
বন্ধু, তোমার পথের সাথিকে চিনে নিয়ো
মনের মাঝেতে চিরদিন তাকে ডেকে নিয়ো।
পরিবারের পর যে মানুষ সবচেয়ে কাছের, সে হলো বন্ধু। আর তাই বিশেষ এই মানুষের জন্য কিছু করতে পারলে মনটাও শান্তিতে ভরে ওঠে। সুখের বা দুঃখের দুই সময়েই কাছে থাকে যে বন্ধু, তার জন্য একটি বিশেষ দিন তো চাই। আগস্ট মাসের প্রথম রোববার বন্ধু দিবস। সেই হিসেবে এবারের তারিখটা ৭ আগস্ট। ঠিক করেছেন তো প্রিয় বন্ধুটির জন্য কী করবেন? প্রতিবছরই তরুণদের মধ্যে এই দিনটাকে নিয়ে দেখা যায় বাড়তি উৎসাহ। নানা ধরনের উপহার ছাড়াও অদ্ভুত অনেক কাণ্ড করেন তাঁরা, যার সবটাই প্রিয় মানুষটার প্রতি ভালোবাসা থেকে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী সিগমা জেরিন বলেন, ‘আমার কাছের বন্ধু জান্নাত। কলেজে পড়ার সময়ে বন্ধুত্ব হয়। তবে এখন দুজনে পড়ালেখা করছি ভিন্ন প্রতিষ্ঠানে। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আর জান্নাত কলকাতার রবীন্দ্রভারতীতে। দুটো দুই দেশে। গত বছরের বন্ধু দিবসে ঘরে ফিরেই দেখি জান্নাত আমার বাসায়। নিজের চোখকেই বিশ্বাস করতে পারছিলাম না। আমি ভাবতেই পারিনি যে জান্নাত এমন কাণ্ড করবে! শুধু আমাকে চমকে দিতেই তার এই পরিকল্পনা।’
অনেকের আবার এদিন জন্মদিন থাকতে পারে। গত বছর যেমন বন্ধু দিবসে জন্মদিন পড়েছিল সূচনার। বন্ধুরাও তাই বিশেষভাবে উদ্যাপন করল দিনটা। সূচনাকে চমকে দিতে ফরিদপুর থেকে ঢাকায় হাজির লামিসা। আগে থেকে পরিকল্পনামতো সমাজবিজ্ঞানের ছাত্রী সূচনার আবাসিক হলের সামনে তার সঙ্গে এলেন শাওন ও দোলা। কেক আর উপহার নিয়ে তাঁরা আনন্দে কাটিয়েছিলেন পুরোটা দিন। এবার তাই সূচনাই দায়িত্ব নিয়েছেন অন্যদের চমকে দেওয়ার। তবে সেটা এখনই ফাঁস করতে রাজি নন তিনি।
খুলনার বিএল কলেজের ছাত্র সৌরভ এবার একটা নৌকা ভাড়া করছেন বন্ধুদের জন্য। বন্ধু দিবসে রূপসা নদীতে ভেসে ভেসে কাটাবেন তাঁরা। এমনটাই ইচ্ছা। সৌরভ বলেন, ‘রমা আর ফরহাদ আমার সবচেয়ে কাছের বন্ধু। তাই ওদের জন্য এই বিশেষ আয়োজন আমার পক্ষ থেকে। সেদিনের দুপুরের খাবারটাও নৌকার ওপর করতে চাই।’
খণ্ডকালীন অফিস আর বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার কারণে বন্ধুদের সঙ্গে কম সময় কাটে তামান্নার। বন্ধুর যে সময় নেই, সেটা ভালোই জানেন তন্ময় ও সংগীত। তাই দুজনে মিলে পরিকল্পনা করেছেন বন্ধু দিবসের দুপুরে তাঁরা সোজা উপস্থিত হবেন তামান্নার অফিসে। তারপর সেখান থেকেই কোনো রেস্তোরাঁয় বসে একসঙ্গে খাবেন।
কেউ কেউ আবার বন্ধুর পছন্দের জিনিস, যেমন হাতঘড়ি, রোদচশমা, বই, ছাতা বা পোশাক কিনছেন। রঙিন মোড়কে সেটা ৭ আগস্ট পৌঁছে দেবেন বন্ধুর হাতে। ফারিয়া জামান তাঁর বন্ধু রুপার জন্য নিজের হাতে রান্না করবেন গরুর ঝাল মাংস। রোহান রাইয়ান যেমন তাঁর প্রবাসী ফয়জুরকে বন্ধু দিবসে ভিডিও বার্তা পাঠাবেন বলে ঠিক করে রেখেছেন। অনেকে আবার একসঙ্গে কাটানো ছবি দিয়ে অ্যালবাম তৈরির কাজ শুরু করেছেন বলে জানিয়েছেন। তো এবার আপনি কী করছেন বন্ধুর জন্য? সময় আছে মাত্র দুই দিন!