যাত্রার মানুষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

আমার বাবা একজন যাত্রাশিল্পী। আমি যখন স্কুলে পড়ি তখনকার ঘটনা। প্রথমবার বাবার অভিনয় দেখতে যাব। বন্ধু-বান্ধবীদের সঙ্গে খুব গল্প করেছি এই বিষয় নিয়ে। নাটকের আর তিন দিন বাকি। সময় যেন কাটছিল না। শেষ পর্যন্ত অপেক্ষার দিন শেষ হলো। আমি, মা, নানু, আন্টিরা, সবাই মিলে গেলাম। সামনে আসন ছিল আমাদের জন্য। শুরু হলো আমাদের বাবার নাটক। বাবা মঞ্চে উঠল। আমি তাকিয়ে বাবাকে দেখছি। তারপর বাবা ‘হা হা হা’ করে বিশ্রীভাবে হাসতে শুরু করল। আমার বিশ্বাস হচ্ছিল না বাবা এমন কুৎসিত ভঙ্গিতে হাসতে পারে। নানু বলল, এটা তোর বাবা। আমি ভাবছি বাবা এমন খারাপ লোকের মতো সেেজছে কেন? তারপর দেখলাম সারা নাটকে বাবার ভিলেনগিরি। নাটক শেষের দিকে, এবার ভিলেনের পতন হবে। দুজন বাবাকে মারতে আসছে। তলোয়ার দিয়ে মারামারি হচ্ছে। টং টং শব্দ, চারদিকে সবাই খুব আগ্রহ নিয়ে তলোয়ার খেলা দেখছে। আর আমার অসহ্য লাগছে বিষয়টা। যদি বাবার শরীরে লেগে যায়! যখনি দেখি বাবা ওদের সঙ্গে পেরে ওঠে তখনি খুশিতে হাততালি দিই আমি। হঠাৎ করে দেখলাম বাবার পেটে একজন একটা তলোয়ার ঢুকিয়ে দিয়েছে। সবাই খুশি বদমাশটা মরেছে। শুধু আমি কষ্ট পাচ্ছি। এরপর একজন পেছন থেকে আর একটা তলোয়ার ঢুকিয়ে দিল। বাবার পিঠে রংভর্তি পলিথিন বাঁধা ছিল। সেটাই রক্ত হিসেবে বের হচ্ছে। আমি ‘বাবা আ-আ-আ’ বলে ক্রমাগত চিৎকার করে যাচ্ছি। বাবার কাছে যাওয়ার জন্য। নানু ছাড়ছে না। ওরা পাথর হতে পারে, কিন্তু আমি পাথর নই, আমি বাবার কাছে না গিয়ে পারলাম না। দুজনের হাত কামড়ে দিয়ে ছুটে গেলাম মঞ্চে। যেখানে বাবা পড়ে আছে। বাবার বুকের ওপরে চিৎকার করে কাঁদছি আমি। সবাই ভাবছিল এটাও নাটকের একটা অংশ। বাবা শুয়ে থাকা অবস্থায় আর একজনের কথা বলার কথা ছিল। কিন্তু আমার জন্য বলতে পারল না। বাবা চোখ মেলে আমাকে জড়িয়ে ধরলেন। এভাবেই শেষ হল প্রথম দিনের যাত্রা। এরপর আমি আর কোনো দিন বাবার নাটক দেখতে যাইনি। সেটাই ছিল আমার প্রথম যাত্রা দেখা, প্রথম যাত্রাপালা। এখন বড় হয়েছি, তবুও বাবার কাছে যেন আমি সেই ছোট মেয়েটি। এই যে আজ দুইটা লাইন লিখতে পারি, সেখানে বাবার অবদান আনেক।
আফিফী ঈশিতা
কেন্দুয়া, নেত্রকোনা।