অনলাইনে ফ্রিজ কিনতে হলে
দরজায় কড়া নাড়ছে ঈদ। কোরবানির ঈদ মানেই নতুন ফ্রিজ কেনা নিয়ে ভাবনা। আগে শপিং মানেই ছিল পরিবারের সবাই মিলে দল বেঁধে কিনতে যাওয়া। বর্তমানে ভার্চ্যুয়াল শপিংয়েই অভ্যস্ত হয়ে যাচ্ছি আমরা। কাজের ফাঁকে সময় বের করে যানজট ঠেলে প্রয়োজনীয় পণ্যটি কিনতে যাওয়ার চেয়ে অনলাইনে কেনাকাটায় স্বাচ্ছন্দ্যবোধ করেন অনেকে। ফ্যাশন ও নিত্যপ্রয়োজনীয় নানা পণ্য ছাড়াও ইলেকট্রনিক পণ্যও এখন সহজেই কেনা যায় অনলাইনে।
ঈদ উপলক্ষে ওয়ালটন, স্যামসাং, এসকোয়্যার ইলেক্ট্রনিক্স ,বাটারফ্লাই, সিঙ্গার, যমুনা, ট্রান্সকম, মিনিস্টার, সনি, কনকাসহ বিভিন্ন কোম্পানির ফ্রিজ, ডিপ ফ্রিজে পাবেন বাড়তি ছাড়। কোরবানির কথা মাথায় রেখে এ সময়ে চাহিদা থাকে ডিপ ফ্রিজের। ১২০ থেকে ৫০০ লিটারের ডিপ ফ্রিজ মিলবে অনলাইনেই। এদিক থেকে এগিয়ে আছে স্যামসাং, এলজি, শার্প, ওয়ালটন ও যমুনা। এ ছাড়া বেশ কিছু জনপ্রিয় ব্র্যান্ডের ডিপ ফ্রিজও পাবেন।
ইলেকট্রনিক পণ্যগুলোর দরদাম বাজারমূল্যের সমানই থাকে। তাই দুশ্চিন্তার প্রয়োজন নেই। তারপরও বাজারের দাম সম্পর্কে জেনে নিলে ভালো। অনেক সময় দেখা যায়, অনলাইনে কেনাকাটায়ও বিশেষ ছাড় দেওয়া হয়। সেই সুযোগ হাতছাড়া না করাই ভালো। প্রতিটি কোম্পানির নিজস্ব ওয়েবসাইট বা ভেরিফায়েড ফেসবুক পেজ রয়েছে, যেখান থেকে খুব সহজেই আসল পণ্য ও সেটির দাম সম্পর্কে নিশ্চিত হতে পারবেন।
প্রায় সব প্রতিষ্ঠানেরই নিজস্ব অনলাইন স্টোর রয়েছে। চেষ্টা করতে হবে সেগুলো থেকে পণ্যটি কেনার। তাহলে প্রতারিত হওয়ার আশঙ্কা কম থাকবে। যদি অন্য কোনো অনলাইন মার্কেটপ্লেস থেকে কিনতে চান, তাহলে সুপরিচিত ও গ্রাহকদের রিভিউ ভালো—এ রকম সাইট বাছাই করুন। এসব সাইটের মধ্যে রয়েছে নামকরা বেশ কিছু প্রতিষ্ঠান। অনলাইনে প্রতিনিয়ত বিভিন্ন মার্কেটপ্লেস তৈরি হচ্ছে, তাই যাচাই-বাছাই করে সিদ্ধান্ত নিতে হবে। নির্ভরযোগ্য ও বিশ্বস্ত মনে না হলে এড়িয়ে চলাই ভালো।
গত বছরের কোরবানি ঈদে পছন্দের ইলেকট্রনিক পণ্যের ওয়েবসাইট দেখে দেখে নিজের পছন্দমতো ডিপ ফ্রিজ কেনেন সায়কা আঞ্জুম। বললেন, ‘বিষয়টা আমার খুব মজা লেগেছে। অনলাইনে তো আমরা কাপড়চোপড় বা প্রয়োজনীয় অন্যান্য জিনিস কিনি। কিন্তু ফ্রিজের মতো এমন পণ্য আমরা আগে মনে করতাম, ইলেকট্রনিক পণ্য সরাসরি দেখেশুনেই কেনা উচিত। অনলাইনে ইলেকট্রনিক পণ্যের মধ্যে প্রথম আমি ওয়াশিং মেশিন কিনেছি। সেটা ব্যবহার করে সাহস পেয়েই পরবর্তীকালে ডিপ ফ্রিজ কিনেছি। জীবন এখন কত সহজ হয়ে গেছে। সময়-সুযোগ হচ্ছিল না, কিন্তু আমার প্রয়োজনীয় ইলেকট্রনিক পণ্যটি আমার ঘরে চলে এসেছে, কোনো রকম ঝামেলা ছাড়াই।’
ক্রেতারা অনলাইনে ইলেকট্রনিক পণ্য কিনতে পেরে খুশি। বিক্রেতারাও তাঁদের সর্বোচ্চ চেষ্টা করেন গ্রাহকদের হাতে ভালো পণ্য পৌঁছে দিতে। এ ব্যাপারে ওয়ালটনের সিনিয়র ডেপুটি ডিরেক্টর মো. ইফতেখার আহমেদ ফয়সাল জানান, মানুষ এখন অনলাইনে ইলেকট্রনিক পণ্য কিনতে আগ্রহী হচ্ছে। বিভিন্ন ইলেকট্রনিক পণ্যের গ্রুপ এই কেনাকাটা সহজ করে দিয়েছে। ওয়ালটন ফ্রিজ কিনতে চাইলে যে কেউ ওয়ালটন প্লাজা বা অনলাইন (ই-প্লাজা) থেকে অর্ডার করতে পারবেন। ঝামেলাহীনভাবে পছন্দের পণ্যটি চলে যাবে ঘরে।
অনলাইনে ফ্রিজ কেনার আগে মনে রাখতে হবে, সেটি বিশ্বাসযোগ্য ওয়েবসাইট কি না। আর পণ্য হাতে পাওয়ার আগে টাকা পরিশোদ না করাই ভালো। বিশেষ করে ফেসবুক পেজ বা নতুন ওয়েবসাইট থেকে পণ্য কেনার ক্ষেত্রে কখনোই আগে পেমেন্ট করা উচিত নয়। এ ক্ষেত্রে ক্যাশ অন ডেলিভারিতে পণ্য কেনাই বুদ্ধিমানের কাজ।