তবু পাশে থাকি

নির্ভরতার হাতছবি: সুমন ইউসুফ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিন সন্তানের জননী। তরুণ, সজীব, উচ্ছল এক মা। স্বামীকে প্রাণ দিয়ে ভালোবাসেন। তাঁর শরীরে বাসা বেঁধেছে ভয়ানক এক রোগ। কলোরেক্টাল ক্যানসার। লড়াই করতে তিনি প্রস্তুত। মনোবলও অটুট। হলো কলোন সার্জারি, পরে কয়েক ধাপে কেমোথেরাপি।

কিন্তু বিধিবাম, যকৃতে ছড়িয়ে পড়ল তাঁর ক্যানসার। সার্জিক্যাল অনকোলজিস্ট বললেন, সার্জারি করা যাবে না। পরিস্থিতি সায় দিচ্ছে না। অবস্থা শোচনীয় হতে থাকে। পার্শ্বপ্রতিক্রিয়াও খুব বেশি। এত যন্ত্রণা ও কষ্ট দেখে মত বদলালেন সার্জন। বোর্ড বসল। কী করা যায়, ঠিক করতে সব অনকোলজিস্ট বসলেন।

একদিকে ক্যানসারের যন্ত্রণা, অন্যদিকে চিকিৎসা না করতে পারার আফসোস। হতাশ, বিহ্বল, বিভ্রান্ত এই নারী ভাবলেন, যেভাবেই হোক, মনোবল ফিরিয়ে আনতে হবে। নিজেকে লিভার সার্জারির জন্য প্রস্তুত করতে হবে। পরিবারের সামনে খুবই শান্তভাবে বসলেন। বললেন, ‘হ্যাঁ, আমার ক্যানসার হয়েছে। আমাকে এখন বলো কীভাবে একে পরাজিত করব। আমাকে কী করতে হবে?’ সে সময় প্যালিয়েটিভ কেয়ারের শরণাপন্ন হন তিনি। গুরুতর মরণাপন্ন রোগীদের বিশেষায়িত সেবা হলো এই প্যালেয়েটিভ কেয়ার। গুরুতর অসুস্থতার উপসর্গ, ব্যথাবেদনা ও চাপ কমানোর দিকে এই সেবার বিশেষ নজর থাকে। এর মূল উদ্দেশ্য হলো, রোগী আর পরিবারের জীবনের মান উন্নত করা। শেষ পর্যায়ের ক্যানসারের কষ্ট কমায় এই প্রশমন সেবা।

যেভাবে এই ধারণা

প্যালিয়েটিভ কেয়ার প্রথম শুরু হয়েছিল ধর্মীয় সেবা হিসেবে। গির্জার সন্ন্যাসীরা এই সেবা দিতেন। অসুখের প্রান্তিক পর্যায়ে যাঁরা, তাঁদের কষ্ট প্রশমন করতে ব্রিটিশ চিকিৎসক সিসেলি সন্ডার্স আনুষ্ঠানিক হস্পিস (ধর্মশালা) প্রতিষ্ঠা করেন। প্যালিয়েটিভ কেয়ারের গূঢ় দর্শন ছিল, মরণাপন্ন রোগীর উপসর্গের কার্যকর নিয়ন্ত্রণ করে মনোগত আর আত্মিক সেবা দিয়ে তাঁর জীবনের গুণগত মান বাড়ানো।

অন্তিম পর্যায়ে রোগীর দুঃখ–কষ্ট ভুলিয়ে রাখাও একধরনের চিকিৎসা। প্রতীকী এই ছবিতে মডেল হয়েছেন মার্সিয়া ও মাহফুজুর রহমান
ছবি: সুমন ইউসুফ

গুরুতর দুর্ঘটনায় আহত রোগী আর প্রাণসংশয়ী অসুখ যাঁদের, তাঁদের জীবনের মান উন্নত করতে ভূমিকা রাখায় ১৯৯০ সালে এসে বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্যালিয়েটিভ কেয়ারকে স্বতন্ত্র স্পেশালিটি হিসেবে স্বীকৃতি দেয়। অন্তিমপর্যায়ের এমন রোগীদের অনেক সময় বাড়িতে রেখেও প্যালিয়েটিভ কেয়ারের মাধ্যমে অসহ্য যন্ত্রণা কমানোর পাশাপাশি মানসিক ভরসা দেওয়ার চেষ্টা করা হয়।

এই তো জীবন

চিকিৎসকেরা আগে মুমূর্ষু রোগীদের আত্মীয়দের ডেকে বলতেন, রোগীকে নিয়ে যান, যা খেতে চান খাওয়াবেন আর আনন্দে রাখবেন। ক্যানসারের অন্তিমপর্যায়ে রোগী অনেক সময় স্রষ্টার কাছে বারবার মৃত্যুর আরজি জানান। জটিল অসুখের কথা শুনলে অনেক কাছের মানুষও রোগীকে এড়িয়ে চলেন। এসব সমস্যার সমাধান দিতেই প্যালিয়েটিভ কেয়ার। অনেকে এই সেবার সঙ্গে টার্মিনাল কেয়ারকে গুলিয়ে ফেলেন। তবে দুটি বিষয় এক নয়। রোগীর আয়ু যখন পারতপক্ষে কয়েক সপ্তাহ, তখন তিনি টার্মিনাল কেয়ারের রোগী। আবার ক্যানসার বা অন্তিমপর্যায়ের রোগী, যাঁরা কিছুদিন বাঁচবেন, কিন্তু কষ্ট-যন্ত্রণা আছে, তাঁকে দিতে হয় প্যালিয়েটিভ কেয়ার বা অ্যাকটিভ টোটাল কেয়ার। উদ্দেশ্য হলো, রোগী যে কদিন বাঁচবেন, যেন ভালোভাবে বাঁচতে পারেন।

