গানের সুরে রসনাবিলাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীতে এখন বেশ কিছু রেস্তোরাঁয় খাবারের সঙ্গে গানবাজনারও আয়োজন থাকে। ধানমন্ডির এমনই একটি রেস্তোরাঁ ফ্লেভারস মিউজিক ক্যাফেতে ভোজনবিলাসীরা আড্ডা, সুস্বাদু খাবার আর গানের সুরে উপভোগ্য সময় কাটাচ্ছেন l ছবি: প্রথম আলো
রাজধানীতে এখন বেশ কিছু রেস্তোরাঁয় খাবারের সঙ্গে গানবাজনারও আয়োজন থাকে। ধানমন্ডির এমনই একটি রেস্তোরাঁ ফ্লেভারস মিউজিক ক্যাফেতে ভোজনবিলাসীরা আড্ডা, সুস্বাদু খাবার আর গানের সুরে উপভোগ্য সময় কাটাচ্ছেন l ছবি: প্রথম আলো

খেতে তো আমরা নানা জায়গায় যাই। তবে খাওয়াটা যদি হয় কবিগুরুর ‘পুরনো সেই দিনের কথা’ কিংবা জগজিৎ সিংয়ের কোনো গজলের সঙ্গে? তাও আবার সরাসরি! ভোজনবিলাসীদের মধ্যে যাঁরা খাওয়ার পাশাপাশি গান শুনতে আগ্রহী, তাঁরা যেতে পারেন রাজধানীর মিউজিক ক্যাফেগুলোতে।
রাজধানীর ধানমন্ডি, বনানী, গুলশান ও উত্তরা এলাকায় চালু হয়েছে কয়েকটি মিউজিক ক্যাফে। রসনাবিলাসের পাশাপাশি মনের খোরাকও মেলে এসব ক্যাফেতে। তাই পরিবারের সদস্যদের সঙ্গে কিংবা বন্ধুরা মিলে একান্তে সময় কাটানোর জন্য দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে এসব মিউজিক ক্যাফে।
ধানমন্ডির ফ্লেভারস মিউজিক ক্যাফে এমনই একটি। প্রতি বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ছয়টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত খাওয়ার সঙ্গে সরাসরি গান শোনার আনন্দ মিলবে এ ক্যাফেতে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় দরজা ঠেলে ভেতরে ঢুকতেই আবছা আলোয় মন ছুঁয়ে গেল। ক্যাফে কর্তৃপক্ষ জানাল, এ আলো ক্ষণে ক্ষণে রূপ বদলায়। কখনো আকাশি নীল, কখনো আবছা হলুদ, কখনো আবছা লালের বিভা ছড়িয়ে দেয়।
সাড়ে ছয়টা বাজতেই শুরু হলো গান। ক্যাফের সাজসজ্জায়ও প্রাধান্য পেয়েছে সংগীতের অনুষঙ্গ। বসার ব্যবস্থাতেও আছে বৈচিত্র্য। গতানুগতিক চেয়ার-টেবিল নয়। আয়েশ করে বসতে ব্যবস্থা আছে আরামদায়েক সোফার। বন্ধুদের পাশাপাশি পরিবার নিয়ে খাওয়ার ব্যবস্থাও রয়েছে।
ফ্লেভারস মিউজিক ক্যাফের তিন উদ্যোক্তার একজন এস এম রাজন। তিনি জানালেন, আগে ধানমন্ডিতে মিউজিক ক্যাফে ছিল না। এখান থেকে অনেকেই গুলশান-বনানীর দিকে এমন রেস্টুরেন্টের খোঁজে যান। মূলত তাঁদেরকে লক্ষ্য করেই তাঁরা রেস্টুরেন্টটি করেছেন ১০ মাস আগে। তাঁদের এখানে ভোজনরসিক আর সংগীতপ্রেমীদের ভিড়টাও বেশ বলে জানালেন।
গত বৃহস্পতিবার রেস্টুরেন্টটিতে গিয়ে দেখা মিলল ব্যান্ড দল ঢাকা ১২০৭ এর। ‘পুরনো সেই দিনের কথা’ দিয়ে শুরু, এরপর তাঁরা একে একে গেয়ে শোনাল অরজিৎ সিংয়ের ‘জিয়া যায়ে না’, মাইকেল লার্নস টু রকের ‘টেক মি টু ইউর হার্ট, ‘তোমার খোলা হাওয়ায়’সহ আরও কয়েকটি গান। ক্যাফে কর্তৃপক্ষ জানাল, এখানে এর আগে গান গেয়েছে ফোর টু বিসি, লহর, অ্যাকটিভ রকার্স নামে কয়েকটি গানের দল।
আঁধার ঘনিয়ে দেখা গেল, বন্ধুরা যেমন দল বেঁধে আসছেন, অনেকে পরিবারের সঙ্গেও আসছেন। আমেরিকান দূতাবাসের চাকরিজীবী ফারাহ নাজের সঙ্গে কথা হয়। বাচ্চা ও বিদেশি দুই অতিথিকে নিয়ে এসেছিলেন। তিনি বললেন, এখানকার পরিবেশ আর খাবার ভালো লাগে বলে আসেন। আর গানটাকে বললেন বাড়তি পাওনা।
একসঙ্গে ৫০ জনের বসার ব্যবস্থা আছে রেস্টুরেন্টটিতে। খাবারের তালিকা ঘেঁটে দেখা গেল, বিদেশি খাবারের সমারোহটাই বড়। এখানে পাওয়া যায় থাই স্যুপ, সালাদ, পিৎজা, স্টেক, সিজলিং, বার্গার, স্যান্ডউইচ। এসব খাবারের দাম ১৫০ থেকে ৮৫০ টাকা পর্যন্ত। বিভিন্ন ধরনের ফলের জুসসহ সফট ড্রিংকসও পাবেন। এ ছাড়া চা-কফি, ফ্র্যাপি, স্মুদি, মকটেল পাবেন এখানে। এসব পানীয়ের দাম পড়বে ১১৫ থেকে ২৯৯ টাকা।
শুধু ধানমন্ডির ফ্লেভারস মিউজিক ক্যাফে নয়; বনানী, গুলশানেও আছে এমন আরও কয়েকটি রেস্টুরেন্ট। যেতে পারেন সেখানেও। বেইলি রোডের ক্যাফে ৩৩, উত্তরা এক নম্বর সেক্টরের ফায়ার অন আইস, বনানীর স্মোক মিউজিক ক্যাফে, অফ ট্র্যাক এবং তার্কাবাজ রেস্টুরেন্ট ও মিউজিক ক্যাফে। বসুন্ধরা আবাসিক এলাকার বাসিন্দারা যেতে পারেন সেখানকার চিলআউট মিউজিক ক্যাফেতে।