বসন্তদিনের চিঠি

পাঠকের সুখ–দুঃখ, হাসি–আনন্দ, পছন্দ, ভালোলাগা, ভালোবাসাসহ যে কোনো না বলা কথা শুনতে চায় মনের বাক্স। প্রতি সপ্তাহে পাঠকের পাঠানো সেসব লেখা থেকে নির্বাচিত কিছু লেখা আজ প্রকাশিত হলো এখানে

চিঠি লিখে প্রেম করেন এখনও অনেকে। মডেল: ওশিনছবি: অধুনা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একসঙ্গে বৃদ্ধ হতে চাই

বেশ কিছুদিন ধরে বিষণ্নতায় ভুগছিলাম। এমনই একদিন গ্রুপের মেসেজ চেক করছি। সেখানে এক সদস্যর শেয়ার করা একটা ছবিতে অনেকগুলো মেয়ের মধ্যে তোমাতে চোখ আটকে গেল। নিমেষেই উধাও মনখারাপ ভাব। ভালো লাগায় ভরে যায় মন। যে ভালো লাগাটা এখন ভালোবাসায় পরিণত হয়েছে। স্রষ্টার সুনিপুণ কারুকার্য তোমার ওই মুখশ্রী। তোমার ভুবনমোহিনী হাসি আমাকে ভালোবাসার শিকলে বন্দী করেছে। আমৃত্যু তোমার ভালোবাসা হতে চাই। একসঙ্গে বৃদ্ধ হতে চাই। হবে কি?

হাসান, ঢাকা কলেজ

মরীচিকা

আমার জীবনে ভালো কিছু খুব বেশিক্ষণ স্থায়ী হয় না। তুমিও বেশি দিন থাকলে না। অনেকটা রংধনুর মতো বাদল শেষে দেখা দিয়ে, খানিক পরে আচমকাই কিছু না বলে হারিয়ে গেলে। তোমাকে লেখা চিঠিগুলো পৌঁছাল না তোমার ঠিকানায়।

জীবনে অনেক কিছু হারিয়েছি, হারাতে হারাতে হারানোর অনুভূতিটাই ভোঁতা হয়ে গেছে। মন হয়ে গেছে কাঠের মলাট। যে কালো কাঠের মলাট উল্টে ভেতরকার কোমল, খুব যত্নে থাকা প্রেমের উপন্যাসটা পড়লে তোমার খুব ক্ষতি হয়ে যেত কি? চলেই যদি যাবে, তবে কেন এলে মরীচিকার মতো? না এলেই পারতে।

তাশদিদ তোহা, চুয়াডাঙ্গা

সুখী হও

জীবন কী অদ্ভুত। এত কিছুর পরও শুধু তোমাকেই মনে পড়ে। আজও শুধু তোমার অভাব বোধ করি। কারণ, তুমিই তো আমার সেই ভালোবাসা, যে আমাকে ভালোবেসেছে, হাসিয়েছে এবং পরিশেষে কাঁদিয়েছে। তারপরও ঠিক আগের মতোই কথা বলতে ইচ্ছা করে, দেখতে ইচ্ছা করে, ভালোবাসতে ইচ্ছা করে। কিন্তু তুমি তো আজ অন্য কারও! জানি তোমার কোনো দোষ নেই। সব দোষ আমার। সব ভুল আমি স্বীকার করি। পারলে ক্ষমা করে দিয়ো। শুধু চাই ভালো থাকো, সুখে থাকো।

আমিনুল ইসলাম, সিরাজগঞ্জ

রহস্যময় একজনকে

শরৎচন্দ্রের একটি লেখায় পড়েছি, ‘যে গোপনে আসিয়াছিল, তাহাকে গোপনেই যাইতে দিলাম। কিন্তু এই নির্জন নিশীথে, সে যে তাহার কতখানি আমার কাছে ফেলিয়া রাখিয়া গেল, তাহা কিছুই জানিতে পারিল না।’

আপনিও ঠিক তেমনি গোপনেই এসেছিলেন আমার জীবনে। আমার এই ১৮ বছরের জীবনে কখনো সরাসরি ভালোবাসা আসেনি। বর্তমান দুনিয়ায় একটি শব্দ জনপ্রিয়—ফ্লার্ট, ভালোবাসার অভিনয় যাকে বলে। আপনিও কি সেদিকেই গেলেন? তবু বিশ্বাস করুন, এই ছোট্ট মেয়েটি আপনার প্রতি দারুণ কৃতজ্ঞ। আমার ১৮তম বসন্তের শুভেচ্ছা আপনাকেই দিলাম! জানবেন, পৃথিবীর এক প্রান্তে আপনার একজন শুভাকাঙ্ক্ষী আছে।

নাম প্রকাশে অনিচ্ছুক, পটুয়াখালী

বসন্তদিনের চিঠি

প্রিয় সখী, এখনো তোমায় খুঁজে যাচ্ছি। আকাশে ভীষণ মেঘ করে এলে দূর আকাশের শঙ্খচিলও নিচে নেমে আসে। কিন্তু ক্রমশই তুমি আরও দূরে চলে যাচ্ছ। ঠিক সন্ধ্যা নামার মুখে কেমন করে যেন মিলিয়ে যাও গহিন অরণ্যে। তবু মন ভাবে তোমায় খোঁজা শেষ হয়নি। বৃষ্টির দিনে সেদিন ভীষণ মনে পড়ল। বৃষ্টি তো নয়, যেন বছরের প্রথম কোনো বিরহকাতর অধ্যাদেশ। টুপটাপ যত ফোঁটা ঝরেছে, তার থেকেও বেশি জমিয়েছে মনের ভেতর। বসন্তদিনও চলে গেল! কই তোমার গলার গোপন কলরব তো পাই না। সত্যিই কি বসন্ত এসেছে? বসন্ত কি কারও একার জন্য আসে? নাকি পোড়া হৃদয়ে বসন্ত আসা বারণ?

অপেক্ষায় থাকা এক শঙ্খচিল হয়ে পড়ে রইলাম।

মাইনুল, ব্রাহ্মণবাড়িয়া

লেখা পাঠানোর ঠিকানা

অধুনা, প্রথম আলো, প্রগতি ইনস্যুরেন্স ভবন, ২০–২১ কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।

ই-মেইল: [email protected], ফেসবুক: facebook.com/adhuna.PA খামের ওপর ও ই-মেইলের subject–এ লিখুন ‘মনের বাক্স’