মেয়েদের কাছে বাবারা বোধ হয় এমনই হয়
আগামীকাল বাবা দিবস। দিনটি উপলক্ষে বাবাকে শ্রদ্ধা জানাতে পাঠকের কাছে লেখা চেয়েছিল ‘ছুটির দিনে’। আমাদের আহ্বানে সাড়া দিয়ে লেখা পাঠিয়েছেন বিপুল পাঠক। নির্বাচিত একটি লেখা পড়ুন এখানে।
ছোটবেলায় আমরা চট্টগ্রামে থাকতাম। বাবা নৌবাহিনীতে চাকরি করতেন। সে সময় ঝড়ের রাতগুলো ছিল আমার কাছে সবচেয়ে ভয়ের। ঝড়ের সিগন্যাল বাড়ার কিছুক্ষণের মধ্যেই বাবাকে চলে যেতে হতো জাহাজে। তাড়াহুড়ো করে মোয়া-নাড়ু বানিয়ে বাবার হাতে দিতেন মা। বাবা বাসা থেকে যাওয়ার সময় দেখতাম শুকনা মুখে দরজায় দাঁড়িয়ে আছেন মা। অত কিছু তখন আমি অবশ্য বুঝতাম না। তবে একটা বিপদের আঁচ ঠিকই পেতাম।
রাতে বাবার কাছে গল্প শুনে শুনে ঘুমানো আমার অভ্যাস। বাবা চলে গেলে তাঁকে ছাড়া একদমই ঘুম আসত না। তখন বাসার বড় জানালাটার পাশে বসে বাবার ফেরার অপেক্ষা করতাম। সেসব ঝড়ের রাত, ঘন কালো মেঘ, বিদ্যুৎ চমকানোর সঙ্গে বিকট আওয়াজ আর কনকনে ঠান্ডা বাতাস আমার স্মৃতিতে আজও স্পষ্ট!
তারপর সকাল হতো। ধীরে ধীরে মেঘ সরে আকাশে উঁকি দিত মিষ্টি সূর্য! ঝড়ের সিগন্যালও কমতে থাকত। একসময় বাসায় ফিরতেন বাবা। বাবাকে দেখতেই এক দৌড়ে কোলে উঠে পড়তাম।
চট্টগ্রামে থাকতেই আরেকটি মজার ঘটনা ঘটেছিল। এটা অবশ্য আমার স্মৃতিতে নেই, মায়ের কাছে শোনা। থাকবেই বা কী করে, আমার বয়স যে তখন দুই কী আড়াই বছর। কী একটা কোর্সে অংশ নিতে যেন কাপ্তাই গেছেন বাবা। বাসায় একা না থেকে আমাকে নিয়ে নানাবাড়ি চলে গেলেন মা। তখন চিঠির যুগ। মার সঙ্গে চিঠিতেই যোগাযোগ হতো। কোর্সের শেষ দিকে বাবা চিঠিতে লিখলেন, ‘মিমের (আমার ডাকনাম) জন্য কী আনতে হবে জানিও।’ বাবার কথাটা মা আমাকে বলতেই আমি নাকি বলেছিলাম, ‘আমার জন্য পাত্তা (পাঁচটা) জামা আনতে হবে।’ গুনে গুণে পাঁচটা জামা নিয়েই হাজির হলেন বাবা।
মেয়েদের কাছে বাবারা বোধ হয় এমনই হয়। সব শখ-আহ্লাদ পূরণের জায়গা। বাইরে থেকে যতটা শক্ত, ভেতরে ঠিক ততটাই নরম। এখনো তো যতবার ভুল পথে যাই, ফিরিয়ে এনে ছায়ার মতো আগলে রাখেন বাবা নামের বটবৃক্ষ।