
সম্পর্ক বিষয়টাই এমন, গড়ে আবার ভেঙে যায়। কিন্তু রেখে যায় সম্পর্কে থাকা মানুষদের। চলে যাওয়া সম্পর্কের জন্য আফসোস করি আমরা। মেনে নিতে কষ্ট হয় যে সম্পর্কটা চলে গেছে।
কদিন আগে ভেঙে গেল তুলির সঙ্গে রণনের (ছদ্মনাম) ছয় বছরের সুন্দর সম্পর্ক। তুলি হুট করেই সম্পর্কটা শেষ করে দিল বলা যায়। এদিকে রণন আবার মেনে নিতে পারছে না ব্যাপারটা। এত সুন্দর একটা সম্পর্ক, হুট করে ভেঙে যাবে? সে খোঁজার চেষ্টা করছে সম্পর্কটাতে ঠিক কোন দিকে চিড় ধরেছিল? কেন চিড় ধরেছিল? তুলিকে অনেকবার বোঝানোর চেষ্টা করেছে রণন, কিন্তু লাভ হয়নি। সব বন্ধুবান্ধবের সঙ্গেই তার যোগাযোগ বন্ধ, খাওয়া-দাওয়াও এক প্রকার বন্ধ বলা যায়। তার বাবা আছেন দুশ্চিন্তায়। রণনকে কোনো মানসিক রোগ বিশেষজ্ঞ দেখাবেন কি না ভাবছেন।
এমন নয় যে সব সম্পর্কের ভেঙে যাওয়াতে আমরা এতটা দুর্বল হয়ে পড়ি, কষ্ট হয়তো ঠিকই পাই। আবার মেনেও নিই। একেবারে ভুলে হয়তো যাওয়া সম্ভব নয় সম্পর্কটাকে। সময়ের সঙ্গে সঙ্গে কমে যায় কষ্ট। স্নাতক চতুর্থ বর্ষে পড়ুয়া পূজা (ছদ্মনাম) তেমনটাই বলছিলেন, ‘তৌহিদের (ছদ্মনাম) সঙ্গে আমার সম্পর্কটা যখন ভাঙে তখন আমি ছিলাম দ্বিতীয় বর্ষে, প্রথম কয়েকটা মাস আমি ব্যাপারটা মানতে পারছিলাম না। বেশ কষ্টে কাটিয়েছি। কিন্তু এখন আর ব্যাপারটা আর তেমন পীড়া দেয় না আমাকে। ওই যে বলে না, টাইম ইজ দি বেস্ট হিলার।’
একটা সম্পর্ক ভাঙলে অনেক সময় খারাপ অভিজ্ঞতার মধ্য দিয়ে যেতে হয়। যার সঙ্গে সম্পর্ক ছিল তার নামে আজেবাজে কথা ছড়াই। একজন আরেকজনকে দোষ দিতে থাকি। তাই সম্পর্ক ভেঙে যাওয়ার পর আমাদের কেমন আচরণ করা উচিত, সেই ব্যাপারটা অনেক গুরুত্বপূর্ণ। এই ব্যাপার নিয়ে প্রশ্ন করলে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক আহমেদ হেলাল বলেন, ‘আমরা যখন একটা সম্পর্কে জড়াই, তখন একটা দায়িত্ব থাকে আমাদের। সম্পর্ক ভাঙার পরেও কিছু দায়িত্ব থাকে। অনেক সময়ই দেখা যায়, একটা সম্পর্ক ভাঙার পর আমরা অনেকে দায়িত্বজ্ঞানহীন আচরণ করি, সেগুলো করা যাবে না। কটূক্তি করাসহ সম্পর্ক থাকাকালীন আমাদের সঙ্গীর সঙ্গে আমাদের ম্যাসেজ, ছবিসহ বিভিন্ন জিনিস প্রকাশ করা কখনোই উচিত নয়।’
আবার সম্পর্ক ভেঙে যাওয়ার পর আমাদের অনেকের মানসিক অবস্থাও থাকে খারাপ, আত্মবিধ্বংসী কাজও করে থাকি আমরা অনেকে। আহমেদ হেলাল এ ব্যাপারে বলেন, ‘একটা সম্পর্কে ভাঙলে আমাদের নিজের যত্ন নেবার ব্যাপারটা খুব গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়। আমাদের মানসিক অবস্থা তখন খারাপ থাকার দরুন দেখা যায়, তখন খাওয়া দাওয়া ছেড়ে দেওয়া, কম ঘুমানো, হাত কাটার মতো বাজে কাজ করে থাকি। আমাদের অবশ্যই এ ব্যাপারে সচেতন থাকতে হবে।’
সম্পর্ক যার ভেঙে গেল, তার আশপাশের মানুষেরও কিন্তু কিছু দায়িত্ব আছে। যে বন্ধুর বা আত্মীয়ের সম্পর্ক ভেঙে গেল, অবশ্যই উচিত তার পাশে দাঁড়ানো, তার যত্ন নেওয়া। এই একটা ব্যাপার অনেক সময় মারাত্মকও কিন্তু হয়ে দাঁড়াতে পারে। ‘যদি দেখা যায় কিছুতেই একজন মানুষ ভেঙে যাওয়া সম্পর্কটার কষ্ট থেকে উঠে আসতে পারছেন না, তাহলে তাকে অবশ্যই মানসিক রোগ বিশেষজ্ঞের শরণাপন্ন হওয়া উচিত’, এমনটাই মনে করেন আহমেদ হেলাল।
সম্পর্ক ব্যাপারটা খুবই সুন্দর এবং একই সঙ্গে খুবই গুরুত্বপূর্ণ। মানুষ সম্পর্কে জড়াবে, এটাই মানুষের বৈশিষ্ট্য। সম্পর্ক যেমন গড়তে পারে তেমন ভাঙতেই পারে। কোনো একটা সম্পর্ক শুরু করার আগে তাই সবকিছু আমাদের ভেবে নেওয়া উচিত।