তোমার ঘরে বসত করে কয়জনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কাকে ফেলে কার কাছে যাব এমন দ্বিধা সম্পর্কে জটিলতা তৈরি করে। মডেল: বর্ষা, নীল ও তৈয়বা। ছবি: সুমন ইউসুফ
কাকে ফেলে কার কাছে যাব এমন দ্বিধা সম্পর্কে জটিলতা তৈরি করে। মডেল: বর্ষা, নীল ও তৈয়বা। ছবি: সুমন ইউসুফ

স্কুলে পড়ার সময় সহপাঠী শর্মীর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে রিয়াদ। জানাজানি হয়ে গেলে দুজনের পরিবারই বাধা দেয়। কিন্তু গোপনে চলতে থাকে উত্তাল প্রেম। বছর কয়েক পর বিশ্ববিদ্যালয়ে এসে কালচারাল ক্লাবের তুখোড় সদস্য তানিয়াকে রিয়াদের ভালো লেগে যায়। তানিয়ার আবৃত্তি, গান করা-সবই মুগ্ধ করে রিয়াদকে।

কৈশোরে শর্মীর সঙ্গে প্রেমটা হয়েছিল ঝোঁকের মাথায়। ভাবাবেগ ছিল, ভাবাভাবি ছিল না। সময়ের সঙ্গে সঙ্গে এসেছে পরিপক্বতা, রুচি-পছন্দ বদলেছে। তাই তানিয়ার প্রতি মুগ্ধতা বেড়েই চলে। বেড়ে চলে একসঙ্গে সময় কাটানো। তানিয়াও রিয়াদের অনেক কিছুই পছন্দ করে। ওদিকে শর্মীর সঙ্গে রিয়াদের বোঝাপড়াটাও দারুণ। সে আগাগোড়া একনিষ্ঠ, প্রেমিক-অন্তঃপ্রাণ। এদিকে তানিয়া উচ্ছল। নানা বিষয়ে তার নজর। একসময় রিয়াদের প্রতি দুর্বলতা প্রকাশ পায় তানিয়ার আচরণে। কী করবে রিয়াদ! রিয়াদ গোপনে দুজনের সঙ্গেই প্রেম চালিয়ে যায়। দুজনকেই তার চাই! ভয়, আতঙ্ক, দ্বন্দ্ব, অপরাধবোধ, দুশ্চিন্তা আর দোটানায়
ওলট-পালট হতে হতে রিয়াদ মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ে।

একসঙ্গে দুজন?

প্রকৃতিগতভাবে মানুষের মধ্যে বহুগামিতা আছে। সামাজিক বিধিনিষেধ এই প্রবৃত্তিকে নিয়ন্ত্রণে রাখে। প্রেমিক বা প্রেমিকার যে আদল মানুষ লালন করে, তা কোনো একক মানুষের মধ্যে পাওয়া অসম্ভব। এই অপূর্ণতা, অপ্রাপ্তি থেকে অন্যের প্রতি আকর্ষণ জন্মায়। আবার সময়ের সঙ্গে সঙ্গে ব্যক্তিত্বে পরিবর্তন আসে, পছন্দ-অপছন্দ বদলায়। জন্মায় নতুন চাহিদা, বদলায় সঙ্গীর প্রতি অনুভূতি। কখনো সম্পর্কে শিথিলতা, একঘেয়েমি চলে এলে উত্তেজনা, মোহ ও বৈচিত্র্যের নেশায় নতুন সম্পর্কে জড়িয়ে পড়ে অনেকে। নতুন সম্পর্কের টানে পুরোনো সম্পর্ক চুকিয়ে ফেলে কেউ কেউ। কিন্তু অনেকেই তা পারে না। টানাপোড়েনে দ্বিখণ্ডিত হয়। পরিণতির কথা না ভেবে বিশ্বাস ভাঙে, সমান্তরালে চালিয়ে যায় দুটো সম্পর্ক। একাধিক সম্পর্কের ভারসাম্য রক্ষা করতে গিয়ে জীবনের অগ্রাধিকারের বিষয়গুলোতে পিছিয়ে পড়ে।

জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের মনোরোগবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক হেলাল উদ্দিন আহমেদ বলেন, একসঙ্গে দুটো সম্পর্ক চালিয়ে যাওয়া সুস্থ চর্চা নয়। সচরাচর একই সঙ্গে দুটো সম্পর্ক একজন তখনই চালিয়ে যেতে পারে, যখন কোনো বন্ধু, আত্মীয় বা সহকর্মীর সমর্থন, সহযোগিতা বা প্রশ্রয় থাকে। একাধিক সম্পর্ক অনেক অনুঘটকের সমন্বয়ে দ্বন্দ্বের সৃষ্টি করে, যা মানসিক চাপে পরিণত হয়। এর ফলে পরিষ্কারভাবে চিন্তা করার, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা লোপ পায়।

কার হাত ধরব

একসঙ্গে একাধিক সম্পর্ক সাময়িক উত্তেজনা দিতে পারে, তবে তা দীর্ঘ মেয়াদে জটিলতার জন্ম দেয়। দুজনকেই বঞ্চিত করে দুটো সম্পর্ক থেকে সুবিধা নেওয়া স্বার্থপরতার নামান্তর। হেলাল উদ্দিন আহমেদ জানালেন, কাকে বেছে নেবেন-এ নিয়ে সিদ্ধান্তহীনতায় ভুগলে দুটো সম্পর্ক থেকেই কিছুদিন দূরে থাকা উচিত। এতে খোলা মনে ভাবার অবকাশ পাওয়া যাবে।

নিজের মনকে বুঝতে হবে, যুক্তির আশ্রয় নিতে হবে। একসঙ্গে দুটো সম্পর্ক বজায় রাখার চিন্তা যে বাস্তবসম্মত নয়, তা নিজেকে বোঝাতে হবে এবং দ্রুত এ থেকে সরে আসতে হবে। অনেকেই বলে থাকে, একটি সম্পর্কে থাকা অবস্থায় আরেকটি সম্পর্কে জড়ালে দ্বিতীয় সম্পর্কটিকে বেছে নেওয়া উচিত। কারণ, প্রথম সম্পর্কটিতে ফাঁকফোকর না থাকলে দ্বিতীয় সম্পর্কটি ঢুকতে পারত না। এ কথা আংশিক সত্যি, পুরোপুরি নয়। যেকোনো সম্পর্কেই কিছু ত্রুটি থাকে, কোনো সম্পর্ক শতভাগ নিখুঁত হয় না, আর মানুষের মনও সব সময় সরলপথে চলে না। নতুন সম্পর্কটি নিছক আবেগতাড়িত কি না, তা কিন্তু ভাবার বিষয়। একা একা কূলকিনারা না পেলে বিশেষজ্ঞের দ্বারস্থ হওয়া যেতে পারে। সিদ্ধান্ত নেওয়ার পর লুকোছাপা না করে, দুজন সঙ্গীর কাছেই প্রকাশ করা উচিত। এত দিনের অবিশ্বস্ততা স্বীকার করে নিয়ে সততার সঙ্গে জানানো উচিত এখনকার অনুভূতি। প্রতারণা, মিথ্যা, অবিশ্বস্ততা যেকোনো বিবেকবান মানুষকেই নিজের কাছে ছোট করে, অপরাধবোধে মুষড়ে ফেলে। বিজ্ঞান ও পরিসংখ্যান বলে, খোলামেলা আলোচনাই শেষ পর্যন্ত সুফল বয়ে আনে।