প্রেমেও হিসাব-নিকাশ!

কেউ একজন প্রস্তাব করে দিয়েছে প্রেমের। প্রস্তাবে সাড়া দেবেন কি দেবেন না, ভাবতে গিয়ে মাথায় চলে আসছে বিভিন্ন হিসাব–নিকাশ? কিংবা অনেক দিনের সম্পর্কে হুট করে অনীহা? কেন হয়?
নিশীতা (ছদ্মনাম) ভালো একটা বিষয়ে পড়ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। মুনতাসিরকে (ছদ্মনাম) তিনি অনেক দিন ধরেই চেনেন। হঠাৎ করে একদিন মুনতাসির ভালোবাসার কথা জানালেন নিশীতাকে। মুনতাসির পড়েন জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে এক কলেজে। পড়ালেখার ব্যাপারে খুব বেশি আগ্রহী নন। নিশীতা তাঁর কাছের কয়েকজন বন্ধুর সঙ্গে আলাপ করলেন বিষয়টা নিয়ে। সবার একই কথা—মুনতাসিরের সঙ্গে কি তার জীবনযাপন, মনমানসিকতা মিলবে? ওদিকে মুনতাসিরকেও তাঁর বন্ধুরা বলছেন নিশীতার চিন্তা মাথা থেকে বাদ দিয়ে দিতে। মুনতাসির-নিশীতা কেউ কাউকে মাথা থেকে বাদ দিতে পারছেন না। আবার দুজনই সম্পর্কে জড়ালে চিন্তাভাবনা করেই জড়াতে চান? মনের মাঝে চলছে কঠিন হিসাব–নিকাশ।
একসঙ্গেই চাকরি করছেন শোভন (ছদ্মনাম) আর সুস্মিতা (ছদ্মনাম)। কিছুদিন ধরে তাঁদের চেনাজানা। দুজনের কেউ একজন হয়তো এগোবেন সম্পর্কটিকে পরের ধাপে নিয়ে যেতে। সুস্মিতা ভাবছেন, শোভনের বেতন তাঁর চেয়ে বেশি। সামাজিক মর্যাদা, শিক্ষাগত যোগ্যতাতেও শোভনের পরিবার এগিয়ে। সুস্মিতার এগোনো কি ঠিক হবে? তিনি কি মানিয়ে নিতে পারবেন?
সায়মাকে জাওয়াদের (ছদ্মনাম) ভালোই লাগত। হঠাৎ করেই কিছুদিন ধরে সায়মাকে আর ভালো লাগছে না জাওয়াদের। এমন না যে সে অন্য কারও প্রেমে পড়ে গেছে। কিন্তু কেন যেন তার আর সায়মাকে ভালো লাগছে না। এত দিন কিন্তু সায়মাকে তার বেশ ভালোই লাগত। তারা একসঙ্গে ঘুরত, ফিরত, একজন আরেকজনকে তাঁদের ভালোও লাগত। কিন্তু হুট করে যে কী হলো! কী বলবে এখন সে সায়মাকে। হুট করে বলে দেবে যে তাকে আর তার জাওয়াদের লাগছে না? সায়মাই–বা ব্যাপারটা কেমনভাবে নেবে?

