কলেজ পাস করে আবার স্কুলে
আমার স্বপ্ন আর দৃঢ় ইচ্ছা দিনরাত ঘুমাতে দিচ্ছিল না। তাই সিদ্ধান্ত নিলাম নিজেকে গুছিয়ে সবার সামনে উপস্থাপন করতে হবে। ২০১৭ সালে এইচএসসি পরীক্ষা দিয়ে দেশসেরা বিদ্যাপীঠে ভর্তি হতে পারিনি। সেই কষ্টে ২০১৯ সালে আবার অষ্টম শ্রেণিতে ভর্তি হই। এখন ঢাকার একটি হাইস্কুলে দশম শ্রেণিতে পড়ছি। আমার স্বপ্ন দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠে পড়াশোনা করে দেশের সাধারণ মানুষের পাশে দাঁড়ানো। আমার যেসব বন্ধু বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়ে আমার সঙ্গে যোগাযোগ করা বন্ধ করে দিয়েছে, তাদের ব্যবহারে ভীষণ দুঃখ পেয়েছিলাম। তাই আমিও যে পারি, সেটার চেষ্টা করছি। কথায় আছে, ‘একবার না পারিলে দেখ শতবার।’ নিজে টাকা আয় করে পড়াশোনা করছি এখন। আশা করি, আমার দ্বিতীয় চেষ্টা ব্যর্থ হবে না।
শিশির মাহমুদ, ঢাকা
ভালোবাসলে ভালোবাসি বলতে হয়
আমরা কারণে–অকারণে, সময়ে–অসময়ে ভালোবেসে ফেলি। কিন্তু তা প্রকাশ করতে পারি না। কীভাবে প্রকাশ করব তা বুঝি না। এ জন্যই হাজারো ভালোবাসার ফুল ফুটে সুবাস ছড়ানোর আগেই ঝরে যায়। এভাবেই হারিয়ে যায় ভালোবাসা, হারিয়ে যায় ভালোবাসার মানুষ। ভালোবাসা চোখে প্রকাশ পেলেও তা সহজেই মুখে প্রকাশ করা যায় না। অনেকের ভালোবাসার সাহস আছে, তবে মুখে ভালোবাসি বলার সাহস নেই। কত শত সাহসীকে দেখলাম প্রেমিকার সামনে গেলেই ভিতু হয়ে যায়, হাটু কাঁপতে শুরু করে। মনের কথা মুখে আনার সাহস দেখানোই ভালোবাসার প্রথম পদক্ষেপ। প্রিয়তমার মুখোমুখি দাঁড়িয়ে ভালোবাসি বলতে পারাই তো প্রকৃত প্রেমিকের পরিচয়।
জোবায়েদ ইসলাম, জামালপুর।
সময় বদলায়, নাকি মানুষের মন বদলায়
সম্পর্কটা দূরত্বেই গাঢ় হয়ে উঠেছিল, আবার দূরত্বেই মলিন হয়ে যাচ্ছে বোধ হয়। কী অদ্ভুত, তাই না? সবকিছুই ঠিকঠাক চলছিল ডাকের রূপ বদলাতে বদলাতে, প্রথমে তুমি, সেখান থেকে তুই হয়ে আবার আপনি। ব্যস্ততা যেমন প্রিয় একটা শব্দ, আবার ভীষণ অপ্রিয়ও। কখনো মানুষ ব্যস্ত হওয়ার জন্য আকুল হয়ে ওঠে, আবার কখনো সেই ব্যস্ততাকেই বড় বিড়ম্বনা বলে মনে করে। প্রথম কলেজে অপরিচিত বান্ধবীর তালিকায় তুমি হওয়াই একে অপরের কাছে স্বাভাবিক। এরপর থেকে বদলেছে ডাকের ধরন। সম্পর্কটাও বদলে গেল, বান্ধবী থেকে বোনের জায়গা দখল। তবে অদ্ভুত বিষয় আজ পর্যন্ত আপনি ডাকটা আর পরিবর্তন হয়নি। সব খুনসুটি, আবেগ, ভালোবাসা, মায়া বোনের মতোই আছে। কিন্তু নেই শুধু সময়। আমাদের কথা হয় না আগের মতো, দেখাও হয় না ব্যস্ততায়। তবে ভালোবাসা একই আছে প্রিয় তানবিন আপু।
জেলি খাতুন, কুড়িগ্রাম
তুমি ছিলে নায়িকা পপির মতো দেখতে
তুমি দেখতে অনেকটা সিনেমার নায়িকা পপির মতো। সেই ঠোঁট, চোখ, চাহনি, উচ্চতা, গায়ের রং। প্রথম দেখাতেই আমি তোমার প্রেমে পড়েছিলাম। আমাদের বাড়িতেও টিউবওয়েল ছিল, তবু তোমাদের বাড়িতে পানি আনতে যেতাম। আসলে পানি নয়, তোমাকে একপলক দেখাই ছিল মূল উদ্দেশ্য।
তুমি ছিলে আমার মনোযোগী ছাত্রী। তোমাকে আমি বীজগণিত পড়াতাম। আমি তোমাকে অঙ্ক বোঝাতাম আর তুমি একধ্যানে পলকহীন আমার মুখের দিকে চেয়ে থাকতে। কিছু জিজ্ঞেস করলে উত্তর দিতে পারতে না, শুধু মুচকি হাসতে। আজ তোমার আমার মাঝে যোজন যোজন দূরত্ব। যেখানেই থাকো, ভালো থেকো।
শামীম শাহাবুদ্দীন, নান্দাইল, ময়মনসিংহ।
লেখা পাঠানোর ঠিকানা
অধুনা, প্রথম আলো, প্রগতি ইনস্যুরেন্স ভবন, ২০–২১ কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ই-মেইল: [email protected], ফেসবুক: facebook.com/adhuna.PA
খামের ওপর ও ই-মেইলের subject–এ লিখুন ‘মনের বাক্স’