দেশি দশের বারো বছর ও অন্যান্য

ছবি: ক্যাটস আই

ক্যাটস আই এবার মোহাম্মদপুরে

ছবি: ক্যাটস আই

ক্রেতাদের আরও কাছে থাকতে দেশীয় ফ্যাশন ব্র্যান্ড ক্যাটস আই এবার মোহাম্মদপুর কৃষি মার্কেটে যাত্রা শুরু করেছে। ক্রেতাদের অনন্য শপিং অভিজ্ঞতা দিতে নতুন আউটলেটে নান্দনিক অভ্যন্তরীণ সজ্জার সঙ্গে থাকছে খোলামেলা আবহ। নতুন স্টোরের পাশাপাশি সাশ্রয়ী দামে পছন্দের পোশাক কেনার সুযোগ থাকছে ক্যাটস আইয়ের অনলাইন স্টোরে। প্রতিটি পণ্য অনলাইন অর্ডারে মিলবে ২০ শতাংশ মূল্যছাড়। ক্যাটস আইয়ের পরিচালক ও ডিজাইন বিভাগের প্রধান সাদিক কুদ্দুস এ বিষয়ে বলেন, ‘নিয়মিত গ্রাহকেরাই আসলে আমাদের চালিকা শক্তি। তাদের ভালোবাসায় প্রতিনিয়ত প্রাণিত হচ্ছে ক্যাটস আই।

তাই ক্রেতাদের দোরগোড়ায় পৌঁছানোর লক্ষ্য নিয়ে এগিয়ে চলা ক্যাটস আই রাজধানীসহ দেশের বিভিন্ন শহরে শাখা খুলেছে। পাশাপাশি গ্রীষ্মের নতুন পোশাকগুলোর ডিজাইনে আভিজাত্যের পাশাপাশি প্যাটার্নও থাকছে নিরীক্ষাধর্মী। আমরা রেডি টু ওয়্যার গ্রাহকের ঘরে পৌঁছে দিতে চালু করেছি ডায়নামিক ই-কমার্স সাইটও। পাশাপাশি নতুন নতুন স্টোর উদ্বোধন ও অফার দিয়ে গ্রাহকদের শপিংমুখী করার চেষ্টাও অব্যহত আছে।’

১২ বছর পূর্তিতে দেশী দশের ছাড়

ছবি: দেশী দশ

১০টি দেশীয় প্রতিষ্ঠানের সম্মিলিত উদ্যোগে ২০০৯ সালে যাত্রা করে ‘দেশী দশ’। দেশীয় তাঁত ও কারুশিল্পীদের কাজ সময়োপযোগী করে তুলে ধরতেই প্রতিষ্ঠানটির পথচলা শুরু। পরে বাংলাদেশের ফ্যাশনশিল্প প্রসারে দেশী দশ নতুন ধারার পথিকৃত হিসেবে অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে ওঠে। সময়প্রবাহে অতিবাহিত হয়েছে ১২ বছর। যে সময়ে প্রতিষ্ঠানটি শাখা ছড়িয়েছে দেশের নানা প্রান্তে। বর্তমানে দেশীয় ফ্যাশনশিল্পের অন্যতম ১০টি প্রতিষ্ঠান নিপুন, কে ক্র্যাফট, অঞ্জনস্, রঙ বাংলাদেশ, বাংলার মেলা, সাদাকালো, বিবিআনা, দেশাল, নগরদোলা ও সৃষ্টি দেশী দশের সদস্য। যাদের উদ্দেশ্য দেশীয় কৃষ্টি-সংস্কৃতিকে প্রাধান্য দিয়ে এ দেশের তাঁত, কারু ও বয়নশিল্পের উন্নয়ন ও সমৃদ্ধি সাধন করা।