কেমন হয় প্রেমের হিসাব–নিকাশগুলো
একটা স্থায়ী সম্পর্ক গড়তে গেলে প্রথমেই যেকোনো একজনের মাথায় আসে ভবিষ্যতের কথা। এই সম্পর্কের ভবিষ্যৎ কী—তা নিয়ে ভাবতে শুরু করে মানুষ। হিসাব কষতে থাকে মস্তিষ্ক। প্রেমের সম্পর্কও অনেকটা তেমন। প্রেমের সম্পর্কে যদি ভবিষ্যৎ না থাকে, তাহলে অনেক সময় সেই সম্পর্ক অর্থহীন। ভবিষ্যতের অনিশ্চয়তা যদি অনেক বেশি হয়, তাহলে দেখা যায় সম্পর্কে জড়াতেই অনেকের অনাগ্রহ। পরিবারসহ সবাইকে খুশি রাখতে সঙ্গীর ব্যাপারে কিংবা সম্পর্ক নিয়ে নানা হিসাব–নিকাশ করতে হয় বৈকি। অনেকেই একে চরম সত্যি হিসেবে দেখেন।
কেমন হবে হিসাব–নিকাশ
এ সময়ের প্রেমের সম্পর্কগুলো দেখা যাচ্ছে হঠাৎ করেই হচ্ছে, আবার হুট করে ভেঙে যাচ্ছে। সম্পর্ক ভেঙে যাওয়ার পর কারণ জিজ্ঞাসা করলে বেশির ভাগ উত্তরই এমন—ওই সম্পর্কে জড়ানোটা ঠিক হয়নি, আরও চিন্তাভাবনা করা উচিত ছিল।
কাউকে দেখে ভালো লেগে যাওয়া, তার সঙ্গে কিছুদিন কথাবার্তা বলা আর তার সঙ্গে একটা সম্পর্কে জড়িয়ে যাওয়া আলাদা বিষয়। যার সঙ্গে সম্পর্ক হলো, বলা নেই কওয়া নেই, হঠাৎ একদিন তাঁকে ভালো লাগছে না। এমনটা দেখা যায়। এর কারণ, খুব ভালোমতো না জেনে সম্পর্কে জড়িয়ে যাওয়া।
বিশেষজ্ঞের মতামত
ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক সেলিম আহমেদ প্রেমের এই হিসাব–নিকাশের ব্যাপারে বললেন, ‘হিসাব–নিকাশ ব্যাপারটা আগেও ছিল, আগে দেখা যেত কোনো বিয়ের সম্পর্কের কথা বললে পাত্র-পাত্রীর বাবা-মা ছেলে বা মেয়ে কোথায় পড়ছে, কত আয় করছে, পরিবার কেমন, দেখতে কেমন ইত্যাদির হিসাব নিজেরাই কষতেন। কিন্তু শিল্পায়নের দিকে যত এগিয়ে যাচ্ছি আমরা, তত ব্যক্তি হিসেবে আত্মপ্রকাশ করছি। এখনকার তরুণদের অনেকের মনোভাব তো এমনই যে—আমার জীবন আমার মতো করেই অতিবাহিত করব। তাই একটা সম্পর্কের সুন্দর সুরক্ষিত ভবিষ্যতের কথা চিন্তা করে তারা প্রেমের আগেই বিভিন্ন হিসাব–নিকাশ শুরু করে। সেটা খারাপ কিছু নয় এবং এটি একটি দীর্ঘস্থায়ী সম্পর্কের জন্য সুন্দর জিনিস।
সম্পর্কে হঠাৎ অনীহা চলে আসার পেছনে তিনি দায়ী করেন দুটি বিষয়কে। এক. সম্পর্কে জড়ানোর আগে সঙ্গীর সম্পর্কে আরও ভালোভাবে না জানা। দুই. এমন অনেক ব্যাপার থাকে, যা পরে জানলে সম্পর্কে অনাগ্রহ চলে আসে।
সম্পর্কে একঘেয়েমি ভাব চলে আসার ব্যাপারে সেলিম আহমেদের মতামত হলো, একঘেয়ে ভাব সব সম্পর্কেই আসতে পারে। প্রেমেও এটা স্বাভাবিক। তবে এই একঘেয়েমি লাগলেই সঙ্গীকে ত্যাগ করা কোনো কথা হতে পারে না। নিজেরাই নিজেদের সম্পর্কে বৈচিত্র্য আনুন, একটু অন্যভাবে সময় কাটান। একঘেয়েমির কারণগুলো খুঁজুন। আর সম্পর্কটা যদি খুবই একঘেয়ে মনে হয়, অনেক চেষ্টা করার পরও যদি আপনি দেখতে পান, নাহ্! কিছুতেই আর আগের মতো থাকছে না বিষয়গুলো, তাহলে সঙ্গীর সঙ্গে খোলামেলা আলাপ করুন, দুজন মিলে সিদ্ধান্ত নিন।
সম্পর্কে সৎ থাকা
একটা সম্পর্ক শেষ পর্যন্ত পরিণতি পাবে কি না, সেটা বলা যায় না। হয়তো সঙ্গীর সঙ্গে আপনার কিছুই মেলে না, তবু দেখা গেল সম্পর্কটা পরিণতি পেয়ে গেছে। আবার দেখা গেল, সবকিছু মেলার পরও সম্পর্ক ভেঙে গেল। তবে হিসাব–নিকাশগুলো মিলিয়ে নিলে সম্পর্ক টিকে যাওয়ার সুযোগ বেড়ে যায় বৈকি। কোনো বিষয় নিয়ে খটকা লাগলে নিজের মনে ব্যাপারটা গোপন না রেখে তাঁকে জানান। সম্পর্কের ব্যাপারে সব সময় সৎ থাকুন।