পাই বা না পাই, ভালোবাসি!
তুমি শুধু আমার ভার্চ্যুয়াল জগতের কেউই নও, আমার ভালো থাকার কারণ। আমার মুখের হাসির উৎস। মাঝেমধ্যে তোমাকে ছুঁয়ে দিতে ইচ্ছা করে। তবে ভেবো না যে সারাক্ষণ তোমাকে ছুঁয়ে দিতে মন চায়। আজই প্রথম ইচ্ছা হলো। তাই শীতকালের শীতল বৃষ্টিতে হাত দুটো ভিজিয়ে নিলাম তোমাকে অনুভব করে। আমি তোমাকে কতটা অনুভব করি, তুমি জানো না। আমার মনের কোনো খবর তুমি জানো না, মাহি। যদি জানতে, তাহলে অবাক হতে। ভালোবাসি তোমাকে।
আব্বাস উদ্দিন, ফুলবাড়ী, দিনাজপুর
আম্মাকে খুব ভালোবাসি
আম্মা, আজ আপনাকে ভীষণ মনে পড়ছে। এই অচেনা শহরে আপনাকে ছাড়া সবকিছু আমার এলোমেলো লাগে। আপনার মতো আদর, শাসন করার কেউ এখানে নেই। শত চেষ্টা করেও এই পরিবেশে মানিয়ে নিতে পারছি না। আপনাকে ছাড়া আমার দমবন্ধ লাগে। তবু এসব প্রতিকূলতা পেরিয়ে আমি আপনার স্বপ্ন পূরণ করব। আমার জন্য দোয়া করবেন। ইতি, আপনার আদরের ছোট মেয়ে।
নাজমুন নাহার
প্রথম দেখাই শেষ দেখা নয়তো
এই প্রথম দেখা, এ–ই হয়তো শেষ। তোমাকে কাছ থেকে ছুঁয়ে দেখার খুব ইচ্ছা ছিল। তোমার সঙ্গে ক্যাম্পাসে হাঁটার ইচ্ছা ছিল। আমি হাঁটতে পেরেছি। শুধু অপূর্ণ রয়ে গেল আমাদের রেললাইনে হাঁটা। প্রিয়, একদিন এই অপূর্ণতাকে পূরণ করে আমাকে নাহয় ঋণী করে দিয়ো। ভালো থেকো সব সময়।
শারমিন আক্তার, সরকারি রাজেন্দ্র কলেজ, ফরিদপুর
আনব্লকের অপেক্ষায়
আচ্ছা, তুমি এখন যাকে বিয়ে করবে বলে পছন্দ করেছ, তার কী দেখে পছন্দ করেছ? আমাকে যেমন তোমার ভালো লেগেছিল চোখ দেখে। বলেছিলে, আমার চোখগুলো অন্য রকম। মিথ্যা প্রশংসা শুনে আমিও কেমন গলে গেলাম। তুমি বলেছিলে, পরিবারের চাপে বিয়ে করতে হচ্ছে, এই মিথ্যা কথাও বিশ্বাস করে নিয়েছিলাম। কথা ছিল বিয়ের দিন জানাবে, কিন্তু জানানোর বদলে আমাকে সব জায়গা থেকে ব্লক করে দিলে। হয়তো ভেবেছ, আমি ঝামেলা করব। আমি অবাক হয়েছি যে আমাকে তুমি চিনতে পারলে না। আমি এখনো এটাই বিশ্বাস করি, জোর করে কিছু হয় না। এখনো প্রতি ঘণ্টায় তোমার আইডি চেক করি, এই বুঝি আনব্লক করলে। কিছু প্রশ্নের উত্তর মেলে না।
রেবেকা সুলতানা
পেঁয়াজ খাও না শুনে অবাক হই
নাটকে এমন কিছু ঘটনা আছে, যেগুলো বাস্তব জীবনে আশা করাটাও একটা স্বপ্ন। জানি না সেই স্বপ্নকে ভেঙে কীভাবে তুমি এলে। এটাও জানি না যে কীভাবে আমি তোমার মায়ায় জড়িয়ে গেলাম। তবে আমার জীবনের সবচেয়ে দুর্ভাগ্য, এখনো আমি তোমাকে দেখিনি। কিন্তু তোমার ওই সুরেলা কণ্ঠ, তোমার উপস্থিতি, তোমার সঙ্গে কথা বলার মুহূর্তগুলোর সঙ্গে অন্য কিছু মেলানোর সুযোগ আছে কি? তুমি পেঁয়াজ খাও না, এটা শুনেও আমি অবাক হই। বিশ্বাস করো, আমার জীবনের সবটাই তোমার জন্য উৎসর্গ করব।
সাইফুল ইসলাম, ঢাকা কলেজ
লেখা পাঠানোর ঠিকানা
অধুনা, প্রথম আলো, প্রগতি ইনস্যুরেন্স ভবন, ২০–২১ কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ই-মেইল: [email protected], ফেসবুক: facebook.com/adhuna.PA খামের ওপর ও ই-মেইলের subject–এ লিখুন ‘মনের বাক্স’