সৌরভের প্রিয় লিওনার্দো ডিক্যাপ্রিও-অ্যাঞ্জেলিনা জোলি মায়ের উত্তম কুমার-সুচিত্রা সেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মা সুচেতা ভৌমিকের সঙ্গে সৌরভ দাস। ছবি: অধুনা
মা সুচেতা ভৌমিকের সঙ্গে সৌরভ দাস। ছবি: অধুনা
সৌরভ দাস। গণিত আর রোবট বিজ্ঞানের প্রতি আছে বিশেষ আগ্রহ। ২০১২ ও ২০১৩ সালে আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে অংশ নিয়ে দুবারই জিতে নেন ব্রোঞ্জ পদক। ২০১৩ সালে জাতীয় পর্যায়ে গণিত অলিম্পিয়াডে হন সেরাদের সেরা—চ্যাম্পিয়ন অব দ্য চ্যাম্পিয়ন! যুক্তরাষ্ট্রের এমআইটিতে (ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি) বর্তমানে গণিত এবং তড়িৎ প্রকৌশল ও কম্পিউটার বিজ্ঞান বিষয়ে স্নাতক শ্রেণিতে পড়ছেন। মা সুচেতা ভৌমিক, গৃহিণী। শীতের ছুটিতে দেশে এসেছে ছেলে। এরই ফাঁকে ‘দুই প্রজন্ম’-এর জন্য জেনে নেওয়া গেল মা-ছেলের পছন্দ-অপছন্দের কথা।

১. প্রিয় সংগীতশিল্পী...

সৌরভ দাস: তাহসান। ভালো লাগে ‘মনস্টার অ্যান্ড ম্যান’ ব্যান্ডের গান।
সুচেতা ভৌমিক: হেমন্ত মুখোপাধ্যায়, মান্না দে ও সুবীর নন্দী।
২. পছন্দের অভিনয়শিল্পী...
সৌরভ দাস: লিওনার্দো ডিক্যাপ্রিও, অ্যাঞ্জেলিনা জোলি।
সুচেতা ভৌমিক: উত্তম কুমার-সুচিত্রা সেন আর মৌসুমী-সালমান শাহ জুটি।
৩. প্রিয় নাটক বা সিনেমা...
সৌরভ দাস: পছন্দের ইংরেজি টিভি সিরিজের মধ্যে আমার ভালো লাগে ‘ওয়ান ম্যান পাঞ্চ’। সিনেমার মধ্যে দ্য ডিপার্টেড, ইনসেপশন, প্রেস্টিজ আমার খুব প্রিয়।
সুচেতা ভৌমিক: সিনেমা খুব একটা দেখা হয় না। তবে হঠাৎ বৃষ্টি, টাইটানিক আর সুচিত্রা সেন অভিনীত হারানো সুর আমার খুব প্রিয়।
৪. যোগাযোগের প্রিয় মাধ্যম...
সৌরভ দাস: এককথায় স্কাইপ। তবে ফেসবুক অতটা নয়। একবার যখন স্কাইপে যোগাযোগ বন্ধ ছিল তখন তো আমার পাগলপারা অবস্থা। দেশের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন, ওদিকে আমার মাও কান্নাকাটি জুড়ে দিয়েছিলেন।
সুচেতা ভৌমিক: ছেলের সঙ্গে স্কাইপ আর বোন ও বান্ধবীদের সঙ্গে যোগাযোগ হয় ফেসবুকে। সব সময় তো আর সবার বাসায় যাওয়ার সুযোগ হয় না, সে ক্ষেত্রে ফেসবুকই ভরসা।
৫. কদিন পরেই আসছে ভাষার মাস ফেব্রুয়ারি। একুশে ফেব্রুয়ারি কিংবা অন্যান্য জাতীয় দিবস কীভাবে উদ্যাপন করা হয়?
