আব্বু যেন শাসন করতেই পছন্দ করেন। তাঁর চোখে কোনো দিন কোমলতার পরশ দেখিনি। মায়া, মমতা, প্রেম, ভালোবাসা, আদর—আব্বুর সংবিধানে এসবের বালাই নেই। তাই আব্বুকে খুব ভয় পেতাম। অভিভাবক বলতে আম্মুকেই জানতাম।
২০১০ সালের কথা। আমি এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেলাম। আনন্দের জোয়ার তখন আমার আকাশ-বাতাসে বইছে। কিন্তু তখনো আব্বু গম্ভীর। আম্মুর হাতে দুটি হাজারি নোট ধরিয়ে দিয়ে আমাকে দিতে বললেন। ব্যস, এতটুকুই।
কিন্তু পরের দিনের ঘটনার জন্য প্রস্তুত ছিলাম না। আব্বু আমাকে বললেন, ‘চল খোকা, বান্দরবান বেড়াতে যাই।’ আমি যেন আকাশ থেকে পড়লাম! আব্বুর মায়াভরা কণ্ঠ প্রথম শুনলাম। স্বপ্নের মতো মনে হলো। আমি কিছু না বলতেই আব্বু আবার জিজ্ঞেস করলেন, ‘কি যাবি?’ আমি ‘হ্যাঁ’ বলব নাকি ‘না’ বুঝতে পারছি না। অজান্তেই মুখ থেকে ‘হ্যাঁ’ শব্দটি বেরিয়ে এসেছিল।
বেলা দুইটা। আব্বু আর আমি বান্দরবান পৌঁছালাম। এক রেস্টুরেন্টে দুপুরের খাওয়া সেরে কিছুক্ষণ বসলাম। আমি বারবার আব্বুর দিকে তাকাচ্ছি, আর তাঁর সেই কঠোরতাকে খোঁজার চেষ্টা করছি। আজ মমতার একটি পর্দা টেনে কাঠিন্য ঢেকে রেখেছেন। হঠাৎ আব্বু বললেন, ‘খোকা, কী ভাবছিস? চল এবার উঠি।’ আমিও ‘কিছু না’ বলে উঠে দাঁড়ালাম।
প্রথমেই গেলাম স্বর্ণমন্দির। জায়গাটি আমার খুব পছন্দ হলো। আব্বুকে খুব ধন্যবাদ দিতে ইচ্ছে হলো। কিন্তু একরাশ সংকোচ এসে ভর করেছিল মনে। পরে ভেবেছি, থাক না হয় মনে মনেই বললাম।
আলমগীর, সরকারি কমার্স কলেজ, চট্টগ্রাম।