ছবি: দেশি দশ

দেশজুড়ে ছড়িয়ে থাকা অনুরাগীদের সমর্থন ও পৃষ্ঠপোষকতায় দেশী দশ কলেবরে বড় হয়েছে। বর্তমানে এর বিক্রয়কেন্দ্রের সংখ্যা তিনটি। ঢাকা, চট্টগ্রাম ও সিলেটে রয়েছে দেশী দশ। দেশী দশের সাফল্যের ১২ বছর পূর্তি উপলক্ষে সব শুভানুধ্যায়ী ও পৃষ্ঠপোষকদের প্রতি বিনম্র শ্রদ্ধা ও অনিঃশেষ কৃতজ্ঞতা জানিয়েছে দেশী দশ। এর সঙ্গে ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ক্রেতাসাধারণের জন্য সব পণ্যে রয়েছে ডাবল ছাড় অফার। ১২ শতাংশ নগদ ছাড়ের সঙ্গে ১২ শতাংশ কুপন। অফারটি চলবে ১২ সেপ্টেম্বর ২০২১ পর্যন্ত। দেশী দশের ঢাকার বসুন্ধরা সিটি শপিং মল, চট্টগ্রাম, সিলেট আউটলেটে এবং অনলাইন কেনাকাটায় পাওয়া যাবে এই মূল্যহ্রাস। ঘরে বসে অনলাইনেও উপভোগ করা যাবে অফারটি।

অস্ট্রেলিয়ায় এমবিএ শেষে দেশে ফিরে গয়নার কারিগর

ছবি: রেজ জুয়েলারি

ছোটবেলা থেকেই সাজসজ্জা আর পোশাক নির্বাচনে অন্যদের চেয়ে আলাদা কিছু করার চেষ্টা ছিল রেজওয়ানা নাজনীনের। একটা সময় নিজেই গয়নার ডিজাইন শুরু করলেন এবং গয়না তৈরির জন্য খুঁজে বের করলেন বিশেষ কিছু উপাদান; যা তাঁর গয়নাকে আরও সুন্দর ও আকর্ষণীয় করে তুলতে সাহায্য করে। পাশপাশি সাহায্য নিলেন গয়না তৈরির কারিগরদের।

উচ্চমাধ্যমিকের পর উচ্চশিক্ষার জন্য পাড়ি জমান অস্ট্রেলিয়ায়। সেখানে কম্পিউটার সায়েন্সে স্নাতক শেষ করেন। এরপর ব্যবস্থাপনায় এমবিএ। এরপর অস্ট্রেলিয়ার অন্যতম বড় রিটেইলার ‘টার্গেট অস্ট্রেলিয়ায়’ যোগ দেন কাস্টমার সার্ভিস রিপ্রেজেন্টেটিভ হিসেবে।

ছবি: রেজ জুয়েলারি

একটা সময় দেশে ফিরে আসেন। দেশে ফিরে আর দশজনের মতো চাকরির পেছনে না ছুটে নিজে কিছু করার চেষ্টা করেন রেজওয়ানা। বলেন, ‘আমার মেধা, শিক্ষা, অভিজ্ঞতা অন্যকে না দিয়ে নিজের জন্য কীভাবে কাজে লাগাবে, তা–ই সব সময় ভাবতাম। এই ভাবনা থেকেই শুরু করি ‘রেজ জুয়েলারি’। আমার ডিজাইন করা প্রথম গয়না যখন প্রশংসা কুড়াল, সেই অনুভূতি আজও আমাকে নাড়া দেয়। কেবল অর্থই রেজ জুয়েলারির পুঁজি ছিল না। বরং সঙ্গে ছিল আমার উদ্যম, আমার আবেগ, বাবার অনুপ্রেরণা আর জীবনসঙ্গীর পাশে থাকা। এসবই রেজ জুয়েলারির পেছনে মূল অনুপ্রেরণা। রেজ জুয়েলারি দাঁড়িয়ে আছে তিনটি জিনিসের ওপর: স্বকীয়তা ও রুচি, ক্রেতাদের সেবা দেওয়ার মানসিকতা এবং ক্রেতাদের দেওয়া প্রতিশ্রুতি পূরণ। আমি সব সময় চেষ্টা করি রেজ জুয়েলারির সব ক্রেতার মন জয় করতে। তাঁদের ভালোবাসা পেতে। আর তাঁদের দেওয়া আমার প্রতিশ্রুতি সব সময় রক্ষা করার চেষ্টা করি।’