সৌরভ দাস: এমআইটিতে আমাদের বাংলাদেশি শিক্ষার্থীদের সংগঠন, ‘বাংলাদেশ স্টুডেন্ট অ্যাসোসিয়েশন’ আয়োজন করে দিনভর নানা অনুষ্ঠান। তাতে বাঙালি সাজপোশাকে অংশ নেন বিদেশি শিক্ষার্থীরাও। গত বছর দুটো পাঞ্জাবি উপহার দিয়েছিলাম দুই মার্কিন বন্ধুকে। উচ্ছ্বসিত সেই বন্ধুরা মুহূর্তেই ছবি তুলে পোস্ট করে ফেসবুকে। এবার আগে থেকেই পাঁচটি পাঞ্জাবি কিনে রেখেছি, যাওয়ার সময় নিয়ে যাব।
সুচেতা ভৌমিক: মেয়েকে নিয়ে বাইরে বেরোই, শহীদ মিনারে ফুল দিতে যাই। সৌরভের বাবা গৌতম বুদ্ধ দাস আবার চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। সেখানে আয়োজিত অনুষ্ঠানেও যোগ দিতে যাই মাঝেমধ্যে।
৬. শখের বসে যা করতে ভালো লাগে...
সৌরভ দাস: দাবা আর ফুটবল খেলা আমার কাছে নেশার মতো।
সুচেতা ভৌমিক: সময় পেলেই আমার সেলাই করতে ভালো লাগে।
৭. প্রিয় বন্ধু...
সৌরভ দাস: আমি বন্ধুপ্রিয় মানুষ। আমার ক্ষেত্রে ‘বন্ধু ছাড়া লাইফ ইম্পসিবল’! এত্ত এত্ত বন্ধুর নাম একত্রে বলা অসম্ভব।
সুচেতা ভৌমিক: রুনু আমার সবচেয়ে প্রিয় বান্ধবী।
৮. অবসর কাটে যেভাবে...
সৌরভ দাস: ওখানে সময় পেলে বন্ধুরা মিলে সিনেমা দেখতে যাই। দেশে এলে বন্ধুদের সঙ্গে চুটিয়ে আড্ডা দিই।
সুচেতা ভৌমিক: পত্রিকা পড়ি, ফেসবুকে ঢুঁ মারি। আর সবদিক সামলে সময় হলে বোনের বাসায় বেড়াতে যাই।
৯. প্রিয় লেখকের প্রিয় বই...
সৌরভ দাস: মুহম্মদ জাফর ইকবালের লেখা অমানুষ ও জে কে রাওলিংয়ের লেখা হ্যারি পটার।
সুচেতা ভৌমিক: আমার পছন্দ কবিতার বই। জীবনানন্দ দাসের লেখা ‘আবার আসিব ফিরে’ আমার খুব প্রিয়।
১০. প্রিয় খাবার...
সৌরভ দাস: চীনা আর মেক্সিকান খাবার। দেশি খাবারের মধ্যে চাঁদপুরের ইলিশ আর মায়ের হাতের রান্না করা রোস্ট।
সুচেতা ভৌমিক: শুঁটকি ভর্তা, ইলিশ মাছ
আর মাংসের মধ্যে মুরগির মাংসটাই বেছে
নিই আমি।
১১. প্রিয় পোশাক...
সৌরভ দাস: শার্ট-প্যান্ট। উৎসব-অনুষ্ঠানে পাঞ্জাবি পরি। ফরমাল কোট-প্যান্টও পরা হয় কখনো কখনো।
সুচেতা ভৌমিক: অনুষ্ঠানে শাড়ি পরি। আর অন্য সময় সালোয়ার-কামিজ, জিনস ও ফতুয়া পরি।
১২. প্রিয় রং...
সৌরভ দাস: কালো আর গাঢ় নীল।
সুচেতা ভৌমিক: হালকা নীল। রাতের অনুষ্ঠানের জন্য বেছে নিই লাল রঙের শাড়ি।
১৩. প্রিয় ঋতু...
সৌরভ দাস: যুক্তরাষ্ট্রে গ্রীষ্মকাল আর দেশে পছন্দ বসন্তকাল।
সুচেতা ভৌমিক: শীত।
১৪. প্রিয় উৎসব...
সৌরভ দাস: ঐতিহাসিক দিক দিয়ে স্বাধীনতা দিবসকেই আমার কাছে বেশ উৎসবমুখর মনে হয়।
সুচেতা ভৌমিক: পয়লা বৈশাখের বর্ষবরণ উৎসব।