ভাষাশিক্ষা, আশাশিক্ষা ২

প্রতীকী ছবিছবি: পেকজেলসডটকম
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৩.
সপ্তাহখানেক গড়িয়েছে। যে ভাষাশিক্ষার দীক্ষা নিতে এখানে আসা, তার প্রতি কারও খুব একটা আগ্রহ নেই। জামালকে ক্লাসের আগে করিডরে ‘ধূমপান নিষেধ’ সাইনের নিচে বিড়ি ফুঁকতে দেখা যায়। এরিকার হিল জুতার ঠক ঠক শুনলে সে তাড়াহুড়োয় সিগারেট লুকিয়ে কূল পায় না। যেকোনো দিন কার্পেটে মোড়ানো মেঝেতে আগুন ধরিয়ে এই পাঁচতলা দালানটা পুড়িয়ে ফেলা এখন সময়ের ব্যাপার।

মোস্তফা ওরফে ‘মো’ বইপত্রের ধার না ধেরে মিনার্ভা নামের আফ্রোদিতির চারপাশে ঘুরে ঘুরে তাকে অতিষ্ঠ করে তুলছে। সেদিন যেচে পড়ে বলতে গেলাম, ‘দেখো, মেয়েটা গিয়ে এরিকার কাছে নালিশ ঠুকে দিলে তোমার বিনে পয়সার জার্মান শেখা শিকেয় উঠবে কিন্তু।’ জবাবে উল্টো সে আমাকে জ্যোতির্বিদ্যা শিখিয়ে দিল, ‘মিনার্ভা একটা গ্রহ আর আমি উপগ্রহ। মহাকর্ষীয় বল এড়াই কী করে?।’ ফিঁচেল হেসে কাঁধ ঝাঁকিয়ে সরে যায় মো।

আমিনা আর সারাহ লাঞ্চ ব্রেকের সময়টা কাজে লাগায় নারীকল্যাণ সংস্থাগুলোর অফিসে ফোন লাগিয়ে। আর কোথাও থেকে যদি কোনো সাহায্য মেলে। তাদের চাপা উৎকণ্ঠা দেখলে মায়া লাগে। তার ভেতরেও আমিনা এটা–ওটা বানিয়ে নিয়ে আসে সবার জন্য। আজকেও এনেছে। তুর্কি মসলা দেওয়া ‘খুসখুস সালাদ’। বড় এক চামচ গালে নিয়ে উসখুস বসে আছি। গলা দিয়ে নামছে না। ভালো মানুষ আমিনার কালো মানুষ জামাইটাকে একহাত দেখে নিতে পারলে তবেই না আরাম করে সালাদ খাওয়া যেত।
হোমওয়ার্কের পাতাগুলো সাদাই রয়ে যায়। লাঞ্চের সময়টা কাজে লাগালে ঠিকই শেষ করে ফেলা যায়। সেদিকে থোড়াই কেয়ার করে রাস্তার ওপাশে এশিয়ান রেস্তোরাঁ ‘ঠ্যাঙ লং’-এ চলে যাই লম্বা লম্বা পা ফেলে। ধোঁয়া ওঠা থাই রেড কারি নামিয়ে ফিরে এসে আধো ঘুমে কাটিয়ে দিই বাকিটা ক্লাস।

জার্মান খুব কঠিন ভাষা। এরিকা তো প্রথম দিনেই বলে দিয়েছে। সুতরাং, ‘সেহেনস্উর্দিকাইট’ মানে ‘দর্শনীয় স্থান’ আর ‘বুন্দেস্টাগস্ওয়াহল্’ হল গিয়ে ‘জাতীয় নির্বাচন’—ভাষাবিদ্যা এটুকুতেই আটকে রইল।

