প্রথম দিনেই মন জিতে নিলেন যে শিক্ষক
পাঠকের সুখ–দুঃখ, হাসি–আনন্দ, পছন্দ, ভালোলাগা, ভালোবাসাসহ যে কোনো না বলা কথা শুনতে চায় মনের বাক্স। প্রতি সপ্তাহে পাঠকের পাঠানো সেসব লেখা থেকে নির্বাচিত কিছু লেখা আজ প্রকাশিত হলো এখানে
ছেড়ে দেওয়ার জন্য হাতটা ধরিনি
প্রিয় শারিকা, দেখতে দেখতে অনেক দিন চলে গেল। আমরা দুজনের কেউ কাউকে দেখিনি। তবে তুমি কী জানো, তোমার ওই সুন্দর চোখ দুটো আমার খুব দেখতে ইচ্ছা করে। কেন জানি না, ওই চোখের দিকে তাকালেই জীবনের সব শান্তি খুঁজে পাই। আজ তোমার সঙ্গে যোগাযোগের কোনো রাস্তা না থাকায় মনের বাক্সকে মাধ্যম করলাম। আমাদের আদৌ মিলন হবে কি? এটাও জানি না যে আমার হাতের রেখায় তুমি আছো কি না। তবে আমার বিশ্বাস, আমি ভুল মানুষকে ভালোবাসিনি। তাই শত বিপদ এলেও তোমার ওপর আমার আস্থা কোনো দিনও কমবে না। আমার মোনাজাতে তুমি সব সময়ই ছিলে, আছো আর আজীবনই থাকবে। তবে কথা যখন দিয়েছি, কথা আমি রাখবই শারিকা। হাত ছেড়ে দেওয়ার জন্য তোমাকে ভালোবাসিনি। আজীবন এ হাতেই আগলে রাখব বলেই হাতটা ধরেছি। চিন্তা কোরো না। সামনে ভালো কিছু হবে বলেই আমার বিশ্বাস। কেন জানি না মন বলছে, আমরা শিগগিরই এক হতে চলেছি।
ফারহান চৌধুরী
আমাকে ধরেছে এক কঠিন অসুখ
প্রিয় জাহান, আমি হৃদ্রোগে আক্রান্ত। আজকাল শ্বাসপ্রশ্বাসে সমস্যা হচ্ছে। কিন্তু রোগের লক্ষণ সব সময় টের পাই না, তুমি সামনে এলেই শুধু ব্যাপারটা খেয়াল করি। শ্বাসপ্রশ্বাসের মাত্রা যেন সেকেন্ডের মধ্যেই বেড়ে যায়। তুমি ছাড়া বাকি সব ঝাপসা লাগে। আচ্ছা, তুমিই বলো, এটা কী হৃদয়ঘটিত জটিলতা নয়।
অর্ধচন্দ্রাকৃতির ওই ঠোঁটের হাসিটাই যেন আমার হার্টবিট নিয়ন্ত্রণ করে। ঠোঁটের নিচের তিলটা আমাকে ঘায়েল করে বারবার। আমার মতো কেউ কি তোমার চোখের মায়ায় ডুবেছে কখনো? ভালোবাসা প্রকাশ করতে না চাইলেও বারবার করে ফেলেছি, এসব কি আর লুকিয়ে রাখা যায়, বলো। সেমিকন্ডাক্টরের ব্রেকডাউন ভোল্টেজের মতো তুমি আমার হৃদয়ের তড়িৎ হঠাৎ বৃদ্ধি করে দিয়েছিলে বলেই তোমাকে আমি ব্রেকডাউন বলে ডাকি। হৃদয় উপকূলের প্রলয়ংকরী সুনামির বিরুদ্ধে আর কত কাল ডানা ঝাপটাব বলো?
শুভ্রনীল, এ কে এম সি কলেজ, নরসিংদী
সব ভালোবাসা প্রেম না
ডিয়ার বেস্ট ফ্রেন্ড, কেমন আছেন? যতটুকু দেখেছি, যতটুকু জেনেছি, তাতে আপনাকে নিয়ে প্রশংসা করব, এমন ভাষা হয়তো এখনো আবিষ্কৃত হয়নি। আপনাকে অনেক ভালোবাসি। সব ভালোবাসা প্রেম হয় না, কিছু ভালোবাসার নাম বন্ধুত্বও হয়। জানেন, আপনাকে নিয়ে আমার অনেক স্বপ্ন। যেদিন থেকে আপনার সঙ্গে পরিচয়, সেদিন থেকে আমার মধ্যে এক অন্য আমাকে খুঁজে পেয়েছি। যেদিন থেকে আপনার স্বপ্ন সম্পর্কে অবগত হয়েছি, সেই দিন থেকে নিজেই একটা গল্প লিখেছি। আপনার স্বপ্নপূরণের গল্প।
একটা কথা চুপিচুপি বলি, সাদাকালো জীবন–ক্যানভাসে রংধনু হয়ে এলে তুমি। জীবনটাকে রঙিন করে দিলে। হাতটা যখন ধরেছ, সারা জীবনের জন্য ধরে রেখো প্লিজ।
আতিয়া মাহজাবিন
প্রথম দিনেই মন জিতে নিলেন যে শিক্ষক
স্কুলজীবন পার করে এখন কলেজে। মনে রাখার মতো এক শিক্ষকের হাত ধরে শুরু হয়েছিল আমার প্রথম দিন। কলেজের নিয়ম ছিল চুল একদম ছোট করে আসতে হবে। আমার চুল ছিল একটু বড়, গেট থেকে স্যাররা ঢুকতে দিলেন না। কলেজজীবনের প্রথম দিনের স্মৃতি থাকবে না, ভেবে মন খারাপ হলো। স্যার বললেন, ‘চুল কেটে আসো, তাহলে ঢুকতে দেব।’ পকেটে হাত দিয়ে দেখি গাড়ি ভাড়া ছাড়া আর টাকা নেই। মন খারাপ করে বাসার দিকে ফিরছি, হঠাৎ সামনে এসে একজন বললেন, ‘দাঁড়াও!’ হাতে ৫০ টাকা দিয়ে দ্রুত চুল কেটে আসতে বললেন। অবাক হয়ে কিছু সময় তাকিয়ে ছিলাম। তাড়াতাড়ি চুল কেটে এসে নবীনবরণ অনুষ্ঠানে উপস্থিত হলাম। দিনটা খুবই ভালো কাটল। হাতে পাওয়া গোলাপটার দিকে চেয়ে মনে হলো, আজ এই বিশেষ দিনটি যাঁর জন্য হাতছাড়া হলো না, তাঁকেই গোলাপটা দেব। কিন্তু মানুষটার নাম জানি না। শিক্ষক তালিকা খুঁজে প্রায় আধা ঘণ্টা পর তাঁকে পেয়েছি।
আখিরুল ইসলাম, হিসাববিজ্ঞান বিভাগের শিক্ষক। গোলাপটা সেদিন স্যারের হাতে দিয়ে এসেছি। আর নিয়ে এসেছি একজন উদার মনের মানুষের ভালোবাসা। অনেক ভালো লাগছে যে আগামী দুই বছর আপনার মতো একজন মানুষের সঙ্গে কাটাব।
নয়ন শেখ, হাজী লাল মিয়া সিটি কলেজ, গোপালগঞ্জ