ফেসবুক প্রভাব ফেলছে বাবা-মা আর সন্তানের সম্পর্কে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছেলেমেয়েরা এখন সারাক্ষণ মোবাইল নিয়ে পড়ে থাকে—বাবা-মায়েদের এখনকার অভিযোগ। ছবিটি প্রতীকী। —প্রথম আলো
ছেলেমেয়েরা এখন সারাক্ষণ মোবাইল নিয়ে পড়ে থাকে—বাবা-মায়েদের এখনকার অভিযোগ। ছবিটি প্রতীকী। —প্রথম আলো

ইন্টারনেট ছাড়া এখন জীবন চলে না। বিশেষ করে সামাজিক যোগাযোগমাধ্যম ছাড়া তো নয়ই। এত এত বন্ধু, অনুসারী, আর কতশত পোস্ট; এসব নিয়ে সে এক আজব রঙের দুনিয়া! এর টানে উঠতি বয়সে শিশু-কিশোরেরা এখন এই কৃত্রিম আড্ডার দুনিয়ায়। বাবা-মা বারণ করেন। কিন্তু কে শোনে কার কথা। অনেক বাবা-মা মেনেও নিয়েছেন। এমনি সামাজিক যোগাযোগমাধ্যমে সন্তানের সঙ্গে ‘বন্ধুত্ব’ও থাকে বাবা-মায়ের। কিন্তু ‘কৃত্রিম’ দুনিয়ায় সেই বন্ধুত্ব কেমন প্রভাব রাখে তাদের বাস্তব জীবনের সম্পর্কে?

ইতিবাচক ও নেতিবাচক দুই ধরনের প্রভাবই রয়েছে। ফেসবুকের কথাই ধরুন। সেখানে বাবা-মায়ের সঙ্গে সন্তানের বন্ধুত্ব হওয়ার পর কিন্তু দুই পক্ষের মধ্যকার সম্পর্কটা পাল্টে যায়। সন্তান ফেসবুকে কী করছে, কী দেখছে, কী পোস্ট করছে—তা জানতে বাবা-মায়ের উঠেপড়ে লাগাই স্বাভাবিক। কেননা সন্তান বাজে সংস্পর্শে পড়ুক, তা চাইবেন না কোনো বাবা-মা। এ কারণে ফেসবুকে ব্যবহার নিয়ে হয়তো প্রতিদিনই বাবা-মায়ের জেরার সম্মুখীন হতে হয় সন্তানদের।
এতে বাবা-মায়ের সঙ্গে তাঁদের সম্পর্কের সুর-তাল-লয় কিন্তু ঠিক আগের মতো থাকে না। একটা গুমোট পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হয় দুই পক্ষকেই। এর সমাধান কী?
বাংলাদেশের মতো দেশে এ সমস্যা আরও বেশি। বর্তমান প্রজন্মের বেশির ভাগ সন্তানের বাবা-মা বেড়ে উঠেছেন কিছুটা রক্ষণশীল পরিবেশে। এ কারণে তাঁরাও নিজ সন্তানকে সেভাবে মানুষ করতে চান, ঠিক যেভাবে তাঁরা বড় হয়েছেন। কিছু ক্ষেত্রে ছাড় অবশ্যই তাঁরা দেন। কিন্তু সন্তানের ভালো বা মন্দের সিদ্ধান্ত নেওয়ার ভার স্বাভাবিক কারণেই তাঁরা নিজেদের হাতে রাখতে চান।

সামাজিক যোগাযোগমাধ্যম নিয়ে বাবা-মায়ের দুশ্চিন্তার কারণগুলো খোঁজ নিয়ে দেখা গেছে:
* সন্তান এমন কিছু করছে না তো, যেটা তার ক্ষতি ডেকে আনছে?
* পড়াশোনার সময় কেড়ে নিচ্ছে না তো?
* কোনো অপ্রত্যাশিত সম্পর্কে জড়িয়ে পড়ছে কি?
* যাদের সঙ্গে মিশছে, তারা কারা?
* এ মাধ্যমের সূত্র ধরে অন্ধকার কোনো জগতে পা বাড়াচ্ছে না তো!
* আজেবাজে কোনো সাইট দেখার আসক্তি তৈরি হচ্ছে কি?
* জঙ্গিবাদ বা সন্ত্রাসী কোনো গোষ্ঠীর পাল্লায় পড়বে না তো?
* সারা দিন মোবাইল চোখের সামনে রেখে নিজের স্বাস্থ্যের ক্ষতি কি ডেকে আনছে?
* বইপড়া, ছবি আঁকা, গান শেখা, বিতর্কচর্চা...এসব সৃজনশীল কাজের সঙ্গে সম্পৃক্ততা কমে যাচ্ছে কি?

