীব্র ব্যথার কাতরতা। একদিন আব্বু নিজেই ফোন দিলেন। বললেন, ‘বাবা কই তুমি? তোমাকে দেখতে ইচ্ছে করছে।’ আমার পরীক্ষা শেষ হতে তখনো এক সপ্তাহ। বললাম, ‘আব্বু আমার পরীক্ষা। পরীক্ষা শেষ করেই চলে আসব!’ আব্বু বললেন, ‘তোমার পরীক্ষাটাই আগে এল?’
পরীক্ষা শেষ করে বাড়ি ফিরেছিলাম। আব্বুকে চেনা যাচ্ছে না। পা আর পেটে পানি জমেছে। একদৃষ্টে ছাদের দিকে তাকিয়ে আছেন। আর থেকে থেকে তীব্র ব্যথায় চিৎকার করছেন। আমি বললাম, ‘আব্বু আমি এসেছি।’ আব্বু শুনলেন না। চিৎকার করে বললাম। তবুও শুনলেন না। এ জগতের সঙ্গে যোগাযোগে বারবার বিঘ্ন ঘটছিল তাঁর।’ অভ্যাসবশত কাঁদছিলেন আর বলছিলেন, ‘বাবা জুনায়েদ! কই গেলা বাবা তুমি?’ আমি চিৎকার করে বলছিলাম আব্বু আমি এখানে। কিন্তু সে চিৎকার আব্বুর কানে পৌঁছাচ্ছিল না। পরদিন ভোরে আমাকে চিনেছিলেন। তখন সে কী কান্না আব্বুর! চোখের অশ্রু বাধ মানছিল না। তবুও শব্দ করে কাঁদতে পারিনি সেদিন।
আব্বু ঘুমাতেন না। কী দিন কী রাত! ব্যথার ইনজেকশনগুলোও একে একে কাজ করা বন্ধ করে দিল। জি মরফিন এমনকি প্যাথেডিনও অপারগতা প্রকাশ করল। আব্বু চিৎকার করে কাঁদেন। আব্বুর সে গগনবিদারী চিৎকারে বুক ফেটে যায়। তবুও চেয়ে চেয়ে দেখা ছাড়া কিচ্ছু করার থাকে না আমাদের।
এভাবে ঈদ চলে এল। আব্বুকে ছাড়া প্রথমবারের মতো ঈদের নামাজ পড়লাম। ঈদ মানে অফুরন্ত আনন্দ। অথচ আমাদের বাড়িতে কোনো আনন্দ ছিল না। না বাইরে, না ভেতরে।
একদিন আব্বু কথা বলা বন্ধ করে দিলেন। তীব্র ব্যথায় আর্তনাদ আর শোনা গেল না। আমরা ভাবলাম প্যাথেডিনের প্রতিক্রিয়া। বিকেল হতে হতেই আমাদের ধারণা মিথ্যা হয়ে গেল। আব্বু ফ্যালফ্যাল করে আকাশের দিকে তাকিয়ে থাকলেন। চোখের পানি শুকিয়ে গেল, তবুও চোখে পলক পড়ল না।
একদিন পরেই আব্বুর শ্বাসকষ্ট শুরু হলো। হাত-পা তো আগেই অবশ হয়ে গেছে। ঘরভর্তি মানুষ। হঠাৎ করেই বা পা-টা নড়ে উঠল আব্বুর। তারপর পেটটা। এরপর চোখ দুটো নড়ে উঠল। মনে হলো সবাইকে দেখে নিলেন একপলক। বাঁকা মুখটা সোজা হয়ে গেল। মুখটা নড়াচড়া করল আব্বুর। চোখে একবার পলক ফেলে বুজে গেল চোখ। ইন্না লিল্লাহি...বলে উঠলেন কেউ একজন। আমি আব্বু বলে চিৎকার করে উঠলাম। তারপর চুপ করে গেলাম। আব্বুর কপালে হাত রাখলাম। কপালটা তখনো গরম ছিল। তারপর আব্বুর দেহটা আস্তে আস্তে ঠান্ডা হয়ে গেল।
১৪ অক্টোবর, ২০১৪। আব্বু মারা গেলেন। আমার মা বিধবা হলেন। আমি বাবা হারা হলাম। আর এমন এক বাবাকে হারালাম, যাঁর মতো বাবা পৃথিবীতে আর একটিও নেই। একাই খেটে গেছেন। এক দিনও বাড়ির কাজে হাত লাগাতে দেননি। না গরুর দড়ি ধরেছি, না কোনো জমিতে গিয়েছি। অথচ আমি কিনা গ্রামের সন্তান!
এক বছর আট মাস হতে চলল। বাবাকে দেখি না। দেখি না ভুল কথা। এখনো দেখি। মাঝেমধ্যেই স্বপ্নে আমাদের দেখা হয়। আমি বাবাকে জড়িয়ে ধরি। এ জড়িয়ে ধরায় যে কত শান্তি, কত ভালো লাগা লেগে থাকে, সেটা আমি ছাড়া আর কারও বোঝার কথা নয়। সে যে এক স্বর্গীয় অনুভূতি!
মো. জুনায়েদ খান
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়নসিংহ