
মায়ের জন্মদিনের দিনক্ষণ তাঁর নিজেরই জানা ছিল না। পুরোনো ডায়েরি ঘেঁটে ছেলেমেয়েরা বের করেন তাঁর জন্মদিন। সেই তারিখ ফ্রেমবন্দী করে বাঁধিয়ে মাকে চমকে দিয়েছিলেন গত বছরের মা দিবসে। সঙ্গে মায়ের কলেজজীবনের ছবি। নিজের জন্মদিন জেনে এতই চমকে গিয়েছিলেন যে খুশিতে কেঁদে ফেলেন। মা দিবসে এর চেয়ে ভালো উপহার আর কী হতে পারে। নাজরানা ইসলামের কাছ থেকে জানা গেল এই গল্প।
মা দিবসে সব সময় দামি উপহার দেওয়া, রেস্তোঁরায় খাওয়া—এমনটাই করতে হবে তা নয়। কখনো ভেবেছেন, কী করলে মা খুশি হবেন। হয়তো আপনার একটুখানি সঙ্গই তাঁর বেশি কাম্য। সারা দিন মায়ের সঙ্গে কাটালেন। যেসব মা কর্মজীবী নন, তাঁদের বাড়িতে থাকতে নিশ্চয় একঘেয়ে লাগে। মা দিবসে আপনি সব কাজ ফেলে, তাঁর পছন্দের কোনো জায়গা থেকে ঘুরে আসতে পারেন। কক্সবাজার, সিলেট বা তাঁর গ্রামের বাড়িও হতে পারে সেই জায়গা। সময় সুযোগ না থাকলে নিজের শহরের মধ্যে ঘুরতে পারেন।
ফ্যাশন হাউস সাদাকালোর অন্যতম স্বত্বাধিকারী তাহসীনা শাহীন মনে করেন, ‘যা দেখে মায়ের ভালো লাগবে, চমকে যাবেন, সেটাই উপহার। মা দিবসের উপহার হুট করে একটা কিছু কিনে দিলাম, এমন নয়। মায়ের জন্য ভেবে, পরিকল্পনা করে কোনো উপহার দিলেই তিনি খুশি হবেন। সন্তানেরা মায়ের জন্য সময় নিয়ে ভেবেছে, এর থেকে বড় পাওয়া তাঁর কাছে কিছু নেই।’
তাহসীনা শাহীন নিজেও তাঁর মায়ের জন্য ভেবেচিন্তে উপহার ঠিক করেছেন। মায়ের পুরোনো অনেক ছবি সংগ্রহ করে কোলাজ করেছেন। মা হিসেবে তিনিও আশা করছেন, তাঁর নয় বছরের ছেলে রাজকুমার তাঁকে ছবি এঁকে উপহার দেবে।
মা-বাবার একমাত্র সন্তান তনয়। মা থাকেন রাজশাহী। ছেলে ঢাকায়। বাস্তবতার কারণে মা দিবসে বাড়ি যেতে পারেন না। অফিস তো আর মা দিবসে ছুটি দেবে না। কিন্তু তনয় দূরে থেকেও সেই দিনটা মায়ের জন্য কোনো পরিকল্পনা করেন। রাজশাহীর বন্ধু আর বাবার সঙ্গে মিলে কোনো না কোনো ফন্দি আঁটেন। গত বছরে মায়ের সব ভাইবোন, কলেজের দুজন বন্ধু হঠাৎ বাড়িতে এসে হাজির হয়েছিলেন। এ আয়োজনটা তনয়ই করেছিলেন। মা আনন্দে আত্মহারা হয়েছিলেন।
তনয় বলেন, ‘বাড়ি একা ফেলে মা কোথাও যেতে চান না। তাই গত বছর এ আয়োজন করেছিলাম। আমি যেতে পারলে মায়ের আর কিছু লাগত না। এবার ভাবছি, বাবাকে বলব মাকে নিয়ে এক দিনের জন্য হলেও ঢাকায় আসতে।’
মা দিবসে নাহয় ভাইবোনেরা মিলে মায়ের জন্য রান্না করলেন। সেদিন ঘরের সব কাজের দায়িত্ব নিতে পারেন। আবার রান্না করার সুযোগ না থাকলে মায়ের পছন্দের খাবার কিনে আনতে পারেন। সবার আগে মায়ের মনের খবর জানতে হবে। আপনি হয়তো নতুন একটা শাড়ি কিনে দিতে চাইলেন, কিন্তু তাঁর হয়তো প্রয়োজন নরম আরামদায়ক স্যান্ডেল। কিংবা তাঁর চশমাটা পুরোনো হয়ে গেছে, খেয়ালই করেননি। আপনার ব্যস্ততা দেখে মা নিজে থেকে কিছু বলেননি। ছোট ছোট প্রয়োজনের জিনিসগুলো দিতে পারেন এই দিনে।
ছোট-বড় ফ্যাশন হাউস, শপিংমলে মা দিবস উপলক্ষে নানা রকমের উপহার এনেছে। মগ, বাটি থেকে শুরু করে শাড়ি, বিছানার চাদর—সবই দিতে পারেন মাকে। কোন ধরনের জিনিস দেবেন, তার ওপর নির্ভর করবে দাম।
দাম বিষয় নয়, উপহারে যেন ভালোবাসা থাকে। মা যেন সেই উষ্ণতা অনুভব করেন, তাতেই উপহারের সার্থকতা।