সাথি-সুধা, নাভিদ-আকিব ও হাসনা-হেনার বন্ধুতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
একসঙ্গে হলেই আড্ডা আর হাসি-ঠাট্টায় মেতে থাকেন সাথি-সুধা, নাভিদ-আকিব, হাসনা-হেনা। ছবি: জাহিদুল করিম
একসঙ্গে হলেই আড্ডা আর হাসি-ঠাট্টায় মেতে থাকেন সাথি-সুধা, নাভিদ-আকিব, হাসনা-হেনা। ছবি: জাহিদুল করিম

ছোটবেলা থেকেই ‘হ্যারি পটার’-এর ভীষণ ভক্ত সাথি। সাথির যমজ বোন সুধারও একই পছন্দ। ছবির মূল চরিত্র হ্যারি পটার, হারমাওনি গ্রেনজারসহ ওঁদের পছন্দের তালিকায় আছেন ফ্রেড-জর্জ জুটিও। দুই যমজ ভাইয়ের দুষ্টুমি, খুনসুটি ওঁদের খুব আকৃষ্ট করত। এই দুই ভাইয়ের মতো ওরাও যে হরিহর আত্মা! সব সময় হাসি-ঠাট্টাতেই ওঁদের দিন কাটে। দুজন একসঙ্গে থাকলেও অনেক সময় তাঁদের আলাদা করে চেনা মুশকিল হয়ে পড়ে।

বিশ্ববিদ্যালয়ে ভর্তির সময় নিয়তির ফেরে সাথি আর সুধা আলাদা হয়ে গেলেন! সুধা ভর্তি হলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগে আর সাথি গার্হস্থ্য অর্থনীতি কলেজের চাইল্ড ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগে। প্রতি বৃহস্পতিবার সুধা জাহাঙ্গীরনগর থেকে বাসায় আসেন। দুই বোন সঙ্গে সঙ্গেই ব্যস্ত হয়ে পড়েন একে অন্যকে যাঁর যাঁর ক্যাম্পাসের গল্প শোনাতে। ক্যাম্পাসের গল্পে গল্পেই সাথি-সুধা পরস্পরের বন্ধুদের সম্পর্কে জানেন। নানা আড্ডায় দেখা-সাক্ষাত্ও হয় বন্ধুদের সঙ্গে। সাথির বন্ধুও সুধার বন্ধু, সুধার বন্ধুও সাথির বন্ধু!

এভাবেই একদিন আরও দুই যমজ জুটি নাভিদ-আকিব আর হাসনা-হেনার সঙ্গে দেখা হয়ে যায় সাথি-সুধার। সুধার সঙ্গে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একই বিভাগে পড়ছেন নাভিদ। আর নাভিদের যমজ ভাই আকিব পড়ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সয়েল অ্যান্ড ওয়াটার ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগে। আরেক যমজ জুটির হাসনা ও হেনা দুজনেই বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য প্রস্তুতি নিচ্ছেন এখন। কিন্তু অল্প দিনেই এই তিন যমজ জুটির মধ্যে গড়ে উঠেছে নিবিড় বন্ধুত্ব।

হাসনা ও হেনা। ছবি: জাহিদুল করিম
হাসনা ও হেনা। ছবি: জাহিদুল করিম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘অপরাজেয় বাংলা’র সামনে কথা হচ্ছিল যমজ এই ত্রয়ী জুটির সঙ্গে। যমজদের মধ্যে মিল-অমিল নিয়ে কথা উঠলে সাথি শুরু করেন, ‘আমি আর সুধা ছোটবেলায় সব সময় একই রকম জামা পরতাম, তবে এখন আমরা ভিন্ন ভিন্ন রঙের জামা পরি। কারণ একই রকম জামার কোনোটা একটু নষ্ট হয়ে গেলে কে কোনটা নেব, তা নিয়ে বিশাল বিড়ম্বনায় পড়ে যাই আমরা। ছোটবেলায় আমি খুব দুষ্টু ছিলাম, সুধা ছিল চুপচাপ, আর এখন হয়ে গেছে উল্টোটা।’

