>

ক্লোজআপ তারকা সংগীতশিল্পী সালমা। তাঁর মা মালেকা খাতুন, গৃহিণী। আজ থাকছে মা-মেয়ের পছন্দ-অপছন্দের কথা।
১. কোন ধরনের পোশাক পরতে ভালো লাগে?
সালমা: গানের শো থাকলে লম্বা গাউন পরতেই বেশি ভালো লাগে। দেশীয় ও পশ্চিমা ঢংয়ের পোশাকও পরি।
মা: বেশির ভাগ সময় শাড়ি পরি। শাড়ির মধ্যে সিল্ক, কাতান পছন্দ।
২. প্রিয় খাবার?
সালমা: ভাত-মাছ। সপ্তাহে এক দিন খিচুড়ি ও গরুর মাংস না হলে আমার যেন চলেই না।
মা: ভাত-মাছ ও শাকসবজি। মাছের মধ্যে ছোট মাছই বেশি পছন্দ। ছেলেমেয়ের পছন্দের খাবারও আমার প্রিয়।
৩. যে সিনেমা বারবার দেখতে ইচ্ছা করে?
সালমা: বাইরের দেশের মধ্যে শাহরুখ খান আমার অসম্ভব প্রিয় একজন অভিনেতা। তাঁর কাভি আলবিদা না ক্যাহনা ছবিটি যে কতবার দেখেছি তার কোনো শেষ নেই।
মা: সত্যের মৃত্যু নাই ছবিটি বারবার দেখতে ইচ্ছে করে।
৪. প্রিয় অভিনয়শিল্পী?
সালমা: মৌসুমী, শাবনূর, পূর্ণিমা, শাকিব খান। এখনকার বাপ্পি, সায়মনকেও ভালো লাগে।
মা: বাংলাদেশের মধ্যে জসীম, শাবানা, আলমগীর ও রাজ্জাক। ভারতের অমিতাভ বচ্চন ও রেখা সবচেয়ে প্রিয়। তাঁদের বেশির ভাগ সিনেমা দেখা হয়েছে।
৫. প্রিয় সংগীতশিল্পী?
সালমা: গান সবারই শুনি, সবার কাছ থেকে কিছু না কিছু শেখার চেষ্টা করি। তারপরও যাঁদের গান আমার সবচেয়ে প্রিয় তাঁরা হলেন রুনা লায়লা, শাকিলা শর্মা ও কনকচাঁপা। তবে আমি সব সময় অনুসরণ করি আমার ওস্তাদ সফি মণ্ডলকে।
মা: ফেরদৌসী রহমান, রুনা লায়লা, সাবিনা ইয়াসমীন ও শাহনাজ রহমতুল্লাহ।
৬. কোন গানটা গুনগুন করে গাওয়া হয়?
সালমা: ‘কে বাঁজায় বাঁশিতে মাঝরাতে চেনা সুর’ ভারতের শিল্পী শুভমিতার গাওয়া এই গানটি সব সময় গাইতে থাকি।
মা: সালমার গাওয়া ‘উড়াইলা উড়াইলা রে বন্ধু’ গানটি আমি সব সময় গুনগুন করে গাই।
৭. কোথায় ঘুরতে ভালো লাগে?
সালমা: প্রকৃতি আমাকে খুব টানে। কিন্তু সেভাবে আয়োজন করে কোথাও যাওয়া হয়নি। তবে প্রায়ই ইচ্ছে করে কুষ্টিয়ার ছেউড়িয়ার লালন আখড়ায় চুপচাপ বসে থাকতে।
মা: কুষ্টিয়ার বাইরে আমার খুব বেশি কোথাও যাওয়া হয় না। মেয়ে এখন যেহেতু ঢাকায় থাকে, তাই এখানে ঘুরতেই ভালো লাগে।
সাক্ষাৎকার: মনজুর কাদের