এই টেনশন থেকে বাবা-মায়েরা এখন ফেসবুকে সন্তানদের বন্ধু হয়ে থাকছেন। কিংবা গোপনে সন্তানের ওপর চোখ রাখার কৌশল শিখে রাখছেন। বাস্তব জীবনে সন্তানকে যেমন পূর্ণ স্বাধীনতা দেওয়া যায় না, তেমনি সামাজিক যোগাযোগমাধ্যমেও নয়। বাবা-মায়ের পক্ষে কোনো জায়গাতেই সন্তানের ওপর ২৪ ঘণ্টা নজরদারি করা সম্ভব না। বাস্তব জীবন কিংবা অনলাইন—এ দুটি জায়গাতেই শাসন ও স্বাধীনতার মধ্যে ভারসাম্য রক্ষা জরুরি। যদিও এটা বেশ কঠিন কাজ, যেখানে বয়ঃসন্ধিকালে পা রাখা সন্তানের সঙ্গে আস্থার সম্পর্ক গড়তে বাবা-মায়ের বেশ সময় লাগে।
তথ্যপ্রযুক্তির একটা সুবিধাজনক দিক হলো, এখন ফেসবুকে সন্তানের নানা রকম পোস্ট দেখে বাবা-মায়েরা অনেক কিছু বুঝে নিতে পারেন—তারা কোথায় কী করছে, কী পড়ছে, কিংবা কাদের সঙ্গেই বা ঘুরছে? অনেকে নিজের বাবা-মাকে ফ্রেন্ডলিস্টে নিতে নারাজ থাকে। আবার বাবা-মায়েরাও জোর করেন সন্তানের পাসওয়ার্ড নেওয়ার ক্ষেত্রে।
বাবা-মায়ের এমন নজরদারি আবার সন্তানদের গাত্রদাহের কারণ হয়ে দাঁড়ায় কখনো কখনো। তাঁদের সোজা কথা—এটা তো ব্যক্তিগত জীবনে সরাসরি হস্তক্ষেপ! সামাজিক যোগাযোগমাধ্যমে বাবা-মায়ের বন্ধুত্বের আমন্ত্রণ তো এক ধরনের ফাঁদ! বন্ধুত্বে জড়ালে তাঁরা আমাদের পোস্টে নানা মন্তব্য করবে, পরামর্শ দেবে এমনকি কোনো ব্যাপারে সন্দেহ হলে, সে ব্যাপারে তথ্য আদায়ের জন্য ফেসবুকেই চাপ সৃষ্টি করবে।
ফলে এখন অভিভাবক ও সন্তানের সম্পর্কে একটা নতুন চ্যালেঞ্জ এসে দাঁড়িয়েছে, আগে যেটা ছিল না।
আসলে দুই পক্ষেরই নিজস্ব যুক্তিগুলো অস্বীকার করার উপায় নেই। সন্তান হয়তো চায় না বাবা-মা তাকে সারাক্ষণ সামাজিক যোগাোযাগমাধ্যমে নজরদারির মধ্যে রাখুক। আবার বাবা-মাও চান না, সন্তান প্রযুক্তির সুবিধাগুলো নিয়ে নিজেকে বিকশিত করার বদলে ক্ষতি করুক।
এখানে ভারসাম্য রক্ষাটা ভীষণ জরুরি। বাস্তব জীবনের মতো সামাজিক যোগাযোগমাধ্যমেও সন্তান যেন তার বাবা-মাকে বন্ধু হিসেবে গ্রহণ করতে পারে, তা নিশ্চিত করা বাবা-মায়েরই দায়িত্ব। এ ক্ষেত্রে সন্দেহবাতিক না হয়ে বর্তমান পরিবেশ-পরিস্থিতি বুঝে চিন্তা করা উচিত। অন্যদিকে বাবা-মা যেন সামাজিক যোগাযোগমাধ্যমে সন্তানকে নিয়ে দুশ্চিন্তায় না থাকে, সেটা নিশ্চিতের দায়িত্ব সন্তানের।
সত্যিকারের দুনিয়ায় বাবা-মায়ের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক যেমন সন্তানের জন্য ভালো, সামাজিক মাধ্যমেও তাই। সবচেয়ে বড় কথা, সামাজিক যোগাযোগমাধ্যমে কেউ নিজের বাবা-মাকে নিয়ে কোনো পোস্ট দিলে তা দারুণ ইতিবাচক সাড়া ফেলে। সন্তানকে নিয়ে দেওয়া পোস্টেও তা-ই হয়। ফলে সেই ইতিবাচক পরিবেশটা আছেই। এখন সেটি কাজে লাগানো দুই পক্ষেরই দায়িত্ব।