মূল ফটক দিয়ে ঢুকতেই কানে ভেসে এল বাঁশির সুর। একটু সামনে এগোতেই দেখা গেল গেরুয়া পাঞ্জাবি পরে বসে আছেন দুজন বাউল। একজন বাঁশি বাজাচ্ছেন, আরেকজন দোতারা। আরেকটু সামনেই স্টলে স্টলে কাঠ, পিতল, হ্যান্ড পেইন্টের পোশাক, নকশিকাঁথার পসরা সাজিয়ে বসেছেন উদ্যোক্তারা। মেলা প্রাঙ্গণে বাঁশি ও দোতারায় যেমন দেশীয় আমেজ, তেমনি পণ্যগুলোও বাংলাদেশের ঐতিহ্য বহন করছে।
নারী উদ্যোক্তাদের ফেসবুক গ্রুপ হার ই–ট্রেডের আয়োজনে গুলশান শুটিং ক্লাবে শুরু হয়েছে এই মেলা। দুই দিনের এই মেলার আজ ছিল প্রথম দিন। উদ্বোধনী দিনে বিকেল চারটায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্য এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএর পরিচালনা পর্ষদদের সদস্য আফতাব উল ইসলাম।
প্রদর্শনী চলবে আগামীকাল রাত ১০টা পর্যন্ত। বেলা ১১টা থেকে মেলা উন্মুক্ত থাকবে। সমাপনী দিবসে বিকেল চারটায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক মো. মফিজুর রহমান।
‘তৃতীয়বারের মতো অফলাইনে এই প্রদর্শনী ও মেলা করছে “হার ই-ট্রেড”। এতে ৪৫ জন নারী উদ্যোক্তার পণ্য থাকছে। গত দুই বছরে প্রায় ২০টির মতো অনলাইন মেলা করেছে হার ই-ট্রেড। এবারের মেলায় জীবনধারণের জন্য মোটামুটি যেসব পণ্য প্রয়োজন যেমন খাবার, পোশাক, গয়না, হোম ডেকোর—সবই থাকছে। সব শ্রেণির মানুষকে লক্ষ্য রেখেই মেলাটি করা হয়েছে।’ বলছিলেন হার ই-ট্রেডের সভাপতি ওয়ারেছা খানম।
মেলায় আসা একটা শাড়িতে বিশাল করে আঁকা পানাম নগরীর ছবি চোখে পড়ল। আরেকটি শাড়িতে দেখা গেল দিনাজপুরের কান্তজিউ মন্দিরের নকশা। আবার হয়তো রাজা-রানি, রাজবধূ, দুই সখীর নকশা—সবই করা হয়েছে হ্যান্ড পেইন্টে। দেখা গেল, ’৬০ বা ’৭০–এর দশকের হারিয়ে যাওয়া রওশন, খুশবু শাড়ির নতুন রূপ। কাপড় একই রয়েছে, তবে নতুন করে তৈরি করা হচ্ছে। পুরোনো ঐতিহ্যকে ফিরিয়ে আনার একটা প্রয়াস যেন। সিল্ক, কাতান, সুতি, মসলিন, জামদানি শাড়ি তো আছেই। নকশার ক্ষেত্রে টাইডাই, সুতার কাজের ব্যবহার দেখা গেছে।
ধানমন্ডি থেকে মেলায় এসেছেন সাবিহা নাসরিন (৩৫)। এসব মেলায় একসঙ্গে অনেক ধরনের পণ্য পাওয়া যায় জানিয়ে তিনি বলেন, ‘ব্লাউজের কাপড় কিনেছি। অনলাইনে কাপড় কিনলে হাত দিয়ে ধরে দেখার উপায় নেই। তবে মেলা থেকে কিনলে ঘুরে ঘুরে পছন্দসই জিনিসটি কেনা যায়। এটি একটি স্বাচ্ছন্দ্যের বিষয়।’
টিপের ভেতর রবীন্দ্রনাথ, দোলনা দোলা, বেলুন ওড়ানো, আবার অপেক্ষারত কোনো পাখি বা পাখিদের উড়ে যাওয়া—এমন কিছু নকশার টিপ এনেছেন স্বাক্ষর বাই নওরীনের কর্ণধার নওরীন জাহান। চারুকলা থেকে পাস করা নওরীন হার ই-ট্রেডের সঙ্গে যুক্ত রয়েছেন বছর দেড়েক ধরে। সাজের অনুষঙ্গ যেমন আংটি, গলার মালা, ব্রেসলেট, নূপুর ইত্যাদি নিজের নকশায় বানান তিনি। বলছিলেন, ‘অনলাইনে মানুষ ছবি দেখে পণ্য কেনে। অনেকেরই এ ক্ষেত্রে পণ্যটি ছুঁয়ে না দেখতে পারার আফসোস রয়ে যায়। এ আফসোস মেটাতে এসব মেলা নিঃসন্দেহে ভালো উদ্যোগ। এর মাধ্যমে আমরা ক্রেতার আরও কাছে আসতে পারি, তাদের আস্থা অর্জন করতে পারি।’
এ ছাড়া কাঠের বিশাল চপিং বোর্ড, ট্রে, বিভিন্ন নকশার ঝুলন্ত ল্যাম্প, পিতলের ঘোড়া, কাপ-পিরিচ, ঘণ্টা বা মোমদানি, মানুষের মুখের আদলে তৈরি কাঠের আয়না—ঘর সাজানোর প্রয়োজনীয় প্রায় সবকিছুর সমাহারই ছিল মেলায়।
মেলায় সহযোগী প্রতিষ্ঠান হিসেবে অংশ নেয় সিটি ব্যাংকের ওমেন ব্যাংকিং ডিভিশন ‘সিটি আলো’, ইউসিবির মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস উপায় এবং কুরিয়ার সার্ভিস প্রতিষ্ঠান পার্সেলম্যাজিক।