মা দিবসের উপহার

মায়েরা চিরন্তন ভালোবাসা ও আশ্রয়স্থল। আপনি অসুস্থ হয়ে পড়েছেন। মা কাছে থাকলে আর কোনো ভাবনা নেই, তিনি নিবিড় স্নেহের সঙ্গে পরিচর্যা করবেন। যাবতীয় বিপর্যয়ে মায়ের সান্নিধ্য অতুলনীয়। তাঁকে ছাড়া একটি দিনও কাটানো কঠিন। মায়ের জন্য বছরের একটি দিন বিশেষ কোনো আয়োজন রাখতে পারেন, যেহেতু আধুনিক ব্যস্ত জীবনে ইচ্ছে থাকলেও প্রতিদিন তাঁকে যথেষ্ট সময় দেওয়া অনেকের পক্ষে সম্ভব হয় না।
মা দিবসে মাকে নিয়ে তাঁর পছন্দের কোনো জায়গায় বেড়াতে যেতে পারেন। অথবা তাঁকে রান্না করে খাওয়াতে পারেন সাধারণ বা বিশেষ কোনো খাবার। মায়ের হাতে তুলে দিতে পারেন কোনো উপহার। সেটা কী হতে পারে? ফুল তো অবশ্যই ভালো। তবে উপহারে একটু বৈচিত্র্য আনতে সমস্যা কোথায়? সন্তানের কাছ থেকে পাওয়া যেকোনো সাধারণ উপহারই মায়ের কাছে অসাধারণ হয়ে উঠতে পারে। পছন্দের কোনো কবিতা নিজে হাতে কাগজে লিখে মাকে দিতে পারেন। নিচে অবশ্যই নিজের নাম-স্বাক্ষর ও তারিখ দিতে ভুলবেন না। এই উপহার মায়ের কাছে নিঃসন্দেহে অনেক দামি।
মাকে দিতে পারেন কোনো বই, চলচ্চিত্র বা গানের রেকর্ড। আবার তাঁকে কোনো সাময়িকীর নিয়মিত গ্রাহক বানিয়ে দিতে পারেন। দিতে পারেন শাড়ি অথবা কোনো প্রসাধনী। আধুনিক প্রযুক্তিতে অভ্যস্ত মায়েদের জন্য স্মার্টফোন, ট্যাব বা আইপ্যাড আকর্ষণীয় উপহার হতে পারে। তবে এসব ব্যবহারে তিনি যেন স্বচ্ছন্দ হন, সেদিকে খেয়াল রাখতে হবে। মাকে হয়তো এখনো নিত্যদিনের অনেক কাজকর্ম করতে হয়। তাই তাঁর কাজে লাগে, এমন কোনো ঘরোয়া উপহার দেওয়া ভালো। যেমন ঘরে হাঁটার উপযোগী আরামদায়ক এক জোড়া স্যান্ডেল বা সুন্দর একটি মগ। তবে মায়ের জন্য সবচেয়ে বড় যে উপহারটা আপনি দিতে পারেন, তা হলো—সময়।
সূত্র: ইন্টারন্যাশনাল বিজনেস টাইমস