ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) পরিচালকের কক্ষে পশ্চিম কোনায় কাচের একটি বাক্স আছে। ভেতরে একটি চেয়ার। কাচ-বাক্সের গায়ে কালো গোটা গোটা অক্ষরে লেখা চেয়ারটির ইতিহাস। ওপরে উদ্ধৃতি চিহ্নের ভেতর লাল অক্ষরের শিরোনাম, ‘ওই মহামানব আসে’। না, কবিগুরুর অমর এই পঙ্ক্তি সেদিন সত্যি হয়নি। মহামানব আসেননি। ঘাতকের নির্মম বুলেট তাঁকে আসতে দেয়নি। সেই চেয়ারে তাঁর বসাও হয়নি।
১৯৭৫ সালের ১৫ আগস্ট ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন। স্বাধীন বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয়ে প্রথম সমাবর্তন। স্বাধীন ভূখণ্ডের প্রথম আচার্য হিসেবে স্বাভাবিকভাবেই তাতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যোগ দেওয়ার কথা ছিল। মনোরম সাজে সাজানো হয়েছিল বিশ্ববিদ্যালয় আঙিনা। টিএসসির অনুষ্ঠান মঞ্চও ছিল পুরোপুরি প্রস্তুত। কাঠের ফ্রেমে ফোম বসানো নতুন একটি চেয়ারও বানানো হয়েছিল, যে চেয়ারে এসে বসবেন বঙ্গবন্ধু। কিন্তু সেই চেয়ারে তাঁর আর বসা হলো না।
এরপর তো শুরু হলো ভয়ংকর মাতাল সময়। বঙ্গবন্ধুকে দেওয়ার জন্য প্রস্তুত মানপত্র, রৌপ্যনির্মিত উপহারসামগ্রী, ক্রেস্ট প্রভৃতি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীরা যে যেভাবে পেরেছিলেন, লুকিয়ে ফেলেছিলেন। এই ধারাবাহিকতায় চেয়ারটির স্থান হয়েছিল টিএসসির গুদামঘরে। সেখানেই অযত্ন-অবহেলায় পড়েছিল অনেক বছর। ২০১৬ সালে টিএসসির কর্মকর্তা-কর্মচারীরা চেয়ারটির বিশেষত্ব বিষয়ে তৎকালীন উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিকের নজরে আনেন। তিনি এটি সংরক্ষণের বিশেষ ব্যবস্থা নেন। আরেফিন সিদ্দিকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, মানপত্রসহ অন্যান্য উপহারসামগ্রী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘরকে দেওয়া হয়েছে, চেয়ারটি আমরা বিশ্ববিদ্যালয়ে রেখে দিয়েছি। এটি তো কেবল মামুলি একটি চেয়ার নয়, জাতির জনকের জন্য বানানো চেয়ার। তিনি বসতে পারেননি। জাতির শ্রেষ্ঠ বিদ্যাপীঠ আর শ্রেষ্ঠ সন্তানের সঙ্গে এই চেয়ারের সম্পর্ক রয়েছে। বস্তুটি জড় কিন্তু জীবন্ত সত্তার মতোই এটি বহন করছে সেসব স্মৃতি।
সত্যিই তা–ই, ৪৭ বছরের স্মৃতি লেগে আছে এই চেয়ারে। টিএসসির পরিচালকের কক্ষে অনেকেই এটি দেখতে আসেন। বিভিন্ন ছাত্রসংগঠন ও টিএসসিভিত্তিক বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে মাঝেমধ্যে প্রদর্শনের ব্যবস্থা করা হয়।