
প্রতিটি জন্মদিনে আম্মু আমাকে একটা চিঠি লেখে। এবারও ভোলেনি। উত্তরবঙ্গের শহর থেকে পিয়ন সেই চিঠিটুকুতে মাখানো আমার মায়ের সমস্ত মায়া ঠিক ঠিকই পৌঁছে দেয় ডাকঘরে। আম্মুর সেই চিঠি কুড়িগ্রাম, লালমনিরহাট, রংপুর, গাইবান্ধা, টাঙ্গাইল হয়ে শেষে ঢাকা পৌঁছায়। কত পথ! কত দূর! তবু চিঠিটা হাতে পাই সময়মতো। পড়ি, মন ভরে না, আবার পড়ি। কী যে আদরমাখা প্রতিটা লাইন! শব্দগুলো কানে বাজে। বারবার পড়েও মন ভরে না, পকেটে রেখে অফিস করি, সংবাদ সম্মেলনে যাই, খসখস করে টুকে নিই নোট।
তখনো আমার মগজের প্রতিটি শব্দের অনুরণনে আম্মুর চিঠি। তাই ক্রাইমের খবর, অপরাধী ধরা পুলিশের বড় কর্তার উচ্ছ্বাস—সবকিছু কেমন যেন পাশ কাটিয়ে চলে যায়। চিঠিটার কথা মনে হলেই প্রতিটি লাইন কে যেন কানের কাছে পড়ে শোনায়। শেষ লাইনটা ছিল ‘অশ্রুমাখা লেখাটুকু শেষ করলাম’। এটুকু পড়তে গিয়ে গলাটা একটুখানি কেঁপে উঠল যেন। আমার বুকের ভেতর কী একটা মোচড় দিয়ে ওঠে। অযথাই সবার সামনে লজ্জা দিয়ে চোখে পানি চলে আসে।
২০০৭ সালের কথা, আমি তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। হঠাৎই আম্মুর শরীরে ক্যানসার ধরা পড়ল। ক্যানসারকে সঙ্গী করে মায়ের বেঁচে থাকার সংগ্রাম শুরু হলো। কখনো শরীর কিছুটা ভালো আবার খারাপ। দুশ্চিন্তা হয়। অসুখ পিছু ছাড়ে না। চিকিৎসকেরা ঠিকঠাক করে কিছু বলেন না।
চিকিৎসার জন্য অনেক টাকা লাগবে। আমাদের অত টাকা নেই। সারা দিন মুখ কালো করে সমাজবিজ্ঞান বিভাগের সামনে ঘুরঘুর করি। বাসায় গেলে আম্মুর সামনে জোর করে হাসি। কিন্তু আম্মু ঠিকই সব টের পেয়ে যায়। শেষে আমার বন্ধুরা মিলে টিএসসিতে একটা কনসার্ট করল, ‘মায়ের জন্য গান’। আমার আম্মুর জন্য গান গাইলেন দেশের কত বড় বড় শিল্পী। তারপর আরও কত কী যে করেছি বন্ধুদের সহযোগিতা নিয়ে, তার কোনো হিসাব নেই। ওরা না থাকলে আম্মুকে সারিয়ে তোলার সাহসটুকু পেতাম না।
আমার আম্মু আমাকে আর কোনো জন্মদিনে চিঠিও লিখত না। তারপর আমি আর আম্মু, দুজনে মিলে বিদেশে গেলাম। আমি জানি, অন্য কিচ্ছু না, শুধু সবার ভালোবাসার জোরে আমার আম্মু এখনো আমার সঙ্গে আছে। আম্মু, তোমাকে অনেক ভালোবাসি মা। প্রার্থনা করি তুমি যেন আমার পাশে আরও অনেক দিন থাকতে পারো। শরীরের সব কষ্ট স্বীকার করে তুমি যে আজও আমাদের গ্রামের স্কুলে পড়াও, আমি জানি সেও আমার কথা ভেবেই করো। আমার মতো পড়ালেখা শিখে গ্রামের ছেলেমেয়েরা যাতে একদিন বড় হয়, সেই আশায় তুমি শিক্ষকতা ছাড়োনি। এমনকি দেশের বাইরে যে কয়েকবার অপারেশন কিংবা কেমোথেরাপি নিতে গিয়েছ ততবার উদগ্রীব ছিলে কখন আবার পড়ানো শুরু করবে তোমার ক্লাসভরা বাচ্চাদের।
মাঝে মাঝে ভাবি, থাক না মা, আর কত? অনেক তো হলো, আমার কি তোমাকে একটু কাছে পেতে ইচ্ছে করে না? জন্মদিনে একটা চিঠি পেলেই কি মনে ভরে বলো?
বলা হয় না। কথাগুলো আমার মনের মধ্যেই রয়ে যায়। এ শহরে আম্মুর একটা মোটে ছেলে থাকে, আর গ্রামে কত কত ছেলেমেয়ের ‘মা’ হয়ে রয়েছে আমার আম্মু!
আমি ফের জন্মদিনের অপেক্ষায় থাকি। অনেক দূর থেকে, অনেক পথ ঘুরে, আমার মায়ের আদরমাখা এক টুকরো কাগজ হাতে আসবে। কে যেন আমার কানের কাছে চুপচাপ শুনিয়ে যায় ‘অশ্রুমাখা লেখাটুকু শেষ করলাম’।
লেখক: সাংবাদিক