মা-ছেলে দুজনের পছন্দ কুমার বিশ্বজিতের গান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যন্ত্রসংগীতশিল্পী মিঠুন চক্রবর্তী। দেশ-বিদেশের অনেক খ্যাতনামা শিল্পীর সঙ্গে বাজিয়েছেন তিনি। সম্প্রতি তাঁকে গান গাইতেও দেখা গেছে। তাঁর মা চট্টগ্রামের আঞ্চলিক গানের জনপ্রিয় শিল্পী কল্যাণী ঘোষ। আজ দুই প্রজন্মে থাকছে এই মা-ছেলের পছন্দ-অপছন্দের কথা।
মা কল্যাণী ঘোেষর সঙ্গে মিঠুন চক্রবর্তী। ছবি: সুমন ইউসুফ
মা কল্যাণী ঘোেষর সঙ্গে মিঠুন চক্রবর্তী। ছবি: সুমন ইউসুফ

১. যাঁর গান শুনতে ভালো লাগে?

মিঠুন চক্রবর্তী: দেশ-বিদেশের অনেক শিল্পীর গান শুনতে হয়। দেশের মধ্যে প্রিয় শিল্পীরা হলেন কুমার বিশ্বজিৎ, জেমস, অর্ণব ও হাবিব। দেশের বাইরে মেহেদী হাসান, নুসরাত ফতেহ আলী খান ও সনু নিগমের গান বেশি শোনা হয়।

কল্যাণী ঘোষ: ছেলে ইদানীং গান গাইছে। তার গান ভালো লাগে। আরও ভালো লাগে কুমার বিশ্বজিতের গান। দেশের বাইরে প্রিয় লতা মঙ্গেশকর ও সন্ধ্যা মুখোপাধ্যায়।

২. পছন্দের গান?

মিঠুন চক্রবর্তী: এখনকার গানের মধ্যে ‘হৃদয়ে আমার বাংলাদেশ’ গানটি গুনগুন করে সব সময়ই গাই।

কল্যাণী ঘোষ: মাকে নিয়ে করা কুমার বিশ্বজিতের ‘একটা চাঁদ ছাড়া রাত আঁধার কালো’ গানটি আমার ভীষণ পছন্দ।

৩. পছন্দের সিনেমা?

মিঠুন চক্রবর্তী: পদ্মা নদীর মাঝি। যত দূর মনে পড়ছে, পাঁচ বছর বয়সে মায়ের সঙ্গে সিনেমা হলে বসে এই ছবিটি দেখেছি।

কল্যাণী ঘোষ: যে আগুনে পুড়ি, সুতরাং, আগন্তুক, নীল আকাশের নিচে ও পদ্মা নদীর মাঝি। এই ছবিগুলো বারবার দেখা হয়।

৪. যেখানে ঘুরতে ভালো লাগে?

মিঠুন চক্রবর্তী: কলকাতা আর লন্ডন। এই দুটি জায়গার সঙ্গে আমার অনেক স্মৃতিও রয়েছে। দেশের মধ্যে কক্সবাজার খুব ভালো লাগে।

কল্যাণী ঘোষ: আমি তো চট্টগ্রামের মানুষ। বাড়ির পাশে ফয়’স লেকে ঘুরতে বেশি ভালো লাগে।

৫. পাহাড় না সমুদ্র—কোনটি বেশি পছন্দ?

মিঠুন চক্রবর্তী: আমাকে পাহাড় বেশি টানে।

কল্যাণী ঘোষ: সমুদ্রে আমার ভীষণ ভয়। পাহাড় দারুণ পছন্দ।

৬. প্রিয় খাবার?

মিঠুন চক্রবর্তী: বিরিয়ানি, সাদা ভাত ও শুঁটকি। মা সবচেয়ে ভালো রান্না করেন চিংড়ি ও লইট্টা মাছ।

কল্যাণী ঘোষ: সাদা ভাত, শুঁটকি ও ইলিশ।

৭. প্রিয় পোশাক?

মিঠুন চক্রবর্তী: প্রায়ই আমার পায়জামা ও পাঞ্জাবি পরা হয়। আমার কাছে খুব আরামদায়ক পোশাক মনে হয় এই দুটিকে। মাঝেমধ্যে অবশ্য জিনস আর টি-শার্টও পরি।

কল্যাণী ঘোষ: শাড়ি পরতে বেশি ভালো লাগে। টাঙ্গাইলের তাতের শাড়ি পছন্দ।

৮. প্রিয় রং?

মিঠুন চক্রবর্তী: নীল রঙের প্রতি আমি বেশি দুর্বল।

কল্যাণী ঘোষ: আমারও পছন্দের রং নীল।

৯. দিনের মধ্যে কোন সময়টা বেশি ভালো লাগে?

মিঠুন চক্রবর্তী: ভোর হওয়াটা দেখতে ভালো। কারণ, গানের কাজ করতে করতে আমার প্রায় সময়ই ভোর হয়ে যায়।

কল্যাণী ঘোষ: পড়ন্ত বিকেল আমার বেশি পছন্দ।

১০. সংবাদপত্রে যা পড়তে ভালো লাগে?

মিঠুন চক্রবর্তী: প্রকাশের পর থেকেই প্রথম আলো পড়ছি। আগে পড়া হয় বিদেশের খবর। বিনোদন আর খেলার খবরও পড়তে ভালো লাগে।

কল্যাণী ঘোষ: আমাদের বাসায় প্রথম আলো রাখি। এটি আমার পরিবারের সবারই প্রিয় পত্রিকা। এই পত্রিকায় বিনোদন পাতা বেশি পড়ি। ‘আমার চট্টগ্রাম’ তো খুবই ভালো লাগে।

সাক্ষাৎকার: মনজুর কাদের