‘যতক্ষণ শ্বাস ততক্ষণ আশ’, এ কথা আমরা চিকিৎসকেরাও বলি। তাই সব রোগীর অন্তিমপর্যায়েও যেন ভালো যায়, সেই চেষ্টা করে যেতে হবে। মরণ এলে তাকে বরণ করে নিতে হয়, এটা অনিবার্য। তবু আমরা চাই, শান্তিতে মরতে আর এ জন্য সাহায্য করতে পারে প্যালিয়েটিভ কেয়ার।

যেভাবে দেওয়া হয় প্যালিয়েটিভ কেয়ার

অন্তিমসময়ে মানুষ চায় একটু আরাম, স্বস্তি ও ভালোবাসা। চায় যত্ন ও সম্মান। যার জন্য দরকার পড়ে বিশেষায়িত এই সেবা। রোগের যন্ত্রণা ও শারীরিক অন্যান্য সমস্যা যত দূর সম্ভব লাঘব করতে কাজ করে চিকিৎসক, নার্স ও প্রশিক্ষিত একটি দল। প্রয়োজনে ওষুধ দিতে হয় বিশেষজ্ঞের পরামর্শে, দরকার পড়ে পুষ্টিবিদের পরামর্শও। তাই এই সেবাকে একটি সমন্বিত সেবাও বলা চলে। অনেক ক্ষেত্রে এমন প্রান্তিক পর্যায়ের রোগীদের শরীর ও মনের উপসর্গ সামাল দেওয়া কেবল নয়, মনোবল বাড়ানোর জন্যও কাজ করতে হয়। কাউন্সেলিং করানোর মাধ্যমে এই সেবা দিতে হয়। এই সময়ে অনেক রোগীর নিশ্বাসের কষ্ট হয়, অসহ্য যন্ত্রণায় অনেকে বমি করেন, দেখা দেয় অবসন্নতা, ক্লান্তি, অনিদ্রা। এসবের জন্য কেবল ওষুধ নয়, নিউট্রিশন থেরাপি, ফিজিক্যাল থেরাপি, ডিপ ব্রিদিং ইত্যাদিও দিতে হয়।

মনোবল বাড়ানোর পাশাপাশি পুষ্টির দিকটাও খেয়াল রাখতে হয়
প্রতীকি ছবিটি তুলেছেন সুমন ইউসুফ

প্যালিয়েটিভ কেয়ারের প্রথম শর্ত, ভালোবেসে চরম সংকটাপন্ন রোগীর পাশে দাঁড়ানো। শুধু রোগীই নয়, আত্মীয়স্বজনও এই সময় মুষড়ে পড়েন, তাঁদেরও তখন মনোবলের দরকার পড়ে। তাঁদের মনেও শান্তি জোগানো, স্বস্তি দেওয়ার কাজ করে বিশেষ এই সেবা। দুঃখকষ্টের মধ্যেও জীবনমান উন্নয়নে ইতিবাচক ভাবনা তৈরির সুযোগ দেয় প্যালিয়েটিভ কেয়ার।

রোগীর আগ্রহ বুঝে তাঁর প্রিয় কাজগুলোর মধ্যে ডুবিয়ে রাখতে চেষ্টা করা হয়। হয়তো কোনো রোগীর বাগান করার খুব শখ, কিন্তু শরীর সেটা সায় দেয় না। তাঁর পাশে প্রশিক্ষিত স্বাস্থ্যকর্মী বা স্বেচ্ছাসেবী থাকলে এই কাজও তিনি করে দিতে পারবেন। এই সেবায় রোগীর পাশে থেকে বই পড়ে শোনানো, গল্প করা, দেশ-বিদেশের নানা বিষয় (আগ্রহ বুঝে) নিয়ে রোগীকে ব্যস্ত রাখার চেষ্টা করা হয়। ছোটবেলা থেকে পুষে রাখা একটি স্বপ্ন এই সময়ে রোগীকে দিয়ে পূরণ করিয়ে নিতে পাবেন স্বেচ্ছাসেবক। এতে রোগীর মন ভালো থাকবে, নিজেকে নিয়ে ব্যস্ত থাকায় অসুস্থতাও দমিয়ে রাখা যাবে।

কোথায় পাবেন এই সেবা

আমাদের দেশে প্যালিয়েটিভ সেবা এখনো খুব বেশি গড়ে ওঠেনি। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) একটি প্যালিয়েটিভ কেয়ার ইউনিট আছে। ২০১১ সালে প্রতিষ্ঠিত এই বিভাগে আছে অন্তর্বিভাগ, বহির্বিভাগ ও পরামর্শ সেবা। নিয়মিত সেখানে ভিড় করছেন অনেক রোগী, আর এতে বোঝা যায়, এ রকম প্রান্তিক সেবা এ দেশে কত প্রয়োজন। এ ছাড়া জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের বহির্বিভাগে সীমিতভাবে আছে প্যালিয়েটিভ কেয়ার সেবা। কিছু প্রতিষ্ঠান বেসরকারিভাবে প্যালিয়েটিভ কেয়ার সেবা চালু করেছে। দেশে কিছু হোমকেয়ারও আছে, যা বেশ ব্যয়বহুল। প্রয়োজনের তুলনায় সেটা অপ্রতুল। রোগী যে হারে বাড়ছে, সে জন্য এমন সেবার প্রসার খুব জরুরি। তরুণেরা এই বিষয়ে উদ্বুদ্ধ হলে দেশে এই সেবা ভালোভাবে গড়ে তোলা সম্ভব।