শৈশবের বন্ধুত্বে পরিণত বয়সের সুস্বাস্থ্য!

মনে কী পড়ে সেই ছোটবেলার বন্ধুদের, তাঁদের সঙ্গে কাটানো সেই মধুর দিনগুলোর কথা? গবেষকেরা বলছেন, ছোটবেলার সেই মধুর দিনগুলোর প্রভাব পরিণত বয়সেও থেকে যায়। এই প্রভাব শরীরের ওপরেও পড়ে।
ছোটবেলায় শিশুদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হলে তা পরিণত বয়সে শরীর সুস্থ রাখতে সাহায্য করে। সম্প্রতি মার্কিন গবেষকেরা তাঁদের এক গবেষণায় এ তথ্য পেয়েছেন।
যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষক জোসেফ অ্যালেন জানিয়েছেন, গবেষণায় দেখা গেছে, ছোটবেলায় বন্ধুদের সঙ্গে বেড়ে ওঠা পরিণত বয়সে দীর্ঘমেয়াদি সুস্বাস্থ্যের নিয়ামক হয়ে দাঁড়াতে পারে।
গবেষকেরা জানিয়েছেন, প্রাপ্তবয়স্ক হলে যে দুর্ভাবনা ও দুশ্চিন্তার উপসর্গ দেখা দিতে শুরু করে ছোটবেলার বন্ধুদের সঙ্গে কাটানো অন্তরঙ্গ সময়ের সঙ্গে এর সম্পর্ক রয়েছে। প্রাপ্তবয়স্কের দুর্ভাবনার মাত্রা কমাতে পারে ছোটবেলার সেই নির্ভেজাল বন্ধুদের সঙ্গে কাটানো দিনগুলো।
সাইকোলজিকাল সায়েন্স সাময়িকীতে প্রকাশিত হয়েছে গবেষণা সংক্রান্ত নিবন্ধ। গবেষকেরা এই গবেষণার জন্য ১৭১ জন সপ্তম ও অষ্টম গ্রেডের শিক্ষার্থীকে বেছে নেন। প্রায় ১৪ বছর ধরে তাঁদের পর্যবেক্ষণ শেষে গবেষকেরা ছোটবেলায় বন্ধুত্বকে অধিক গুরুত্ব দেওয়ার বিষয়টি বুঝতে পেরেছেন। (আইএএনএস)