হ্যান্ডশেক, আলিঙ্গন না চুমু?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাবেক ফরাসি প্রেসিডেন্ট নিকােলা সারকোজি ও জার্মানির চ্যান্সেলর আঙ্গেলা ম্যারকেল পরষ্পরকে স্বাগত জানাচ্ছেন।
সাবেক ফরাসি প্রেসিডেন্ট নিকােলা সারকোজি ও জার্মানির চ্যান্সেলর আঙ্গেলা ম্যারকেল পরষ্পরকে স্বাগত জানাচ্ছেন।

জাত ফরাসি হয়েও জিল দেবুইনো প্রথম সাক্ষাতে চুমু খাওয়া নিয়ে সংশয়ে পড়ে যান। দেবুইনো বুঝতে পারেন না কজনকে চুমু খাওয়া উচিত, কেননা ফ্রান্সের বিভিন্ন অঞ্চলে এই রীতি আলাদা। যুক্তরাষ্ট্র, ইংল্যান্ড কিংবা জার্মানিতে বলিষ্ঠ হ্যান্ডশেক বা করমর্দনের মাধ্যমেই স্বাগত জানানোর রীতি। আরব দেশগুলোতে পুরুষেরা চুমু খাবে পুরুষকে আর নারীরা নারীকে। জাপানে চুমু বা হ্যান্ডশেক অনেক দূরের বিষয়, স্বাগত সম্মাননার রীতি মাথা নোয়ানো অভিবাদনে। বিবিসিতে মার্ক জোহানসনের প্রতিবেদন অবলম্বনে এই লেখায় উঠে এসেছে স্বাগত জানানোর নানা বিষয়।

জিল দেবুইনো বেড়ে উঠেছেন ফ্রান্সের তুলুজ অঞ্চলে। ৪০ বছর বয়সী এই সফটওয়্যার প্রকৌশলী বলেন দেশের অন্য অঞ্চলের কারও সঙ্গে দেখা হলে, ‘সব সময়ই একটা অস্বস্তির মুহূর্ত ঘিরে ধরে, কখন থামতে হবে। নাকি আপনি পরের জনের এবং তার পরের জনের গালে চুমু খেতে থাকবেন? ’ কারণ ফ্রান্সের বিভিন্ন অঞ্চলে এই সংখ্যাটা ভিন্ন। ব্রিটানিতে সবচেয়ে কম বা মাত্র একজনকে আর লোয়াহ উপত্যকায় সবচেয়ে বেশি, চারজনকে।

ফরাসি দেশে গালে চুমু খেয়ে স্বাগত জানানোর এই রীতি ‘লা বিজ’ হিসেবে পরিচিত। এটা বিপরীত লিঙ্গের মানুষদের মধ্যেই সবচেয়ে বেশি চর্চিত। তবে নারীতে-নারীতেও এটা প্রচলিত। আর পুরুষের সঙ্গে পুরুষের মধ্যে এটা খুবই আন্তরিকতার ব্যাপার। ঘনিষ্ঠ বন্ধু বা পরিবারের সদস্যদের কেউ এটা আশা করতে পারেন কিন্তু অফিসের নতুন সহকর্মী বা নতুন ব্যবসায়িক অংশীদার নয়। ফরাসি লা বিজ বা গালে চুমু খাওয়ার এই রীতি ইউরোপের অন্য অনেক অঞ্চলে প্রচলিত থাকলেও রীতিতে ভিন্নতা আছে।


যুক্তরাষ্ট্র, ইংল্যান্ড ও জার্মানিতে বলিষ্ঠ করমর্দনের মধ্য দিয়ে নব পরিচিতদের স্বাগত জানানোটাই রীতি। তাই ২৫ বছরের তরুণ স্টিফেন রিনালডি ইতালির আবরুজ্জো অঞ্চলে চাকরি করতে এসে খানিকটা বিপদেই পড়ে গিয়েছিলেন। গালে চুমু খাওয়ার ব্যাপারটা সামাল দিতে একটা বুদ্ধি বের করলেন রিনালডি। ভাবলেন, নিজে থেকে আগে বেড়ে চুমু খাওয়ার ঝামেলায় না গেলেই হলো, যার ইচ্ছা সে এসে যত খুশি চুমু খাক। কিন্তু এই বুদ্ধিতে ব্যাপারটা না মেটায় মনোযোগ দিয়ে রীতিটা শেখার চেষ্টা করলেন এই আমেরিকান-

‘সব সময় দুই গালেই চুমু খেতে হবে। প্রথমে ডান গালে পরে বাম গালে। আর সরাসরি ঠোঁট দিয়ে গাল স্পর্শ করা যাবে না। এটা আসলে গালে গাল ছুঁয়ে মুখে মৃদু চুমুর শব্দ করার মতো একটা ব্যাপার।’

