
আমার কলেজ উপজেলা সদরে হওয়ায় সেখানেই থাকতাম। বাড়ি একটু দূরে হওয়ায় মাসে দুই বা তিনবারের চেয়ে বেশি যাওয়া হতো না। বড় ভাইয়েরা সব ঢাকায় থাকেন। বাড়িতে থাকতেন মা, ছোট ভাই ও ১৩ বছরেরও বেশি সময় প্যারালাইসিসে আক্রান্ত বাবা। বাবা ভালোভাবে হাঁটতে পারতেন না। প্রায় সারাটা দিনই বিছানায় থাকতেন। সপ্তাহ শেষ হওয়ার আগেই আমাকে ফোন করতেন। ভাঙা স্বরে উচ্ছ্বসিত হয়ে বলতেন, ‘বাড়ি আসবা কখন!’ যদি একটি সপ্তাহ কোনো কারণে মিস হতো, বাবার আবেগাপ্লুত চেহারাটা আমার চোখের সামনে ভেসে উঠত। মা-ও বাড়িতে আসতে বলতেন। তবে আমার লেখাপড়ার ক্ষতি যেন না হয়। প্রায় দুই সপ্তাহ শেষে বাড়িতে এলাম ১১ সেপ্টেম্বর। প্রতিবারের মতো এবারও বাবার উচ্ছ্বসিত হওয়ার ব্যতিক্রম হলো না। আমাকে দেখেই বিছানা থেকে লাফিয়ে উঠে কাঁপা স্বরে বললেন, তুমি আসছ? আবার যাবা কবে? কেমন আছ? এবার দেরি করলা কেন? আরও কত যে প্রশ্ন তার কোনো অন্ত নেই। মূলত অসুস্থতার পর থেকে বাবা এ রকমই। কেউ কোথাও থেকে এলেই সব প্রশ্ন তাঁর একসঙ্গে করা চাই-ই চাই। উত্তরের আগেই আবার প্রশ্ন করে বসেন। সব কথা জিজ্ঞেস করতেন। কী খাই। কোথায় থাকি। কোনো কষ্ট হয় কি না। পড়াশোনা কেমন চলছে। এই একই কথা তাঁকে প্রতিবারই নতুন করে বলতে হতো। এবারও যথারীতি বলতে হলো। হঠাৎ বাবা বললেন, ‘এই তোমার চোখে ওটা কী? এটা চশমা। দেখি দেখি, আমার কাছে দাও তো?’ বাবা লালকালো ডাটির চশমাটা হাতে নিয়ে নাড়াচাড়া করে দেখে বললেন, এটা তোমার? হুম। আমি একটু পরি তো। বাবা এক হাত দিয়ে পরতে গেলেন, আমি তাঁকে পরিয়ে দিলাম। চশমাটা পরে সে কী প্রাঞ্জল হাসি! যেন অনেক বড় কোনো প্রাপ্তি। বাবা বললেন, ‘ছবি করো! ছবি করো!’ হাতে থাকা মুঠোফোন থেকে আমি বেশ কয়েকটি ছবি তুললাম। বাবা অসুস্থ থাকলেও স্বাস্থ্য ভালোই ছিল। ছবি দেখে বোঝাই যায় না যে বাবা ১৩ বছর বিছানায় আছেন। এর অন্যতম কারণ মায়ের প্রাণপণ সেবাযত্ন। বাবা আবার নিজ হাতে চশমাটা খুলে আমাকে দিলেন। এরপর বাবা অন্তিমশয়ানে। ২০১২ সালের ২৪ আগস্ট চোখের সামনেই পাড়ি জমালেন না-ফেরার দেশে। আজ মনে পড়ে। খুব বেশি মনে পড়ে সেই চশমাটা, সেই প্রাঞ্জল হাসি, সেই স্মৃতি। কিছুতেই ভুলতে পারি না। আর ভুলতেও চাই না বাবার স্পর্শের সেই চশমাটা। বাবা! যেখানেই থাকো…ভালো থেকো।
মুহম্মদ তানভীর
সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, ঢাকা।