মনের বাক্স
ক্রিকেট ভালোবেসে
পাঠকের সুখ–দুঃখ, হাসি–আনন্দ, পছন্দ, ভালোলাগা, ভালোবাসাসহ যে কোনো না বলা কথা শুনতে চায় মনের বাক্স। প্রতি সপ্তাহে পাঠকের পাঠানো সেসব লেখা থেকে নির্বাচিত কিছু লেখা আজ প্রকাশিত হলো এখানে
আমি মানুষ ছিলাম
কুহু, আজ আমাদের প্রথম বিবাহবার্ষিকী। তোমার মতো একজন সৎ ও আদর্শবান স্ত্রী পেয়েছি, একজীবনে এর চেয়ে সৌভাগ্যের আর কিছুই হতে পারে না। তোমার প্রতি আমার সাতজন্মের ভালোবাসা।
তুমি একদিন জানতে চেয়েছিলে আমি কেমন দাম্পত্য যাপনে অভ্যস্ত হতে চাই, কিছুই বলিনি সেদিন। কারণ, তুমি যেটা শুনতে চেয়েছ, সেটার উত্তর আমার কাছে শুধুই উত্তর নয়, আমার ইচ্ছা। আজ বলছি, পুরুষত্বের অহংবোধ নিয়ে দাম্পত্য যাপনের কোনো ইচ্ছাই আমার নেই। জীবনে বাস্তবিক সংঘাত, রাগ-অনুরাগ ও মান-অভিমান আর নানা টানাপোড়েন থাকবেই। তবু দিন শেষে সবকিছু ছাপিয়ে অন্তত তুমি বলবে, ‘আমি মানুষ ছিলাম।’
সফিকুল সুজন, মির্জাগঞ্জ, পটুয়াখালী
ক্রিকেট ভালোবেসে
ক্রিকেট আমার খুব প্রিয় একটি খেলা। যেটা আমি দেখেও মজা পাই, খেলেও মজা পাই। আমি একজন খুদে ক্রিকেটার। বর্তমানে আমি চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে ক্রিকেট খেলায় প্রশিক্ষণ নিচ্ছি। বাংলাদেশ কিছুদিন আগে অস্ট্রেলিয়ার সঙ্গে দুর্দান্ত খেলেছে। আমরা চাই টাইগাররা এভাবে গর্জে উঠুক। টাইগাররা এভাবে খেললে ক্রিকেটের প্রতি আমাদের আত্মবিশ্বাস ও ভালোবাসা বেড়ে যায়। কিন্তু আমার প্রিয় ক্রিকেটার মুশফিক ভাইয়াকে খুব মিস করেছি। আশা করি, পরের ম্যাচগুলোতে মুশফিক ভাইয়ার পারফরম্যান্স দেখতে পাব।
শুধু খেলাধুলা নয়, অসহায় শিশুদের পাশে ভাইয়ারা যেভাবে এগিয়ে আসেন, তা আমাদের অনুপ্রেরণা জোগায়। আমিও একদিন এ দেশের মানুষের পাশে দাঁড়াব, দেশের জন্য খেলব। বিশ্বকাপে বাংলাদেশ গর্জে উঠুক, এই প্রার্থনা করছি।
শারমিন আক্তার, শিক্ষার্থী, চট্টগ্রাম
অচেনা আমি
প্রিয়তম, নাম না জানা এক ঠিকানায় তোমার নামে চিঠি পাঠিয়েছি।
আবোলতাবোল কিছু অর্থহীন লেখা আছে খামের ভেতর। তোমার ব্যস্ত জীবনের গলিতে আমার এই অমূল্য চিঠি কবে তোমার হাতে পৌঁছাবে, তা জানা নেই। পৌঁছালে একটু পড়ে নিয়ো। উত্তরের অপেক্ষায় আমি নেই, শুধু চিৎকার করে একবার বলে দিয়ো তোমার চিঠি পড়া শেষ। আমি কান পেতে আছি, মেঘে মেঘে ভেসে এসে তোমার ওই উৎফুল্ল কণ্ঠের চিৎকার আমার কানে আসবে। হয়তো এখন নয়, বছর কয়েক পেরোব সেই চিঠিখানা হাতে পেতে। কলমের কালিগুলো হয়তো আবছা হয়ে যাবে। তোমার বোধ হয় আর আমাকে চেনা হবে না। আমি আবার হারিয়ে যাব ভিড়ের মধ্যে। প্রিয় তোমায় নিয়ে লেখা ওই উপন্যাসটা যত্ন করে তুলে রেখেছি, শেষ পাতাটা লিখতে গিয়ে হাত কাঁপছিল। কারণ, শেষ পাতায় তোমায় অন্য কারও হাতে তুলে দিয়েছিলাম। এত কিছু জানার পরেও আমি এখনো পথ চেয়ে আছি, তুমি ফিরবে। আশা করি, একদিন তোমার আর আমার দেখা হবে। আর তার পরেই আমার মৃত্যু হোক, সেটাই চাই।
নিরুপমা, রংপুর
বন্যা আসুক
ঋতুচক্রের যাওয়া–আসায় এবারও বর্ষা এল। কিন্তু বন্যা এল না। না আসুক, কার কী তাতে। বরং কেউ চাইবে না ডেকে ডেকে বাড়িতে বন্যা আনতে। তবে বন্যা না এলে যে আমার কিছু আসে–যায়, আমার অনেক ক্ষতি হয়।
তখন সোনালি সময় ছিল। যদিও অল্প সময়ের, তবে স্মৃতিগুলো অল্প নয়। সময়ের সঙ্গে তুলনা করে ছোট করা যাবে না, তা আমি চাইও না। ওগুলোকে সম্পদ মনে করে রেখে দিয়েছি নিজের ভেতর।
আপনি আসতে চাননি, তবু আমি আন্তরিক জোর করেছি। আমি কত বোকা; আপনার চাওয়াকে সম্মান করতে পারলাম না বরং অপমান করেছি। মন চাইলে ক্ষমা করে দিয়েন।
রাশেদ, দিনাজপুর
লেখা পাঠানোর ঠিকানা
অধুনা, প্রথম আলো, প্রগতি ইনস্যুরেন্স ভবন, ২০–২১ কারওয়ান বাজার, ঢাকা-১২১৫। ই-মেইল: [email protected],
ফেসবুক: facebook.com/adhuna.PA খামের ওপর ও ই-মেইলের subject–এ লিখুন