শুধু ভাঙতে নয়, সম্পর্ক গড়তেও জানেন তারকারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কেন এত সম্পর্কের পাড় ভাঙে! শোবিজ জগতে সম্পর্কের পাড় ভাঙা, নতুন চর জেগে ওঠা—এ যেন নিত্য। কিন্তু ভালোবাসা আর মমতার শক্ত বাঁধে কেউ কেউ ঠিকই আড়াল করতে জানে নিজের কুসুমকোমল সম্পর্কটাকে। যেখানে দাম্পত্য জীবন বা প্রেম সবচেয়ে নাজুক, সবচেয়ে ক্ষণজীবী, সেই হলিউডেই আছে এর বেশ কিছু নজির। আর সব সম্পর্কের মতো এঁরাও জোয়ার-ভাটার মধ্যে দিয়ে গেছেন। কিন্তু এখনো অটুট তাঁদের ভালোবাসা। সংখ্যায় এঁরা কম, কিন্তু তাঁদের কারণে এখনো মনে হয়, ভালোবাসার ওপর আস্থা হারানো পাপ!

টম হ্যাঙ্কস ও রিটা উইলসন
টম হ্যাঙ্কস ও রিটা উইলসন

টম হ্যাঙ্কস ও রিটা উইলসন
প্রায় ২৯ বছর ধরে একসঙ্গে সংসার করছেন টম হ্যাঙ্কস ও তাঁর স্ত্রী রিটা উইলসন। টম জানান, তাঁদের এই বাঁধন ‘পবিত্র’। তা ছিঁড়ে যাওয়ার নয়। তাই বিচ্ছেদের গুজবটা একদম আশা করা যায় না। আরেক দিকে রিটা জানান, ২০১৫ সালে তাঁর স্তন ক্যানসারের চিকিৎসার সময় তাঁরা দুজন যেন আরও কাছে এসেছেন। আরও শক্ত হয়েছে সম্পর্কের বাঁধন। রিটা বলেন, ‘আমি খুব অবাক হয়েছি, অভিভূত হয়েছি স্বামীর যত্ন পেয়ে।’

এই জুটির কাছ থেকে শিখতে পারেন, স্বামী শুধু সেবা পেয়েই আসবেন না, বিনিময়ে তাঁকেও দিতে হবে সেবা।

উইল স্মিথ ও জাডা পিঙ্কেট স্মিথ
উইল স্মিথ ও জাডা পিঙ্কেট স্মিথ

উইল স্মিথ ও জাডা পিঙ্কেট স্মিথ
২৩ বছর, কম সময় নয়। এতটা সময় ভালোবাসার বাঁধনে হাঁটছে তারকা দম্পতি উইল স্মিথ ও জাডা পিঙ্কেট স্মিথের সংসার। জাডার মতে, তাঁর ও উইলের মাঝে দারুণ রসায়ন কাজ করে। তিনি বলেন, ‌‌‘আমরা একসঙ্গে হাসতে ভালোবাসি, আমরা একসঙ্গে ক্লান্ত হতে ভালোবাসি এবং আমরা একে অপরকে ভালোবাসি। আমাদের সময় একসঙ্গে ভালো কাটে।’ ব্যস, আর কিছু বলতে হয়? তবু যদি বুঝে না থাকেন, সম্পর্কের মধ্যে বন্ধুত্বটাই সবচেয়ে বেশি জরুরি।

সারাহ জেসিকা পার্কার ও ম্যাথু ব্রডারিক
সারাহ জেসিকা পার্কার ও ম্যাথু ব্রডারিক

সারাহ জেসিকা পার্কার ও ম্যাথু ব্রডারিক
মাত্র কিছুদিন আগে ২০ বছরের দাম্পত্য জীবন পূর্ণ হয়েছে এই জুটির। ‘সেক্স অ্যান্ড দ্য সিটি’র কারণে খ্যাত তারকা সারাহ জেসিকা পার্কার ও তাঁর স্বামী ম্যাথু ব্রডারিককে অভিনন্দন জানাতেই হয়। ‘গডজিলা’ তারকা ম্যাথুর মতে, সম্পর্কের সংকট তাঁদের জীবনেও এসেছিল। জানান, তাঁদের ভালোবাসার সাম্পান এখনো সব ঝড় সামলে এগিয়ে চলেছে দুজনের যৌথভাবে বইঠা বাইছেন বলে। অর্থাৎ? আলোচনা, মন খুলে কথা বলা।

বড় বড় রাজনৈতিক সংকট সমাধান হয়ে যায় আলোচনায়, আর দুটি মানুষের সম্পর্কের সংকট কেন কাটবে না!

হিউ জ্যাকম্যান ও ডেবোরা লি ফার্নেস
হিউ জ্যাকম্যান ও ডেবোরা লি ফার্নেস

হিউ জ্যাকম্যান ও ডেবোরা লি ফার্নেস
১৯৯৫ সালে টিভি অনুষ্ঠান ‘কোরেলি’-র শুটিংয়ে পরিচয় হয় হিউ জ্যাকম্যান আর ডেবোরা লি ফার্নেসের। প্রচণ্ড ভালোবাসেন একে অপরকে। জ্যাকম্যানের স্বাস্থ্যের ব্যাপারে ডেবোরার চেয়ে যত্নশীল আর কেউ হতে পারে না। ২২ বছর হয়ে গেছে তাঁদের দাম্পত্য জীবনের। হিউ বললেন, ‘আমি সৎ উত্তর দিতে পারি, এই সম্পর্ক আরও ভালো হচ্ছে।’

এই জুটির শিক্ষা, নিজের বহু দিনের চেনা সঙ্গীকেও নতুন করে আবিষ্কার করতে হবে।

মেরিল স্ট্রিপ ও ডন গামার
মেরিল স্ট্রিপ ও ডন গামার

মেরিল স্ট্রিপ ও ডন গামার
অস্কারজয়ী অভিনেত্রী মেরিল স্ট্রিপের সংসারের বয়স ৩৮ বছর। বিয়ে করেছেন ভাস্কর ডন গামারকে। এত বছরের সম্পর্ক ডনের কারণে সুন্দর হয়েছে। স্বামীর প্রশংসায় মেরিল বলেন, ‌‘আমি নিশ্চিত যে এর কারণ শুধুই সে, আর ওর সুন্দর ব্যবহার।’ ডন শিল্পী বলেই নাকি এটা সম্ভব হয়েছে বলে জানান মেরিল।

সম্পর্ক আসলে একটি চারা গাছ। যার যত্ন নিতে হয় সর্বক্ষণ। ঢালতে হয় মায়া-মমতার জল।