৪.
অথচ জার্মান ‘বে আইন্স’ বা ‘বি ওয়ান’ লেভেল পাস দেওয়াটা হাতের মোয়া না। এই সার্টিফিকেট ছাড়া কাজেকর্মে ডাক পাওয়া মুশকিল। মোদ্দাকথা, বাকি জীবন ‘কর্ম খালি নাই’ শুনে যাবার বিরাট আশঙ্কা।
দেখেশুনে এরিকার ধৈর্যের বাঁধ ভাঙতে বেশি দিন আর লাগল না। একদিন ব্যাকরণ বইটা দড়াম করে বন্ধ করে গলা খাঁকরি দিল সে, ‘হোমওয়ার্ক আর করতে হবে না আজকে থেকে।’ এমন ঘোষণায় চিন্তিত হবার বদলে একান–ওকান খুশিতে ছেয়ে গেলাম সবাই।

প্রতীকী ছবি
ছবি: পেকজেলসডটকম

খুশি মিলিয়ে যেতেও বেশি সময় লাগল না। হোমওয়ার্ক এখন ক্লাসওয়ার্ক হয়ে গেছে। জমা না দিয়ে বাড়ি যাওয়া যায় না। আর কলম চালানোর পাশাপাশি চোয়ালটাও চালাতে হচ্ছে সমানে। এরিকা একেকটা কাগজের গোলা ছুড়ে দেয় একেকজনের দিকে। কাগজে লেখা বিষয়ে প্রত্যেককে পাঁচ মিনিট অং বং বলে যেতে হয় জার্মানে।
আজকের খেলা সামান্য ভিন্ন। একটা থিম দিয়ে দিয়েছে এরিকা। চোখ নাচিয়ে সে বলল, ‘ধরো, আজকে বিকালে বন্ধুর জন্মদিনে দাওয়াত আছে। সেখানে যেমন খুশি তেমন সাজতে হবে। তো কে কী পরে যাবে, দুকথায় গুছিয়ে বলো তো।’

এই কয় দিনে কমবেশি সবার মুখ খুলে গেছে অল্পবিস্তর। সংকোচও বিদায় নিয়েছে কিছুটা। অদ্ভুত ব্যাকরণ আর কিম্ভূত উচ্চারণে গড়গড়িয়ে বলে গেল মিনার্ভা, সে কারুকাজ করা লাল-সাদা ঘেরওয়ালা ঐতিহ্যবাহী বলকান গাউন পরে সবাইকে ভড়কে দেবে। গলায় আর হাতে থাকবে রুপার ভারী গয়না। মিনার্ভাকে সে পোশাকে কল্পনা করে কয়েক মুহূর্তের জন্য কারও মুখে যেন কথা সরল না।

মিউনিখের যে স্কুলে জার্মান ক্লাস হতো
ছবি: লেখক

এবার কাগজের গোলা ছোড়া হলো মো-কে তাক করে। গোলাটা ক্যাচ ধরার ভঙ্গিতে চটজলদি লুফে নিলেও হাতড়ে হাতড়ে শব্দ খুঁজে জোড়া দিয়ে বাক্য গড়তে বেশ বেগ পেতে হলো তাকে। বার কয়েক ঢোঁক গিলে বহু কষ্টে বলে গেল, সে উন্টারহোজে আর ক্রাভাটে পরে বন্ধুর পার্টিতে যাবে।

আর সঙ্গে সঙ্গে ক্লাসের সবাই হো হো হাসিতে ফেটে পড়লাম টেবিল চাপড়ে। উন্টারহোজে-ক্রাভাটের ‘বঙ্গানুবাদ’ যথাক্রমে আন্ডারওয়্যার আর নেকটাই। ভোকাবুলারিতে দুর্বল মো ফ্যালফ্যাল তাকিয়ে থাকল। শব্দার্থটা বোঝাতে এরিকা বোর্ডে গিয়ে রাজার নতুন পোশাকের একটা ক্যারিকেচার আঁকল একটানে। ভুল ধরতে পেরে মো বেচারা লজ্জায় দেয়ালে মিলিয়ে যেতে চাইল। বিনোদনের কমতি নেই আমাদের এই হযবরল জার্মান ইশকুলে।

৫.
আনন্দ-বেদনা হাত যে ধরাধরি করে চলে, তার প্রমাণ মিলল দিন কয়েক পরেই। পেঁজা তুলোর মতো তুষার পড়ছিল সেদিন।

