ফলকে জ্বলজ্বল করছে বীর শহীদদের নাম
১৯৭১ সালের মুক্তিযুদ্ধে পাকিস্তান হানাদার বাহিনী ও তাদের এ দেশীয় দোসরেরা বাংলাদেশের মুক্তিযোদ্ধা, বিশিষ্টজন, বুদ্ধিজীবী, সাধারণ মানুষকে ধরে নিয়ে হত্যা করার জন্য কিছু জায়গা বেছে নিয়েছিল। নৃশংস হত্যাকাণ্ডের সাক্ষী হয়ে দেশের নানা প্রান্তে ছড়িয়ে আছে এমন অনেক স্থান। কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের ক্যাম্পাস কিংবা ক্যাম্পাসসংলগ্ন এলাকায়ও মিলেছে বধ্যভূমির খোঁজ। এ সময়ের তরুণ শিক্ষার্থীরা যখন নিজ ক্যাম্পাসের বধ্যভূমির কাছে যান, কী উপলব্ধি হয় তাঁদের? বধ্যভূমির ইতিহাস তাঁরা কতখানি জানেন? শিক্ষার্থীদের কাছ থেকে লেখা আহ্বান করেছিলাম আমরা। এখানে পড়ুন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অর্ণব সাহার লেখা
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের খুব কাছে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের এ দেশীয় দোসরদের সহযোগিতায় গড়ে ওঠে একটি বধ্যভূমি। ক্যাম্পাসের বৈশাখী চত্বরের বাঁ দিকে বধ্যভূমিটির অবস্থান। সেখানে একটি স্মৃতিস্তম্ভ আছে। একটি ফলকে জ্বলজ্বল করছে বীর শহীদদের নাম। তাঁদের মধ্যে কেউ ছিলেন শিক্ষক, কেউবা ছাত্র, কেউ বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা। শহীদদের সম্মানে বিশ্ববিদ্যালয়ের তিনটি আবাসিক ছাত্রাবাসের নাম রাখা হয়েছে তাঁদের নামে। সেগুলো হলো—শহীদ নাজমুল আহ্সান হল, শহীদ শামসুল হক হল, শহীদ জামাল হোসেন হল।
শুনেছি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকসংলগ্ন ব্রহ্মপুত্র নদের পাড়ে গণকবর দিয়েছিল হানাদার বাহিনী। ময়মনসিংহ শহর ও আশপাশের বাসিন্দাদের মধ্যে শিক্ষক, কৃষিবিদ, চিকিৎসক, প্রকৌশলী, সাংবাদিক, আইনজীবী, সাহিত্যিক, সংস্কৃতিসেবী ও পদস্থ সরকারি-বেসরকারি কর্মকর্তা কেউ রেহাই পাননি। দেশ স্বাধীন হওয়ার পর এই গণকবরের কাছে আপনজনদের খুঁজে ফিরেছেন অনেকেই।
যখনই বধ্যভূমির সবুজ ঘাসে পা রাখি, শরীরে শিহরণ জাগে। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের স্মৃতিবিজড়িত এবং মুক্তিযুদ্ধের আত্মত্যাগের অন্যতম সাক্ষী হচ্ছে এই বধ্যভূমি। এটি সম্পর্কে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আরও বেশি জানার চেষ্টা করবে, শহীদদের আদর্শ বুকে ধারণ করে সামনের পথ চলবে, এটাই প্রত্যাশা।