
কথাসাহিত্যিক আহমাদ মোস্তফা কামাল। তাঁর ছেলে আহমাদ রাশিক তাহির। ঢাকার বিয়াম মডেল স্কুলে পড়ছে দশম শ্রেণিতে। আজকের অধুনায় থাকছে এই দুই প্রজন্মের কথা
১. কী খেতে ভালোবাসেন?
আহমাদ মোস্তফা কামাল: আমার প্রধান পছন্দ ভাত-মাছ। আমার মায়ের কিছু বিশেষ রেসিপি ছিল, যেমন ইলিশ-পিঠা বা কচু আর নারকেল দিয়ে তৈরি একধরনের খাবার, মা যত দিন বেঁচে ছিলেন, এগুলো রাঁধতেন। দারুণ পছন্দ করতাম এসব খাবার।
ছেলে: ভাতের সঙ্গে যেকোনো ধরনের মাছ, কখনোবা গরুর মাংস। পাঙাশ মাছ আমার খুব পছন্দের।
২. প্রিয় যে পোশাক...
আহমাদ মোস্তফা কামাল: বাসার বাইরে শার্ট-প্যান্ট এবং বাসার ভেতরে ফতুয়া ও টি-শার্ট।
ছেলে: ফতুয়া, তার সঙ্গে সাধারণ প্যান্ট।
৩. প্রিয় লেখক...
আহমাদ মোস্তফা কামাল: কবিদের মধ্যে অবশ্যই জীবনানন্দ দাশ। আরও আছেন শক্তি চট্টোপাধ্যায় ও শঙ্খ ঘোষ। দেশের কথাসাহিত্যিকদের ভেতরে আখতারুজ্জামান ইলিয়াস, মাহমুদুল হক, শহীদুল জহির; এ ছাড়া বিদেশি লেখকের কথা বলতে গেলে অবশ্যম্ভাবীভাবে বলতে হবে ফ্রানৎস কাফকা, আলবেয়ার কামু ও গাব্রিয়েল গার্সিয়া মার্কেসের নাম।
ছেলে: আমি আমার বাবার লেখার দারুণ ভক্ত। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ও আমার প্রিয়।
৪. প্রিয় রং...
আহমাদ মোস্তফা কামাল: আমার প্রিয় রং নীল।
ছেলে: গাঢ় নীল। লালও পছন্দ করি।
৫. অবসরে কী করেন?
আহমাদ মোস্তফা কামাল: গান শুনি, বই পড়ি। আর যদি বড়সড় অবসর মেলে তখন ঘুরতে চলে যাই।
ছেলে: বই পড়ি আর গান শুনি।
৬. রেগে গেলে কী করেন?
আহমাদ মোস্তফা কামাল: আমি রাগী মানুষ বটে, তবে এখন আর সেভাবে রাগতে চাই না। রেগে গেলে প্রথমত চুপ করে থাকি। পরে চিন্তাকে অন্যদিকে ঘুরিয়ে ফেলার চেষ্টা করি।
ছেলে: কিছুই করি না, চুপ করে থাকি।
৭. কোথায় বেড়াতে পছন্দ করেন?
আহমাদ মোস্তফা কামাল: পাহাড় ও সমুদ্র—দুই-ই আমাকে টানে। এরপরও বরিশাল অঞ্চলের বিভিন্ন জায়গায় বেড়াতে আমার খুব ভালো লাগে।
ছেলে: শহরের বাইরে যেকোনো জায়গায়ই বেড়াতে ভালো লাগে আমার। বিশেষ পক্ষপাত পাহাড় আর সমুদ্রের প্রতি।
৮. প্রিয় চলচ্চিত্র....
আহমাদ মোস্তফা কামাল: সত্যজিৎ রায়ের পথের পাঁচালী, এ ছাড়া ফরেস্ট গাম্প।
ছেলে: হলিউডের চলচ্চিত্র দ্য অ্যাকাউনট্যান্ট।
৯. যাঁদের অভিনয় ভালো লাগে...
আহমাদ মোস্তফা কামাল: দেশের ভেতরে হুমায়ুন ফরীদি, বিদেশে টম হ্যাঙ্কস।
ছেলে: হলিউডের বেন অ্যাফ্লেক ও ক্রিশ্চিয়ান বেল, বলিউডের হৃত্বিক রোশন এবং দেশের মোশাররফ করিম।
১০. পরস্পরের যে কাজটি ভালো লাগে
আহমাদ মোস্তফা কামাল: যেকোনো বিষয়ে নিজের বুদ্ধি-বিবেচনা ও বিশ্লেষণ কাজে লাগিয়ে বিষয়টির একটি ব্যাখ্যা দাঁড় করাতে পারে সাত্ত্বিক (ছেলের ডাকনাম)। এটা ওর খুব ভালো গুণ।
ছেলে: বাবা আমাকে যেকোনো ব্যাপারে খুব উৎসাহ দেন, আমাকে সমর্থন করেন—তাঁর এই কাজটি খুব ভালো লাগে। আর তিনি আমার সঙ্গে বন্ধুর মতো মেশেন, এটিও খুব ভালো লাগে।
সাক্ষাৎকার: আলতাফ শাহনেওয়াজ