লাঞ্চের বিরতি চলছে। বেজার মুখে জামাল বসে আছে গাছের ছায়ায়। তার পাশে পেদ্রো, মো আর আরও জনা দুয়েক। কফি হাতে ফিরছিলাম। জবর শীতে জবুথবু দশা। গরম কফি ঠান্ডা মেরে শরবত হতে এক মিনিটও নেয় না। তা–ও কী ভেবে এগিয়ে গেলাম ঘোঁট পাকিয়ে বসে থাকা দলটার দিকে।

ফাঁকা ক্লাসরুম
ছবি: লেখক

পেদ্রোর মুখে ঘটনা শুনে দমে গেলাম। জামালের ফিটনেস স্টুডিওর চাকরিটা আর নেই। ম্যানেজার জবাব দিয়ে দিয়েছে। তিন মাস অপেক্ষার ধার ধারেনি সে। খামোখা ভাঙা জার্মান জানা সিরিয়ার এক রিফিউজি যুবককে কাজে রেখে কাস্টমার খোয়ানোর মানে নেই। নতুন বিজ্ঞাপন দিলে নাইট শিফটে কাজ করার লোক জুটে যাবে অগুনতি। ভাত ছড়ালে কাকের অভাব হয় না।

দিন শেষে জামাল, পেদ্রো, মো-আমরা সবাই যে একঝাঁক কাক এ দেশে আর চাকরির বিজ্ঞাপন যে এক থালা সাদা ভাত—এই তেতো সত্য জেনে মনটা বিষাদে ভরে গেল।
সেদিন জামালকে হাজার জোর করেও আর ক্লাসে নেওয়া গেল না। সে কানে বাখ-মোজার্ট গুঁজে গুঁড়িগুঁড়ি তুষারের ভেতর ঠায় বসে থাকল।

৬.
দেখতে দেখতে বি-ওয়ান পরীক্ষার দিনক্ষণ ঘনিয়ে আসছে দশ নম্বর বিপৎসংকেত হয়ে। আসল পরীক্ষার আদলে নকল ‘মক্-টেস্ট’ নেওয়া শুরু করল এরিকা। শোনা, বলা আর লেখা—এই তিন কাজে পাঁচ ইন্দ্রিয় বিক্রি করে দিলাম আমরা।

সবচেয়ে নড়বড়ে ছাত্র মো। সে–ও কোমর বেঁধে লাগল। আর জামালের উন্নতি চোখে পড়ার মতো। খসখস কলম চালিয়ে নির্ভুল জার্মানে দরকারি চিঠি লেখায় সে রীতিমতো ওস্তাদ বনে গেল। যেমন সে এক সপ্তাহের জন্য বার্লিন যাচ্ছে অফিসের কাজে। এ কয় দিন যেন প্রতিবেশী হের্ রিখটার দয়া করে বাগানের গোলাপগাছে পানি দিয়ে যায়। আর পোস্ট বাক্সে কাগজপত্র আসলে সেগুলো নিজের কাছে রেখে দেয়। বাক্সের চাবি পাপোশের নিচে রাখা আছে...ইত্যাদি। এরিকা সেই চিঠিগুলো আমাদের পড়ে শোনায় আর দরাজ হেসে বলে, ‘জামাল, তু তো কামাল কার্ দিয়া!’

আমিনা আর সারাহও সরকারি অফিসের নম্বর টেপা বাদ দিয়ে পরীক্ষার প্রস্তুতিতে মন দিল। ভালোমন্দ মিলিয়ে তাদের এগোনোটাও একেবারে খারাপ হলো না। এলেবেলে ক্লাসটা আস্তে আস্তে পাল্টে গেল মনোযোগী ছাত্রছাত্রীর দঙ্গলে; বাজি ধরে এ যাত্রায় পাস না করলে যাদের ভবিষ্যৎ কেঁচে গিয়ে ভূত হয়ে যাবে।

