‘যাপন নয়, উদ্যাপন’ যাঁদের স্লোগান
কৃষি বিষয়ের ছাত্র হওয়া সত্ত্বেও ক্লাসের চাপে কৃষি ও ঋতুভিত্তিক উৎসবগুলোও ঠিকঠাক উদ্যাপন করতে পারতেন না বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এসব উৎসব আয়োজনের কোনো প্ল্যাটফর্মও ছিল না। বিষয়টি নিয়ে ভাবছিলেন প্রথম বর্ষের গুটিকয় শিক্ষার্থী। সময়টা ২০১৯ সাল। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ১০-১৫ জন শিক্ষার্থী মিলে এমন একটি প্ল্যাটফর্ম তৈরির উদ্যোগ নিলেন, যার মাধ্যমে ক্যাম্পাসে কৃষি ও ঋতুভিত্তিক উৎসব আয়োজন করা হবে। ব্যস। ‘যাপন নয় উদ্যাপন’—এই স্লোগান সামনে রেখে শুরু হয় ‘টিম উৎসব’-এর পথচলা।
প্রথম আয়োজনেই সবাইকে চমকে দিয়েছিল টিম উৎসব। চা নিয়ে ব্যতিক্রমী এই আয়োজনে নানা রকম চা পানের সুযোগ যেমন ছিল, তেমনি বাড়তি হিসেবে ছিল সাংস্কৃতিক আয়োজন। এই উৎসবের মাধ্যমে শিক্ষকদেরও নজরে এসে পড়েন টিম উৎসবের সদস্যরা। তাঁদের পথচলাটা সহজ হয়ে যায়।
কিন্তু আনুষ্ঠানিক যাত্রার কিছুদিনের মধ্যেই শুরু হয় করোনা। অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের মতো বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ও লম্বা সময়ের জন্য বন্ধ হয়ে যায়। কঠিন এই সময়েও সক্রিয় ছিল টিম উৎসব। সবাই যখন ঘরবন্দী জীবন কাটাচ্ছেন, তখন টিম উৎসব আয়োজন করে ‘চিঠি উৎসব’। যেখানে ক্যাম্পাস জীবনের নানা স্মৃতি আবেগঘন বার্তায় তুলে ধরেন শিক্ষার্থীরা। টিম উৎসবের ফেসবুক পেজে খোলা চিঠি আকারে প্রকাশিত হয় সেসব লেখা।
শুধু চিত্তবিনোদন নয়, উৎসবের মাধ্যমে সামাজিক কাজগুলোতেও বেশ গুরুত্ব দেন দলের সদস্যরা। এই যেমন মহামারিকালে তাঁরা আয়োজন করেন ‘আর্ট ফর হিউম্যানিটি’। নিজেদের তৈরি শিল্পকর্ম বিক্রি করে সমাজের খেটে খাওয়া অসহায় মানুষের জন্য তহবিল গঠন করেন।
তবে এই সংগঠনের সবচেয়ে বড় আয়োজন বসন্ত উৎসব। কনসার্ট, নাগরদোলা, উদ্যোক্তা স্টল, কাঠিনৃত্য, ঘুড়ি উৎসবের মতো বাঙালিয়ানায় ভরপুর এই আয়োজন। শুধু শিক্ষার্থীরাই নন, শিক্ষকেরাও মজেছিলেন। বসন্ত উৎসবের ধারাবাহিকতায় টিম উৎসব আয়োজন করে শ্রাবণ উৎসব। এখানেও ছিল শিক্ষক-শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ।
কিন্তু এত এত উৎসব আয়োজনের অর্থ নিশ্চয়ই একটা বড় মাথাব্যথা। টিম উৎসবের সাধারণ সম্পাদক ও কৃষি অনুষদের শিক্ষার্থী হাফসা তাসনিমের কাছে জানতে চাওয়া, কীভাবে তাঁরা এই সমস্যার সমাধান করেন? তিনি বলেন, ‘আমরা যখন শুরু করি, তখন আমাদের কাজগুলো মানুষকে বোঝাতে সমস্যা হতো। তখন আমরা সদস্যরা মিলে ও শিক্ষকদের সহযোগিতায় টাকা তুলে উৎসবগুলোর আয়োজন করতাম। এখন ক্যাম্পাস ও ক্যাম্পাসের বাইরে আমাদের পরিচিতি বেড়েছে। কৃষিবিষয়ক বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠানের কাছ থেকে আমরা স্পনসরশিপ পাচ্ছি।’
ক্যাম্পাসের গণ্ডি পেরিয়ে বাইরেও টিম উৎসবের জনপ্রিয়তা বাড়ছে। হুমায়ূন আহমেদের জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত হুমায়ূন উৎসবই তারই প্রমাণ। ‘অনন্ত নক্ষত্রবীথি’ ও ‘একজন হুমায়ূন’ শিরোনামে অনলাইনে আয়োজিত এই উৎসবে তিন ক্যাটাগরিতে দেশের প্রায় সবগুলো পাবলিক ও বেশ কিছু বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেন। শিক্ষার্থীদের এমন অবিশ্বাস্য সাড়ায় স্বপ্নের পরিধিও বাড়ছে টিমের সদস্যদের। হাফসা তাসনিম বলেন, ‘আমরা সব সময় চেয়েছি কৃষি ও ঋতুভিত্তিক উৎসবগুলো যেন হারিয়ে না যায়। আমাদের তরুণ প্রজন্ম যেন উৎসবগুলো নিজেরা পালন করে। শিক্ষার্থীদের কাছ থেকে যেমন সাড়া পাচ্ছি, তাতে আমরা দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়েও টিম উৎসবের ধারণা ছড়িয়ে দিতে পারব বলে আশা রাখি।’