
বাবা প্রত্যেক মানুষের মাথার ওপর ছায়ার মতো, বাবা এক পরম আশ্রয়—যাঁর হাত ধরে পাড়ি দেওয়া যায় দুস্তর পারাবার। বাবা মানুষের সামাজিক নিরাপত্তা, অর্থনৈতিক শক্তি আর সামাজিক পরিচয়। বাবাকে হারালে শুধু বাবার ভালোবাসা হারায় না, একসঙ্গে হারিয়ে যায় এই সবকিছুই। কিন্তু আমার ক্ষেত্রে ছিল কিছুটা ব্যতিক্রম।
যাঁরা আমার মাকে চেনেন তাঁরা জানেন, কী প্রচণ্ড সংগ্রামী এক মানুষ তিনি। বিয়ের আগে থেকেই মা ছিলেন কর্মজীবী। বাবাকে হারানোর পরে মায়ের পাশে, তাঁদের পূর্ণ মমতা নিয়ে পাশে দাঁড়িয়েছিলেন আমার মা ও বাবার দুদিকেরই আত্মীয়স্বজন। আমার নানি, দাদি, ছোট চাচা, ফুফু, মামা—সবার অনেক আদর-যত্নেই আমার আর আমার বোনের বড় হওয়া।
কিন্তু তারপরেও ছিল বুকভরা অভিমান আর প্রচণ্ড মানসিক দ্বন্দ্ব। তার কারণ ব্যক্তিগত নয়। ব্যক্তিগত অভাববোধকে আমি কখনো খুব গুরুত্ব দিতে চাইনি, যদিও তা আমাকে শিশুকালে কষ্ট দিয়েছে প্রচুর। বাবাহীন এই জীবনই আমার—এভাবেই নিজের জীবনকে গ্রহণ করেছিলাম। কিন্তু যে বিষয়টি আমি আজ অবধি কখনো মানতে পারিনি, বুঝতে পারিনি—তা হলো, যে দেশের জন্য বাবার মতো ৩০ লাখ মানুষ আত্মত্যাগ করলেন, যে দেশ আমার বাবা ও তাঁর মতো শহীদদের বলছে ‘জাতীয় বীর’—তাঁদের খুনিদেরই কীভাবে সে দেশ ক্ষমতার মসনদে বসাতে পারে? শহীদের রক্তে রঞ্জিত পতাকা কীভাবে কোনো দল বা রাজনীতিবিদ রাজাকারের গাড়িতে তুলে দিতে পারে? কীভাবে সম্ভব এই নিষ্ঠুরতার, এই দ্বিচারিতার?
আমার বাবার খুনি তথাকথিত ‘মাওলানা’ মান্নান, যিনি ইনকিলাব পত্রিকার মালিক ছিলেন, তাঁকে জিয়াউর রহমান প্রতিমন্ত্রী করেছিলেন, এরশাদ করেছিলেন পূর্ণ মন্ত্রী। আমি টেলিভিশন খুললে দেখতে পেতাম সেই খুনির বীভৎস মুখ। বাবাহারা ছোট্ট সেই মেয়েটির বুকের কষ্ট কি আপনারা বুঝতে পারেন? কী মানসিক নির্যাতন তাকে দগ্ধ করত, কেউ কি অনুধাবন করতে পারেন? এই দহন বুকে নিয়েই বড় হয়েছি, বেঁচে আছি।
নিজের এই ব্যক্তিগত কষ্টের চেয়েও বরাবরই বুকে বেশি বেজেছে আমার দেশের দুরবস্থা। বাবাকে আমার মনে নেই। আমার মনোজগতে দেশ আর বাবা একাকার হয়ে গিয়েছিল। যেই দেশের আকাঙ্ক্ষায়, যেই সোনার বাংলার স্বপ্ন দেখে বাবারা সংগ্রাম করেছেন চিরকাল, দিয়েছেন আত্মাহুতি—সেই দেশ যখন পঁচাত্তরের পরে হাঁটতে শুরু করল উল্টোপথে, সাম্প্রদায়িকতার ঘোমটা পরে হয়ে উঠল ‘মিনি পাকিস্তান’, সেই ব্যথা বুকে বেজেছে সবচেয়ে বেশি। যখন বোঝার বয়স হলো, মুক্তিযুদ্ধের আদর্শকে ধারণ করার বয়স হলো—তখন এক প্রচণ্ড হতাশা গ্রাস করল আমায়। এত ত্যাগ, এত রক্ত দান কি বৃথা হয়ে যাবে? তা কি হতে পারে? আজ গণজাগরণ-পরবর্তী বাংলাদেশে দাঁড়িয়ে সেই অন্ধকার দিনের কথা হয়তো তরুণ প্রজন্ম ভাবতেও পারবে না। কিন্তু আমরা বড় হয়েছি তেমনই এক বিকৃত ইতিহাসের প্রহসনে ঘেরা দিগ্ভ্রান্ত স্বদেশে। সেই হতাশা, সেই মনঃকষ্ট আশা করি আর কখনো কোনো প্রজন্ম জানবে না। কিন্তু আমরা কখনোই ভুলতে পারব না। আজ মুক্তিযুদ্ধের সুবাতাস যখন চারপাশে, তখনো মনটা প্রায়শই সেই কষ্ট আর হতাশার স্মৃতিতে ভার হয়ে ওঠে।
সর্বান্তঃকরণে প্রার্থনা করি, আর কোনো প্রজন্ম এই হতাশা না চিনুক, এই কষ্ট না জানুক—ওরা শুধু জানুক স্বাধীনতার গর্ব আর অহংকার। ওদের অহংকার দেখে ভুলে যাব সব অতীত বেদনা। ভবিষ্যৎ বাংলাদেশের জন্য শুভকামনা।
লেখক: শহীদ ডা. আলীম চৌধুরীর সন্তান, চিকিৎসক