মনের বাক্স
সম্পর্ক অভ্যাসগত আর ভালোবাসা অনুভবের বিষয়
পাঠকের সুখ–দুঃখ, হাসি–আনন্দ, পছন্দ, ভালোলাগা, ভালোবাসাসহ যে কোনো না বলা কথা শুনতে চায় মনের বাক্স। প্রতি সপ্তাহে পাঠকের পাঠানো সেসব লেখা থেকে নির্বাচিত কিছু লেখা আজ প্রকাশিত হলো এখানে
অপেক্ষায় থাকব আজীবন
বারবার যুদ্ধে হেরে মনের জোরের প্রায় সবটুকুই হারাতে বসেছিলাম, ঠিক তখনই তোমার সঙ্গে পরিচয়। ধীরে ধীরে তোমাকে ভালো লাগতে শুরু করে। এর পর থেকেই মনের জোর বাড়তে থাকে। একসময় তোমাকে ভালোবেসে ফেলি। প্রায় ১০ মাস আগে তোমাকে জানিয়েছিলাম, একটা ওয়েবসাইট ডিজাইন করে দিতে। কিন্তু এর উত্তর আজও পাইনি। অথচ তোমার সঙ্গে আমার নিয়মিত কথা হতো। তোমার ব্যবহারে আমি হতাশ হতে থাকি। বাধ্য হয়ে যোগাযোগ বন্ধ করে দিই। হয়তো আর কিছুদিনের মধ্যেই আমার জীবনে আমূল পরিবর্তন আসবে। তবে তোমাকে ভুলতে পারা সম্ভব হবে না। তোমাকে অনেক দিন না দেখেও চোখ বন্ধ করলেই দিব্যি দেখতে পাই। তোমার জন্য আজীবন অপেক্ষা করব। ওহ্ শোনো, তোমার ওপর আমার একটুও রাগ নেই। সব রাগ তোমার খুব কাছের একজনের ওপর। ভালো আছ, সেটা আমি জানি। ভালো থেকো।
আবদুল্লাহ আল নোমান
ভালোবাসা বনাম সম্পর্ক
প্রিয় মিমি, কেমন আছ? সময়টা কেমন যেন, তা–ই না? কঠিন বাস্তবতায় হয়তো এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছ। না হলে এমনটা হওয়ার কথা নয়। কতটা কষ্ট পাচ্ছি, তা তোমার থেকে বেশি অন্য কারও জানার কথা নয়। আমার অভিমান একটু বেশিই ছিল, তা–ই না? কিন্তু তুমি তো জানতে, তোমারই অপেক্ষার প্রহর গুনি সব সময়। ভালোবাসা আর সম্পর্ক কেমন জানি। সম্পর্কে অভ্যাসগত কিছু বিষয় থাকে, যার মধ্যে দেখা করা, যখন-তখন কথা বলা ইত্যাদি আছে। আর ভালোবাসা তো অনুভবের বিষয়। ভালোবাসা তো সব সময় মঙ্গল কামনা করা। তোমায় আমি ভালোবাসি তো ভালোবাসিই। তুমি নিজের যত্ন একদমই নাও না। তাই যত্ন নেওয়ার কথা বলতে পারব না। ভালো থেকো। অপেক্ষায় থাকাও আনন্দের, সেটা যদি হয় তোমার জন্য।
নাছিম, জয়পুরহাট
আম্মাকে খুব ভালোবাসি
আম্মা, আজ আপনাকে ভীষণ মনে পড়ছে। এই অচেনা শহরে আপনাকে ছাড়া সবকিছু আমার এলোমেলো লাগে। আপনার মতো আদর, শাসন করার কেউ এখানে নেই। শত চেষ্টা করেও এই পরিবেশে মানিয়ে নিতে পারছি না। আপনাকে ছাড়া আমার দমবন্ধ লাগে। তবু এসব প্রতিকূলতা পেরিয়ে আমি আপনার স্বপ্ন পূরণ করব। আমার জন্য দোয়া করবেন। ইতি, আপনার আদরের ছোট মেয়ে।
নাজমুন নাহার
লেখা পাঠানোর ঠিকানা
অধুনা, প্রথম আলো, প্রগতি ইনস্যুরেন্স ভবন, ২০–২১ কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ই-মেইল: [email protected], ফেসবুক: facebook.com/adhuna.PA খামের ওপর ও ই-মেইলের subject–এ লিখুন ‘মনের বাক্স’