আরও পড়ুন

তারপর চলে এল মাহেন্দ্রক্ষণ। একমুঠো বলপেন বগলে চেপে ঢুকলাম পরীক্ষার হলে। সময় যে ডানা ঝাপটে কই উড়ে গেল, সে হুঁশ আর রইল না কারও।
বেঢপ হেডফোনটা কানে বসাতেই শুরু হয়ে গেল এ-নাইন্টিন হাইওয়েতে বাস উল্টে দুর্ঘটনা ঘটেছে। সেখানে কতগুলো গাড়ি দুমড়েছে। কয় গাড়ি পুলিশ আর অ্যাম্বুলেন্স এসেছে আর কজনের ঠ্যাং ভেঙেছে তার বিস্তারিত রেডিও নিউজ শুনে জবাব লিখতে হলো শূন্যস্থান পূরণের ফাঁকা জায়গায়।

এরপর লিখিত পরীক্ষার পালা। একটা চাকরির দরখাস্ত করে আর দ্বিতীয়টা বাড়ি ভাড়া চেয়ে চিঠি লিখতে গিয়ে কলম ভেঙে যাবার দশা।

শেষ পর্ব হিসেবে গোটা তিনেক ছবি ছড়িয়ে দেওয়া হলো টেবিলের ওপরে। মিনিটখানেক করে কথা বলতে হবে প্রতিটি ছবি ঘিরে। শপিং ব্যাগ কাঁধে তরুণীর ছবি দেখিয়ে নারী শিক্ষার সঙ্গে অর্থনৈতিক স্বাধীনতা মিলিয়ে ভংচং বলে চললাম পাঁচ মিনিট। তারপর জুটি বেঁধে দুজন দুজন করে বসিয়ে দেওয়া হলো। জার্মান খাবারদাবারের ভেতর কোনটা কার ভালো লাগে, তা-ই নিয়ে কথা চালাতে হবে। এই কথোপকথনেও নম্বর আছে। কী ভাগ্য, জুটি হিসেবে জুটল কিনা মো। আলাপের ভেতর উন্টারহোজে নিয়ে না এলেই হয়। কিন্তু না, অবাক করে দিয়ে সাবলীল আলাপ চালিয়ে গেল সে।

সবগুলো পাট চুকে গেলে একটা মাত্র কলম বাদে বাকিগুলো হারিয়ে যখন বেরিয়ে এলাম, তখন দেখি বাকিরা প্যাঁচামুখ নিয়ে দাঁড়িয়ে। পাস-ফেলের দোলাচল থেকে বেরোতে পারছে না কেউ। আমি নিজেও চেহারা করে রেখেছি আমচু বাংলার পাঁচ।
সপ্তাহখানেক পরের চিত্র। ক্লাসরুমে আবার সবাই। তবে এবার হাতে সার্টিফিকেট। সেখানে সোনালি-সবুজ কালিতে জ্বলজ্বল করছে, ‘বে-আইন্স’। জ্বলজ্বল করছে ক্লাসের পরিচিত সব মুখগুলোও। একজনও ফেল করিনি আমরা। এরিকা পরম মমতায় একেক জনকে চেপে ধরে দম বন্ধ করে দিচ্ছে। এই ভালোবাসার অত্যাচার সবাই উষ্ণ আলিঙ্গনে ফিরিয়ে দিলাম তাকে।

ছোটখাটো পার্টির আয়োজন হয়েছে। স্টেরিওতে সিরিয়ান পপ ছেড়ে দিয়েছে জামাল। তাতে পা মিলিয়ে বলকান সুন্দরী মিনার্ভা নাচছে মৃদুতালে। গালে হাত দিয়ে হাঁ করে সেদিকেই তাকিয়ে মো। ওদিকে পেদ্রো, সারাহ আর আমিনা মিলে এমাথা–ওমাথা টেবিল সাজিয়ে ফেলেছে। হরেক দেশি খাবারের ঘ্রাণে জার্মান ইশকুলের করিডর অবধি ভুরভুর করে উঠছে।

সবার অলক্ষ্যে সার্টিফিকেটটাও একবার নাকে টেনে নিলাম। কাগজের মচমচে ঘ্রাণ। আহ্, বে-আইন্স! (সমাপ্ত)

লেখক: পোস্ট-ডক্টরাল গবেষক: ইনস্টিটিউট অব প্যাথলজি, স্কুল অব মেডিসিন, টেকনিক্যাল ইউনিভার্সিটি মিউনিখ, জার্মানি