যেভাবে ছেড়ে গেল স্বপ্নকন্যা

মনের বাক্স
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কলম ও একটা বৈজ্ঞানিক তত্ত্ব

মনের বাক্সে আগেরবার যখন লিখেছিলাম, তুমি দেখে জানতে চেয়েছিলে ‘ইউ আর ইন ট্রু লাভ। কে সেই অপরিচিতা?’ সঙ্গে অনেকগুলো লাভ ইমোজি। আসলে তোমার সামনে আমি যাকে ইভা ব্রাউন রূপে স্থাপন করি, সে যে তুমি। আমি বলিনি তোমাকে, কেননা আমাদের রসায়নটা আসলে অনেকটা ফিজিকসের মতো। সব থিওরির বাস্তবতা নেই। আজকে আমাদের রাস্তা আলাদা হতে চলেছে। কলেজের দিনগুলো চলে যাওয়ার অপরাধে মৃত্যুদণ্ড পেয়েছে আমাদের সেই বাস্তবতা। তারা আর ফিরবে না। হাঁটার রাস্তা, সেই মেহগনিগাছ, বৃষ্টি আর তোমার একপলক চাহনি—এসব নিয়ে আমার থিওরি। থিওরি অব ফলস ইমাজিনেশন। সবকিছুতে কেন ফিজিকস চলে এল, এটা তুমি আর আমি ছাড়া কেউ বুঝবে না। না বুঝুক। কোভিডকালে তুমি অনেক বদলে গেছ। এখন আর বোকার মতো কথা বলো না। অনেক বেশি শক্ত। তোমার লেখা একটা কলম থেকে গেছে আমার কাছে। ওই নিবের ভেতর আছে একটা গল্প। নীল পরির সেই গল্পটা লিখবে এই বিদঘুটে ছেলেটা।

সিফাত আল মায়ায, রংপুর।

যেভাবে ছেড়ে গেল স্বপ্নকন্যা

কর্মজীব‌নে পা রেখেই স্বপ্নকন্যার হাত ধ‌রে পা‌ড়ি দিয়েছিলাম অজানার উদ্দেশে। স্থান হয়‌নি কোনো আত্মীয়স্বজ‌নের বা‌ড়ি‌তেও। সম্বল হি‌সে‌বে ছি‌ল মা‌য়ের আলমা‌রি থে‌কে নি‌য়ে আসা এক জোড়া বালা। আমা‌দের ঠাঁই হয় ঢাকা নামের র‌ঙিন শহ‌রে। শুরু হয় জীবনযুদ্ধ। টাকার কাছে আবেগ আর ভালোবাসা ঝলসা‌নো রু‌টি ছাড়া আর কিছুই নয়। ইতিম‌ধ্যেই স্বপ্নকন্যা পড়া‌শোনা শেষ ক‌রে জয়েন করে র‌ঙিন করপোরেট জগতে। সময় চল‌ছে তার আপন গ‌তি‌তে। পাল্টে গেছে আমার স্বপ্নকন্যাও। সে এখন বাস করে অন্যের ঘরে। এখন আমার সব হ‌য়ে‌ছে, নেই শুধু তুমি। স্বপ্নকন্যা, তু‌মি যেখা‌নে যার সঙ্গেই থা‌কো, ভা‌লো থে‌কো সব সময়।

এনাম আনন্দ, হোমনা, কুমিল্লা।

তোমাকে দেখার পরে

শংকর দা, নিমাই ভট্টাচার্যের মেম সাহেবকে নিয়ে লেখা চিঠি পড়েছ? আদ্যোপান্ত পুরো একটা চিঠি দিয়ে যে উপন্যাস লিখে ফেলা যায়, তা আমি জানতাম না। আমার মতো মানুষের চিঠিতে উপন্যাস হবে না। তাই বলে তুমি আমার ভালোবাসাকে কোনো উপন্যাস থেকে কম ভেব না। সেই যে ভার্সিটির করিডরে দেখা হলো! ভীষণ ব্যস্ত ছিলে তুমি। ব্যস্ততা, নাকি ছাত্রজীবনে ফিরে আসার তারুণ্য ঘিরে ছিল তোমাকে, আমি জানি না। আমি শুধু দেখলাম এক সভ্যতার মতো ক্রমবিস্তৃত এক হাসি। সে হাসিতে আমি কেবল নিজেকে তলিয়ে যেতেই দেখিনি। হৃদয়জুড়ে তোমার স্নিগ্ধ কোমল নিষ্পাপ হাসির মতো বিশুদ্ধ একটা অনুভূতি অনুভব করেছি। এক দেখাতেও যে প্রেমে পড়া যায়, তোমাকে না দেখলে বিশ্বাস হতো না। কাউকে না পেয়ে, না ছুঁয়েও যে প্রেম নিবেদন করা যায় এবং তার যে গ্রহণযোগ্যতা থাকে, তোমাকে না দেখলে বোঝা হতো না। পূনরায় জন্ম যদি হয় আমাদের, তুমি কি আমার হবে?

নাসরিন জাহান

এ কেমন জীবন

নানিজানের বারান্দায় দর্শকবিহীন কনসার্ট হয় না বহুদিন। কেননা বায়েনদের প্রায় সবার মুখের সামনে ঝুলছে পরীক্ষা। এসএসসি, এইচএসসি, অ্যাডমিশন টেস্ট, সেমিস্টার ফাইনালের চক্করে সবাই। যে যার রুমে বসে যখন বিধিনিষেধ পালন করছি, তখন প্রযুক্তিই ভরসা। যদিও বায়েন শিশুগুলো ব্যতিক্রমীভাবে এতে একেবারে নিরাগ্রহ! এখানেও কি কম বিপত্তি? প্রধীর খালি হাসি পায়, সোহানীর নেট তো তার মনিবের কথাই শোনে না, আন্নির আবার খোমা দেখাতে দারুণ লজ্জা আর সাইফি ভাই, তিনি তো ভাবির কাছ থেকে ছুটিই পান না! তবু এক এবং অভিন্ন ইথারের তার হয়ে বাঁধা পড়েছি যখন, তখন এসব নিয়ে ভাবছি না আর। ভালোই তো আছে আমাদের অর্কেস্ট্রা, ভালোবাসাতেই তো আছে!

আদিবা স্নেহা, কুমিল্লা।

লেখা পাঠানোর ঠিকানা

অধুনা, প্রথম আলো, প্রগতি ইনস্যুরেন্স ভবন, ২০–২১ কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।

ই-মেইল: [email protected], ফেসবুক: facebook.com/adhuna.PA খামের ওপর ও ই-মেইলের subject–এ লিখুন ‘মনের বাক্স’