দুবাইয়ে ফ্রিল্যান্স ডিজিটাল মার্কেটিং কনসালট্যান্ট হিসেবে কাজ করেন কাশিফ এ। দুবাই এক্সপ্যাট ব্লগ নামে নিজের ব্লগে নিয়মিত সাংস্কৃতিক ভিন্নতা নিয়ে লেখেন তিনি। কাশিফ বলেন, ‘আরব দেশগুলোতে জনপরিসরে নারী-পুরুষে চুমু খাওয়ার কোনো রীতি নেই। এমনকি কোথাও কোথাও এটা শাস্তিযোগ্য অপরাধ। কিন্তু একজন পুরুষ আরেকজন পুরুষকে চুমু খাচ্ছে এবং হাত ধরাধরি করে হাঁটছে এই দৃশ্য অতি সাধারণ।’ তিনি আরও বলেন, ‘দুজন পুরুষকে পাশাপাশি হাত ধরাধরি করে হাঁটতে দেখলে বুঝতে হবে তাঁরা খুবই ঘনিষ্ঠ বন্ধু।’

২০০৫ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ সৌদি যুবরাজের সঙ্গে দেখা করার পর হয়তো এই বিষয়টা জানতে পেরেছিলেন। গণমাধ্যমে তাঁদের হাত ধরাধরি করে হাঁটার ছবি প্রকাশিত হলে পশ্চিমা দুনিয়ায় তা ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছিল এবং তুমুল আলোচিত হয়েছিল। কেননা, যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা সমাজে দুই পুরুষের এমন হাত ধরাধরি করে হাঁটার ভিন্ন অর্থ হতে পারে।

অনেক দেশ আছে যেখানে গালে চুমু খাওয়া বা হ্যান্ডশেকের মতো বিষয়গুলো ঐতিহ্যবাহী রীতি নয়। চীনে নতুন কারও সঙ্গে দেখা হলে হালকা করমর্দনের পর আপনার কাছে জানতে চাওয়া হবে ‘আপনি কি খেয়েছেন? ’ এটা আসলে লাঞ্চ বা ডিনারের আমন্ত্রণ নয়। বরং ‘আপনি কেমন আছেন? ’ এর মতোই একটা স্বাগত সম্ভাষণ।

জাপানে মাথাই নুইয়ে অভিবাদন জানানোটাই অতিথি বা নবাগতকে স্বাগত জানানোর রীতি। কিন্তু এই মাথা নোয়ানো আর শারীরিক ভঙ্গিমার পার্থক্যের কারণে তার নানা রকম অর্থ হতে পারে। সান ফ্রান্সিসকোর তরুণী সিয়োভান সুলিভান জাপানে গিয়েছিলেন ইংরেজি ভাষা শেখানোর জন্য। সেখানকার একটা স্কুলে চাকরি নেওয়ার পর সুলিভান জাপানি এই সম্ভাষণের তরিকা নিয়ে মুশকিলে পড়েন। স্কুলের প্রধান শিক্ষকের কক্ষে গিয়ে তাঁকে অভিবাদনের সময় মাথা নোয়ালেও সুলিভান তাঁর চোখের দিকে চেয়ে ছিলেন। জাপানি ঐতিহ্যে যে এটা অসম্মানজনকভাবে তাঁকে তাচ্ছিল্য করা তা তো আর সুলিভান জানতেন না।

সুলিভান পরে এতটাই নিখুঁতভাবে জাপানি অভিবাদন রপ্ত করেন যে, তাঁর স্কুলের অন্যান্য শিক্ষক-শিক্ষিকারা তাঁকেই দায়িত্ব দেন ছেলেমেয়েদের যথাযথভাবে এই অভিবাদন শেখানোর। এই তরুণী জানান, জাপানে অন্যদের অভিবাদন জানানোর সময় তাঁর চোখের দিকে না তাকিয়ে মাটিতে তাকাতে হবে। কেবল মাথা ও ঘাড় বাঁকিয়ে নিচু করলেই হবে না। দুই বাহু জোরালোভাবে দেহের সঙ্গে মিশিয়ে রেখে যতটা সম্ভব নিচু হতে হবে। আর বয়স্ক কিংবা ঊর্ধ্বতন কর্মকর্তাদের অভিবাদন জানানোর সময় খেয়াল রাখতে হবে যে, আপনি যেন মাথা নুইয়ে তাঁর চেয়েও বেশি নিচুতে কোমর নোয়াতে পারেন।