এই পেশা অনেক মেয়ের জীবন বাঁচিয়ে দেয়
পেশায় একটি ফ্যাশন হাউসের বিক্রয়কর্মী ফেরদৌসি রহমান। রাজধানীতে ১৪ বছর ধরে কাজটি করছেন। নারী বিক্রয়কর্মী হিসেবে কাজটা সহজ ছিল না। তাঁর জীবনের গল্প শুনেছেন জোহরা শিউলী
ঘরে বসে কাপড়ে ব্লক-বাটিক, গায়েহলুদের ডালা সাজানো, পিঠা বানানো প্রভৃতি খুচরা কাজ করতাম। যা আয় হতো তা দিয়ে নিজের হাত খরচ হয়ে যেত। কিন্তু ২০০৭ সালে বাবাকে হারিয়ে কঠিন বাস্তবতার মুখোমুখি হলাম। বুঝতে পারলাম, নিজের পায়ে দাঁড়াতে হবে। আমাকে স্বাবলম্বী হতে হবে।
ফ্যাশন হাউস কে-ক্র্যাফট বিক্রয়কর্মীর জন্য বিজ্ঞপ্তি দিয়েছিল। বন্ধু তাহমিনা আহমেদ আবেদন করতে উৎসাহ দিল। ওর এক আত্মীয় ওখানে কাজ করতে। ২০০৮ সালের জুনে বিক্রয়কর্মীর চাকরিটা পেলাম। এখনকার তুলনাও বিক্রয়কর্মীর কাজকে তখন নিচু চোখে দেখা হতো। আমারও মনে হতো, বাবা বেঁচে থাকলে আমিও হয়তো এই পেশায় আসতাম না।
নারী বিক্রয়কর্মীকে অনেক অমসৃণ পথ পাড়ি দিতে হয়। পরিবারের লোকদের এই পেশায় আসতে রাজি না হওয়া, পরিবারের সহায়তা না পাওয়া—পদে পদে নানা কষ্টের মধ্য দিয়ে তাঁদের এই চাকরি টিকিয়ে রাখতে হয়
শুরু হলো আমার বিক্রয়কর্মীর জীবন, হাসিমুখে ক্রেতার সামনে দাঁড়ানোর চেষ্টা। অনেক ক্রেতাই ভালো ব্যবহার করত না। কোনো পণ্য নিয়ে কথা শুরু করার পরপরই থামিয়ে দিত কেউ কেউ। অনেকে আবার আন্তরিকভাবে কথা শুনেও শেষমেশ পণ্যটা কিনত না! নিজেকে তখন বড় অসহায় লাগত। চাকরি ছেড়ে পালাতে ইচ্ছে করত।
দিনে দিনে অভ্যস্ত হয়ে উঠলাম। চ্যালেঞ্জগুলো ডিঙালাম। ১৪ বছর এক প্রতিষ্ঠানে সম্মানের সঙ্গে কাজ করছি। বিক্রয়কর্মীর রোজকার রুটিন একই নিয়মে চলে। ক্রেতাকে সালাম দেওয়া, শুভেচ্ছা বিনিময়, হাসিমুখে কথা বলা, পণ্যের গুণগত মান ব্যাখ্যা করা, দাম সম্পর্কে তথ্য দেওয়া, অর্ডার গ্রহণ ও বিদায় জানানো—এই তো কাজ। প্রতিনিয়ত একই কাজ করতে করতে কখনো কখনো হাঁপিয়ে উঠি, সেলসের জবকে মনে হয় বিরক্তিকর।
অনেক ক্ষেত্রে বিক্রয় বৃদ্ধির জন্য চাপ দিতে থাকে প্রতিষ্ঠান। এ অবস্থায় অনেকেই নিজের দক্ষতা বিষয়ে সন্দিহান হয়ে উঠতে শুরু করে। নিজের সীমাবদ্ধতায় হতাশ হয়ে পড়ে। বহু বিক্রয়কর্মী ভেঙে পড়েন। বিক্রয় পেশা ঠিক তাঁর জন্য নয়, এমনটা বিশ্বাস করতে
থাকেন। অনেকে প্রতিষ্ঠান বদলের জন্য মরিয়া হয়ে ওঠেন। কিন্তু সেখানেও এমন অভিজ্ঞতা হলে নিজেকে দোষারোপ করতে শুরু করে। এমন পরিস্থিতি থেকে উত্তরণের পথও খুঁজে পান না। কখনোবা সেলস ছেড়ে অন্য পেশায় যেতে মরিয়া হয়ে ওঠেন। অনেকের কাছেই গ্রামে ফিরে গিয়ে মাঠে কৃষিকাজ করে খাওয়াকেও মনে হয় ঢের ভালো (সম্মানজনক)।
আমার এত বছরের অভিজ্ঞতায় প্রচুর সহকর্মীর জীবন দেখে দেখে এত কিছু বলতে পারছি। আর নারী বিক্রয়কর্মীকে অনেক অমসৃণ পথ পাড়ি দিতে হয়। পরিবারের লোকদের এই পেশায় আসতে রাজি না হওয়া, পরিবারের সহায়তা না পাওয়া—পদে পদে নানা কষ্টের মধ্য দিয়ে তাঁদের এই চাকরি টিকিয়ে রাখতে হয়। রাতের বেলা প্রতিষ্ঠানের পরিবহনব্যবস্থা না থাকলে নিজ দায়িত্বে বাসায় ফিরতে হয়। রাস্তাঘাটে বিপদের আশঙ্কা। পরিবারের সদস্যরা তো এই কাজের কথা মুখ ফুটে কাউকে বলেন না, আবারআত্মীয়স্বজন-বন্ধুবান্ধবও এড়িয়ে চলে। কারণ, পেশাটাকে তাঁরা সম্মানের চোখে দেখেন না।
একটা সময় নেতিবাচকভাবে দেখা এই পেশাই কিন্তু বাঁচিয়ে দেয় অনেক মেয়ের জীবন। আমার মতো যাঁরা হঠাৎ করে বাবার আশ্রয় হারান, কারও বা হুট করে স্বামীর মৃত্যুতে সংসারের হাল ধরতে হয়, এই পেশাই তাঁদের অবলম্বন। অসহায় অনেক তরুণী
স্বামীর সংসারের নির্যাতন থেকে বের হয়ে আসতে পেরেছেন এই চাকরিকে ভরসা করে। সন্তানকে নিয়ে একা থাকার সাহস দিয়েছে তাঁকে এই উপার্জন। অনেককে মুক্তির স্বাদও দেয় এই পেশা।
প্রথম দিকে চারদিকের ঘাত-প্রতিঘাত থাকবেই, যেমনটা আমারও ছিল। নিজেকে আরও দক্ষ ও যোগ্য করে তুললে আমার মতো দীর্ঘদিন এক প্রতিষ্ঠানে সম্মানের সঙ্গে কাজ করা যাবে। আসলে কাজটাকে ভালোবাসতে হবে। সেই
ভালোবাসাই একজন মানুষকে অন্য উচ্চতায় নিয়ে যাবে। তখন পেশাটাকে মানুষ সম্মানের চোখে দেখবে। নিজেরাও আগ্রহী হবে এমন পেশায় আসতে।