
রোকেয়া রফিক বেবী। অভিনেত্রী ও নির্দেশক। নাট্য সংগঠন থিয়েটার আর্ট ইউনিটের দলনেতা। তাঁর মেয়ে আনিকা মাহিনও থিয়েটারের সঙ্গে যুক্ত, তরুণ নাট্যকার। আজ থাকছে এই দুই প্রজন্মের কথা
১. যা খেতে ভালোবাসি...
রোকেয়া রফিক: যেকোনো ধরনের বাঙালি খাবারই আমার প্রিয়। তবে সবচেয়ে প্রিয় হলো ডাল-ভাত আর ছোট মাছ।
মেয়ে: আমি তো খেতেই তেমন একটা পছন্দ করি না...হা হা হা। তারপরও প্রিয় খাবারের কথা বললে প্রথমেই আসবে খিচুড়ির নাম।
২. প্রিয় রং?
রোকেয়া রফিক: আমার প্রিয় রং নীল। কেন? ভালো লাগে তাই।
মেয়ে: লাল রং আমাকে খুব টানে।
৩. যে পোশাকে স্বাচ্ছন্দ্য বোধ করি...
রোকেয়া রফিক: পছন্দের পোশাক বলতে আমি বুঝি শাড়ি, আরও নির্দিষ্টভাবে বললে সুতির শাড়ি।
মেয়ে: পোশাকের ক্ষেত্রে শাড়িই আমার প্রথম পছন্দ। সুতি বা সিল্ক—যেকোনো শাড়িতে স্বাচ্ছন্দ্য বোধ করি।
৪. কোথায় বেড়াতে ভালো লাগে?
রোকেয়া রফিক: বেড়ানোর কথা মনে হলে চোখে ভাসে শুধু পাহাড়। পাহাড় আমাকে খুব টানে। কিন্তু মজার ব্যাপার হলো, দেশের ভেতরের পাহাড় এখনো ঠিকভাবে আমার দেখাই হয়নি! নেপালের কাঠমান্ডু থেকে পোখারা যাওয়ার পথে দেখছিলাম পাহাড়ের সৌন্দর্য। সেই দৃশ্য ভোলা যাবে না কখনো।
মেয়ে: বিভিন্ন দেশের প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলো ঘুরে দেখতে।
৫. প্রিয় মঞ্চনাটক কোনগুলো?
রোকেয়া রফিক: মঞ্চে আমার প্রিয় প্রযোজনা তো অনেক। কিন্তু এ মুহূর্তে বলতে হলে বলব, আমাদের দল থিয়েটার আর্ট ইউনিটের স্বপ্ন দেখো মানুষ, নাগরিকের গ্যালিলিও এবং ঢাকা থিয়েটারের ধূর্ত উই দেখে মুগ্ধ হয়েছিলাম।
মেয়ে: থিয়েটার আর্ট ইউনিটের কোট মার্শাল ও গোলাপজান এবং আরণ্যকের চের সাইকেল।
৬. প্রিয় নাট্যকার?
রোকেয়া রফিক: অনেকে। আলাদাভাবে তিনটি নাম অবশ্যই বলতে হবে—সৈয়দ শামসুল হক, সেলিম আল দীন ও এস এম সোলাইমান।
মেয়ে: বাংলাদেশে এস এম সোলাইমান ও বাইরে আলবেয়ার কামু আমার প্রিয় নাট্যকার।
৭. যাঁর অভিনয় মন কাড়ে...
রোকেয়া রফিক: ফেরদৌসী মজুমদার।
মেয়ে: আমার মা রোকেয়া রফিক ও মেরিল স্ট্রিপ।
৮. প্রিয় চলচ্চিত্র?
রোকেয়া রফিক: অনিল বাগচীর একদিন, সুতপার ঠিকানা, বাপজানের বায়স্কোপ—সম্প্রতি এই সিনেমাগুলো দেখেছি, মন ছুঁয়ে গেছে।
মেয়ে: গুড বাই লেনিন।
৯. পরস্পরের যা কিছু ভালো লাগে...
রোকেয়া রফিক: একা (আনিকা মাহিনের ডাকনাম) খুব যুক্তিবাদী। যা কিছু বলে স্পষ্টভাবে বলে। ওর এই দিকটি খুবই ভালো।
মেয়ে: জীবনাচরণে মা খুবই ইতিবাচক ও প্রাণবন্ত। তাঁর কাছ থেকে এটি আমি শিখতে চাই।
১০. পরস্পরের যে দিকটি বদলালে ভালো হয়...
রোকেয়া রফিক: আমার মেয়ে দেরি করে ঘুম থেকে ওঠে। ফলে সকালের নাশতার টেবিলে তাকে আমি পাই না, মিস করি। নিজে কর্মজীবী নারী হওয়ায় সকাল ছাড়া সারা দিনে মেয়ের সঙ্গে দেখা হওয়ার অবকাশও কম। এদিকটা আমার মেয়ে যদি একটু বুঝত।
মেয়ে: মা আমার পুরো কথা না শুনেই আমাকে ঝাড়ি দেন। এটি খুব খারাপ লাগে।
সাক্ষাৎকার: আলতাফ শাহনেওয়াজ