শিউলি ফোটা ভোর
পাঠকের সুখ–দুঃখ, হাসি–আনন্দ, পছন্দ, ভালোলাগা, ভালোবাসাসহ যে কোনো না বলা কথা শুনতে চায় মনের বাক্স। প্রতি সপ্তাহে পাঠকের পাঠানো সেসব লেখা থেকে নির্বাচিত কিছু লেখা আজ প্রকাশিত হলো এখানে
অতীত হয়ে গেলি
প্রিয় পেতনি, দীর্ঘ দেড় বছর নিয়মানুবর্তিতাকে বুড়ো আঙুল দেখিয়ে বিরতিহীনভাবে আমি তোর সঙ্গে কথা বলেছি। আমার এই ছোট্ট জীবনের খুব কম ব্যাপারই আছে, যা তোকে বলা হয়নি। বিশ্বাস কর আমার কথা। সকাল থেকে রাত অবধি খুব কম মুহূর্তই আছে, যখন তোর কথা আমি ভাবিনি। কত বিচিত্র ভালো লাগার ছিল সেই মুহূর্তগুলো। কিন্তু সে সবই তো অতীত। ছয় মাসের মতো তোর সঙ্গে কথা নেই। সময়টাকে মহাকালের চেয়েও দীর্ঘ মনে হয়েছে। বিশ্বাস কর, তোর কণ্ঠনিঃসৃত প্রতিটি কথা, মোহনীয় কণ্ঠস্বর, ভুবনভোলানো হাসি আজও আমার স্মৃতিপটে অমলিন। কোনো মন খারাপের দুপুরে বা স্নিগ্ধ রজনীতে সেই স্মৃতিগুলো রোমন্থন করলে আজও আমি এক পুলক অনুভব করি।
এসব শ্রুতিমধুর স্মৃতি আমার মৃত্যু অবধি মনে থাকবে। কিন্তু তোর সঙ্গে হয়তো কথা বা দেখা হবে না। তারপরও যেখানে থাকিস, ভালো থাকিস। খুব ভালোবাসি।
সামির, ফরিদগঞ্জ, চাঁদপুর
শিউলি ফোটা ভোর
তোর মনে আছে রাহুল? রোজ ভোরে তুই আমার জন্য শিউলি ফুল নিয়ে দাঁড়িয়ে থাকতি। আমি যখন স্যারের বাসায় পড়তে যেতাম, তখন। আমিও কিন্তু তোর ওই ফুলের অপেক্ষায় থাকতাম। বাবা এই সম্পর্ক মেনে নেবে না বলেই তোর সঙ্গে যোগাযোগ করতাম না। আমার ভালোবেসে পালিয়ে যাওয়ার সাহস ছিলো না। এখন পূজার সময় এলেই সেই সময়ের কথা খুব মনে পড়ে। নিজের মেয়ে যখন সকালে ব্যাচ থেকে পড়ে ফেরে, আমি ওর ব্যাগ থেকে বই নামাই আর ভাবি, কেউ কী এখন কিশোরিদের ফুল দেয় না!
স্বরলিপি, কুষ্টিয়া
বড় হতে চাই
আমি বই পড়তে ভালোবাসি। বই পড়লে জ্ঞান বাড়ে। তবে কমিকস পড়লে কী জ্ঞান বাড়ে? আমার কমিকস পড়তে বেশি ভালো লাগে। বাবা বলেন, কমিকস কম পড়ে অন্য বই পড়তে। আমি তো দিশেহারা হয়ে পড়েছি। তবে বই পড়ে আমি বড় হতে চাই।
তৌসিফ নূর, সপ্তম শ্রেনী, রংপুর
লেখা পাঠানোর ঠিকানা
অধুনা, প্রথম আলো, প্রগতি ইনস্যুরেন্স ভবন, ২০–২১ কারওয়ান বাজার, ঢাকা-১২১৫। ই-মেইল: [email protected], ফেসবুক: facebook.com/adhuna.PA খামের ওপর ও ই-মেইলের subject–এ লিখুন ‘মনের বাক্স’