ভারতে পুরুষরা বিবাহ বিচ্ছেদ চান যে কারণে...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

ভারতে বিবাহ বিচ্ছেদের হার এখনো বিশ্বের অন্য দেশগুলোর তুলনায় সবচেয়ে কম। কিন্তু দেশটিতে বিবাহ বিচ্ছেদের পরিমাণ বাড়ছে। শারীরিক বা মানসিক নির্যাতনকেই বেশির ভাগ বিচ্ছেদের কারণ হিসেবে উল্লেখ করা হচ্ছে। বিবিসি বাংলার খবরে এমনটাই বলা হয়েছে।
খবরে বলা হয়েছে, আদালতে যখন স্বামী-স্ত্রী বিবাহ বিচ্ছেদের মামলা নিয়ে যাচ্ছেন, তখন কোনো ধরনের নির্যাতনকে ‘মানসিক নির্যাতন’ হিসেবে গণ্য করা হবে, তা ঠিক করতে গিয়ে বিপাকে পড়ছেন বিচারকেরা। সাম্প্রতিক কিছু বিবাহ বিচ্ছেদের মামলায় স্ত্রীদের বিরুদ্ধে স্বামীরা এমন কিছু বিষয়কে ‘মানসিক নির্যাতন’ হিসেবে উল্লেখ করেছেন, যা বেশ কৌতুকের সৃষ্টি করেছে।
যেমন কারও অভিযোগ, তাঁর স্ত্রী বেশি বেশি পার্টিতে যান। এটা তার ওপর মানসিক নির্যাতনের শামিল। অপরজন বলেছেন, তিনি বিচ্ছেদ চান, কারণ তাঁর স্ত্রীর শারীরিক চাহিদা বেশি। আদালতে এ সব ব্যাপারে মামলা হয়েছে। এমন ​মামলা নিয়েই এই প্রতিবেদন তৈরি করেছে বিবিসি বাংলা।
খবরে বলা হয়েছে, একজনের স্বামী জাহাজের নাবিক ছিলেন। ওই ব্যক্তির অভিযোগ তার স্ত্রী কেবল পার্টিতে যান। এটা তার ওপর এক ধরনের ‘মানসিক নির্যাতন’। এই অভিযোগের ভিত্তিতে তিনি পারিবারিক আদালতে গিয়ে বিবাহ বিচ্ছেদ চেয়েছিলেন। আদালত তার আবেদন মঞ্জুরও করেন।
কিন্তু গত সপ্তাহে মুম্বাই হাইকোর্ট এই রায় উল্টে দিয়েছে। আদালতের মন্তব্য, স্বামী নিজেও যেখানে পার্টিতে যান, সেখানে স্ত্রীর পার্টি আসক্তিকে কোনভাবেই স্বামীর ওপর নির্যাতন বলে গণ্য করা যায় না।
খবরে বলা হয়েছে, বিয়ে ভেঙে যাওয়ার কারণ হিসেবে ‘যৌন মিলনবিহীন’ দাম্পত্য সম্পর্ককে অনেকেই কারণ হিসেবে উল্লেখ করেছেন। কিন্তু একজন স্বামী তাঁর স্ত্রীর যৌন আসক্তি খুব বেশি—এ জন্য বিবাহ বিচ্ছেদ চেয়েছেন। মামলায় তিনি উল্লেখ করেছেন, ‘স্ত্রীর অতিরিক্ত এবং অদমনীয় যৌন ক্ষুধার’ কারণে তিনি বিচ্ছেদ চাইতে বাধ্য হচ্ছেন। ওই স্বামীর আরও অভিযোগ, অসুস্থ অবস্থায়ও তাঁর স্ত্রী তাঁকে শারীরিক সংসর্গে বাধ্য করেছেন। যদি তিনি রাজি না হন, সে ক্ষেত্রে অন্যর সঙ্গে স্ত্রী শারীরিক সংসর্গে লিপ্ত হবেন বলে হুমকি দিয়েছেন। শুনানি শেষে মুম্বাইয়ের পারিবারিক আদালত স্বামীর পক্ষে অর্থাৎ বিবাহ বিচ্ছেদের পক্ষে রায় দেন।
ভারতে এখনো প্রস্তাবের মাধ্যমে অর্থাৎ ঘটকের মাধ্যমে পারিবারিকভাবেই ছেলে-মেয়ের বিয়ে হয়। এটাকে বলা হয় ‘অ্যারেঞ্জড ম্যারেজ’। কিন্তু আগে থেকে দেখা না হওয়া বর-কনের মধ্যে বিয়ের পর নানা সমস্যা সৃষ্টি হয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। পারিবারিকভাবে বিয়ে করা এক স্বামী বিবাহ বিচ্ছেদের মামলায় কারণ হিসেবে উল্লেখ করেছেন নজিরবিহীন একটি বিষয়, স্ত্রীর মুখের ব্রণ। ওই ব্যক্তির অভিযোগ, স্ত্রীর মুখের ব্রণ তার নিদারুণ মানসিক যন্ত্রণার কারণ হয়ে উঠেছে। মধুচন্দ্রিমায় গিয়ে স্ত্রীর মুখে ব্রণের দাগ দেখার পর তিনি আর এই সম্পর্ক এগিয়ে নিতে আগ্রহী হননি।
এ মামলায় চিকিৎসক অবশ্য স্ত্রীর পক্ষে সাক্ষী দিয়ে বলেছিলেন, ব্রণের সমস্যা চিকিৎসার মাধ্যমে দূর করা সম্ভব। কিন্তু আদালতের রায় ছিল, এ ক্ষেত্রে ব্রণের সমস্যা লুকিয়ে স্বামীর সঙ্গে স্ত্রী প্রতারণা করেছেন।