নাভিদ বলছিলেন, ‘আমরা দুই ভাই একসঙ্গে বাংলাদেশের খেলা দেখি, মুভি দেখি। আবার আমাদের মধ্যে অনেক অমিলও আছে। আমি আর্জেন্টিনা সাপোর্ট করলেও আকিবের প্রিয় ব্রাজিল (অবশ্য আর্জেন্টিনা-ব্রাজিল নিয়ে আমাদের মধ্যে মারামারি নেই)। আমার ঘুরতে ভালো লাগে, আকিবের বাসায় থাকাটাই বেশি পছন্দ। ভর্তি পরীক্ষার সুবাদে আমার রাজশাহী, খুলনা, চট্টগ্রাম যাওয়া হলেও আকিব শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়েই পরীক্ষা দিয়েছে। আকিব ক্রিকেট-ফুটবল সব খেলার খবর রাখলেও আমার ওসবে তেমন আগ্রহ নেই, শুধু বাংলাদেশের খেলা দেখাতেই আগ্রহ আমার।’

নাভিদ আরও জানান, দুই ভাইয়ের মধ্যে আকিবই তুলনামূলকভাবে বেশি পড়ুয়া। তবে, গল্প-উপন্যাসে আগ্রহ আছে নাভিদেরও। আবার আকিব খেলার খবরে আগ্রহী হলেও নিজে কম খেলেন। কিন্তু নাভিদ নিজে খেলতে পছন্দ করলেও খেলায় আকিবের একেবারেই কোনো আগ্রহ নেই।

সাথি ও সুধা। ছবি: জাহিদুল করিম
সাথি ও সুধা। ছবি: জাহিদুল করিম

এবার হাসনা-হেনার গল্প। হাসনা বলতে শুরু করেন, ‘আমরা দুজনেই ছিলাম অনেক মিশুক। তাই ছোটবেলা থেকেই আমাদের অনেক বন্ধু। স্কুলের সব দুষ্টামির পেছনে আমাদের হাত থাকত। আমাদের দুজনেরই অবসর কাটে গান শুনে।’ দুই বোনের অমিলের কথা জানতে চাইলে হেনা বলেন, ‘আমাদের মধ্যে অমিলও আছে। আমি বিড়াল খুব পছন্দ করি আর বিড়াল হাসনার দুই চোখের বিষ।’

যমজ হিসেবে মজার ঘটনার অভিজ্ঞতা জানতে চাইলাম তাঁদের সবার কাছেই। সুধা হেসে বললেন, ‘একবার কোনো এক ভর্তি পরীক্ষায় সাথি ছবি আনতে ভুলে গিয়েছিল। কী করব ভেবে কূলকিনারা পাচ্ছি না। তখন সাথি হঠাত্ করে আমার ছবিটা চাইল। তারপর দিব্যি আমার ছবি দিয়ে পরীক্ষা দিয়ে এল। পরীক্ষকেরা বিষয়টা টেরই পাননি!’ গল্প শুনে সবাই একচোট হাসলেন। কিন্তু তারপর হাসতে হাসতেই নিজেদের দুঃখের কথাও জানালেন। যমজ হওয়ার কারণেই প্রায়ই তাঁরা একজনের বকা আরেকজন খেতেন! তাঁরা একসঙ্গে থাকলে রাস্তার লোকজন সবাই মুখ হাঁ করে তাকিয়ে থাকে! এই মুহূর্তগুলো ওঁরা সবাই-ই খুব উপভোগ করেন।

নাভিদ ও আকিব। ছবি: জাহিদুল করিম
নাভিদ ও আকিব। ছবি: জাহিদুল করিম

একসঙ্গে ঘোরাঘুরি প্রসঙ্গে নাভিদ বলেন, ‘আমরা সুযোগ পেলেই একসঙ্গে ঘুরতে যাই। একেক জন একেক বিশ্ববিদ্যালয়ে পড়ার কারণে খুব একটা সময় হয় না। কিন্তু এ ব্যস্ততার মধ্যেই আমরা সময় বের করে নিই।’ সাথি হেসে যোগ করেন, ‘আমরা ছয়জন একসঙ্গে বাইরে বের হলে হাসি-ঠাট্টায় মেতে থাকি। আশপাশের লোকেরা তখন এমনভাবে তাকায় যেন ভিনগ্রহের মানুষ দেখছে!’ জানান, নিজেদের এ বন্ধুত্ব যেন সব সময়ই অটুট থাকে—এটাই ওঁদের চাওয়া। গল্প করতে করতে সন্ধ্যা হয়ে আসে। সবাইকে ফিরতে হবে। চলে সংক্ষিপ্ত বিদায় নেওয়ার পালা। এক সময় তাঁরা এগিয়ে যান নিজ নিজ গন্তব্যের দিকে।