সবকিছুতেই অনুমতি!
দীর্ঘদিনের সামাজিক চর্চা পুরুষের মনে এই ধারণা দেয় যে অনুমতি দেওয়ার ক্ষমতা কেবল তাঁরই। তিনি ভুলে যান, তাঁর স্ত্রীর স্বাধীন সত্তার কথা।

শোনা যাক, মহুয়া-আবির দম্পতির কথা। দুজনই উচ্চশিক্ষিত, ভালো চাকরি করেন। বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় প্রেমে পড়েন তাঁরা। বিয়ের কথা উঠতেই বাদ সাধে মহুয়ার পরিবার। এরপর নানা চড়াই-উতরাই পার করে বিয়ে করেন তাঁরা। তবে বাবা-মায়ের সঙ্গে সম্পর্কটা সেভাবে রাখতে পারেননি মহুয়া। অনেকটা আবিরের চাপেই। যে পরিবার বিয়েতে বাধা দিয়েছে, সে পরিবারের সঙ্গে সম্পর্ক রাখার ব্যাপারে মোটেও আগ্রহী ছিলেন না আবির। সংসারের স্বার্থে মহুয়া সেটা মেনেও নেন। ফোনে খোঁজখবর নিয়েছেন, তবে বিয়ের চার বছরে বাবা-মায়ের বাড়িতে যাননি তিনি।
হঠাৎ একদিন মা ফোনে মহুয়াকে জানালেন, বাবা বেশ অসুস্থ। সবকিছু ভুলে বাবাকে দেখতে বাড়িতে গেলেন। সে খবর পেয়ে খেপে গেলেন স্বামী। চিৎকার-চেঁচামেচি, কথা-কাটাকাটির মূল একটা বিষয়ই ছিল আবিরের তরফ থেকে, ‘তুমি কেন ওই বাড়িতে গেলে? তুমি কি আমার অনুমতি নিয়েছ?’ নিজের অসুস্থ বাবাকে দেখতে যাওয়ার জন্য অনুমতি লাগবে কেন? সে প্রশ্ন তুললে আরও খেপে যান আবির।
বেশ অনেক দিন ধরে অসুস্থতায় ভুগছিলেন গাজীপুরের কালীগঞ্জ উপজেলার তরুণী গৃহবধূ শরিফা বেগম। স্বামী পোশাক কারখানার শ্রমিক আবদুল করিমকে বারবার বলছিলেন, তাঁকে চিকিৎসকের কাছে নিয়ে যেতে। কাল যাব, পরশু যাব বলে স্বামী আর তাঁকে নিয়ে যাচ্ছিলেন না। একদিন শরিফা নিজেই স্থানীয় এক চিকিৎসকের কাছে যান চিকিৎসা নিতে। স্বামীকে সে কথা জানাতেই তেলে-বেগুনে জ্বলে উঠলেন তিনি। ‘এত্ত বড় সাহস! আমারে না কইয়া তুই ডাক্টরের কাছে গেছস? পারমিশন লইছস? বেডা ডাক্টর তাও?’ সঙ্গে চলল গালিগালাজ। শরিফা ভেবে পান না, কী তাঁর দোষ? খারাপ কিছু তো তিনি করেননি। চিকিৎসার জন্য গেছেন। তাহলে এত লাঞ্ছনা-গঞ্জনা কেন?

স্বামী-স্ত্রীর সম্পর্কের মধ্যে অনুমতি নেওয়ার ব্যাপার কেন আসে? প্রশ্নটি করেছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের টেলিভিশন, ফিল্ম অ্যান্ড ফটোগ্রাফি বিভাগের সহকারী অধ্যাপক হাবিবা রহমানের কাছে। তিনি বললেন, নারী ও পুরুষ দুটি স্বাধীন সত্তা, দুজন স্বাধীন মানুষ। এখানে অনুমতি নেওয়ার তো প্রশ্নই আসা উচিত নয়। পুরুষতান্ত্রিক ক্ষমতাকাঠামোর জায়গা থেকে স্বামী তাঁর স্ত্রীর ক্ষেত্রে এমনটা করেন। কিন্তু এটা যে তাঁর ব্যক্তিত্বের দুর্বলতাকেই প্রকাশ করে, সেটা তিনি বুঝতে পারেন না।
মনোরোগ বিশেষজ্ঞ আহমেদ হেলাল বলেন, দীর্ঘদিনের সামাজিক চর্চা পুরুষের মনে এই ধারণা দেয় যে অনুমতি দেওয়ার ক্ষমতা কেবল তাঁরই। তিনি ভুলে যান, তাঁর স্ত্রীর স্বাধীন সত্তার কথা।
তাহলে সমাধান কী? এই বিষয় নিয়ে কথা-কাটাকাটি, ঝগড়া বাড়িয়ে তো কোনো সমাধানে পৌঁছানো যাবে না। করণীয় সম্পর্কে মনোরোগ বিশেষজ্ঞ আহমেদ হেলাল বললেন, অনুমতি নেওয়ার ব্যাপারটা যে ভালো লাগেনি, স্বামীকে স্পষ্টভাবে এটা বুঝিয়ে বলতে হবে স্ত্রীর। এটা বলার জন্য তিনি সুসম্পর্কের সময়টা বেছে নিতে পারেন। দৃঢ় অথচ শান্তভাবে তিনি এই ভালো না লাগার কারণ ও মতামত স্বামীকে জানাতে পারেন। এ ক্ষেত্রে কোনোভাবেই উত্তেজিত হওয়া যাবে না। এতে হিতে বিপরীত হতে পারে। স্বামী আত্মরক্ষার নামে নিজের ভুলটাই আঁকড়ে ধরে সেটার পক্ষে সাফাই গাইতে পারেন। ব্যক্তি হিসেবে নিজের চাওয়ার কথা নিঃসংকোচে স্বামীকে বলতে হবে। এতে বোধোদয় হয়ে স্ত্রীর প্রতি শ্রদ্ধাশীল হতে শিখবেন স্বামী।
তবে দায়িত্বটা শুধু স্ত্রীরই নয়, স্বামীকেও উদ্যোগ নিতে হবে ভালো কিছুর জন্য নিজেকে বদলে নেওয়ার। এই মনোরোগ বিশেষজ্ঞের মতে, স্ত্রীকে ছোট করে দেখার মানসিকতা বন্ধ করতে হবে। কারণ, দুজনই স্বাধীন সত্তা; কেউ কারও অধীন নন। এই উপলব্ধি স্বামী-স্ত্রীর সম্পর্ককে আরও সুন্দর করে। এ ছাড়া এটাও মাথায় রাখতে হবে, স্ত্রীকে অনুমতি নিতে বলার মাধ্যমে তিনি আসলে নিজের দুর্বল ব্যক্তিত্বেরই প্রকাশ ঘটান।
অধস্তনতার বোধ কখনো দাম্পত্য সম্পর্ককে ভালো রাখতে পারে না। সুন্দর দাম্পত্যের জন্য দরকার পারস্পরিক শ্রদ্ধাবোধ, পরস্পরের স্বাধীন সত্তার প্রতি শ্রদ্ধাশীল থাকা। নিয়ন্ত্রণ নয়, সম্মান; দাম্পত্যে ভালোবাসার শক্তিকে বাড়িয়ে দেয় বহুগুণে।