ফ্যাশন হাউসের নানা আয়োজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বরঙের সেরা জামাই যুদ্ধ

জামাইষষ্ঠী একটি লোকায়ত প্রথা। ষষ্ঠীদেবীর পার্বণ থেকেই এই প্রথার উদ্ভব। বৈদিক যুগ থেকেই জামাইষষ্ঠী পালন হয়ে আসছে উপমহাদেশের সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে। প্রতিবছর জ‍্যৈষ্ঠ মাসের ষষ্ঠী তিথির প্রথম প্রহরে ষষ্ঠী পূজার আয়োজন করা হয়। ষষ্ঠী পূজার দিন জামাইকে সাদরে নিমন্ত্রণ জানানো হয়। জামাই ষষ্ঠী পূজার দিন সস্ত্রীক উপস্থিত হলে আনন্দের বন‍্যা বয়ে যায় বাড়িতে, ষষ্ঠী পূজা রূপান্তরিত হয় জামাইষষ্ঠীতে। বাঙালি হিন্দু সমাজে এ উৎসবের সামাজিক গুরুত্ব অনস্বীকার্য। বিশেষত্ব, যে পরিবারে সদ‍্যবিবাহিত কন‍্যা রয়েছে, সেই পরিবারে এই পার্বণ ঘটা করে পালন করা হয়।

১ আষাঢ়, ১৪২৮ বঙ্গাব্দ বা ১৬ জুন, ২০২১ বুধবার প্রথমবারের মতো জামাইষষ্ঠী উপলক্ষে বিশ্বরঙ আয়োজন করবে বিশেষ অনুষ্ঠান ‘সেরা জামাই যুদ্ধ’। যে কেউ অংশ নিতে পারেন এই আয়োজনে।

‘বিশ্বরঙ সেরা জামাই যুদ্ধ’–এ অংশগ্রহণের নিয়ম: মেয়ে-জামাইয়ের একসঙ্গে তোলা ৩ কপি ছবি, নাম, ফোন নম্বর ও ঠিকানা লিখে ১০ জুনের মধ্যে মেইল ([email protected]) করতে হবে। এ ছাড়া যোগাযোগও করা যাবে ০১৮১৯২৫৭৭৬৮ নম্বরে ফোন করে।

গরমে কে ক্র্যাফটের স্বস্তিদায়ক টি-শার্ট

টি–শার্ট একাধারে যেমন ক্ল্যাসিক ফ্যাশনের অংশ, তেমনই হাল ফ্যাশনেও দারুণ জনপ্রিয়। আবার অনেকের কাছেই এটি শুধু আরামদায়ক পোশাক। এই গরমে প্রতিদিনের ব্যস্ততায় যাঁরা একটু স্বস্তি চান, তাঁরা বেছে নিতে পারেন টি-শার্ট। স্বাচ্ছন্দ্যে কাজ করার পাশাপাশি টি-শার্ট দেবে স্মার্ট ক্যাজুয়াল লুক।

সব বয়সী, বিশেষ করে তরুণদের কাছে টি-শার্ট সব সময়ই জনপ্রিয়। তাই এবার গ্রীষ্মে কে ক্র্যাফট নতুন ডিজাইনের টি-শার্টের বড় সংগ্রহ নিয়ে এসেছে। সুতি, নিট ফেব্রিকে তৈরি এসব টি-শার্টের নকশায় আধুনিকতার সঙ্গে দেশীয় সংস্কৃতিকেও প্রিন্টের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে। এগুলোতে রং হিসেবে প্রাধান্য পেয়েছে অফ হোয়াইট, হোয়াইট, বটল গ্রিন, রেড, গ্রিন, মেরুন, ইয়েলো, ফিরোজা, গ্রে, পেস্ট, মেজেন্টা, অ্যাশ ইত্যাদি।

জেন্টল পার্কের আরামদায়ক রেডি টু ওয়ার

করোনার কারণে বছরজুড়েই সবাইকে বড় একটা সময় কাটাতে হয়েছে ঘরে। এ জন্য সবাই অভ্যস্ত হয়ে উঠেছে আরামদায়ক পোশাকে। তাই এ বছরও ফ্যাশনে ঢিলেঢালা পোশাকের আধিপত্য থাকছে। এরই ধারাবাহিকতায়, ফ্যাশন ব্র্যান্ড জেন্টল পার্ক, এবার নিরীক্ষাধর্মী টপ টু বটম, স্লিভ কিংবা কলার বা পোশাকের প্যাটার্নেও বৈচিত্র্য এনেছে। ক্রেতার প্রয়োজন অনুযায়ী এসব আরামদায়ক কাপড়ে রয়েছে রঙের আধিক্য। পাশাপাশি ফ্যাশন ব্র্যান্ডটির গ্রীষ্মের নতুন রেডি টু ওয়ার সাজানো হয়েছে তারুণ্যের চাহিদা মাথায় রেখে। প্রাধান্য পেয়েছে আন্তর্জাতিক ফ্যাশনের চলমান কাপড়ের বুনন ও নকশা। ওভেন ও নিট ফেব্রিকে তৈরি পোশাকের বেসিক ফিটিংয়ে আনা হয়েছে পরিবর্তন। সলিড, প্রিন্ট, স্ট্রাইপ ও ফ্লোরাল মোটিভ প্রাধান্য পেয়েছে কালেকশনটিতে। থাকছে নারী, পুরুষ ও শিশুদের জন্য পোশাক ও ফ্যাশন অনুষঙ্গও।

জেন্টল পার্কের চেয়ারম্যান ও ডিজাইন বিভাগের প্রধান শাহাদৎ চৌধুরী বাবু বলেন, নতুন পোশাকগুলোর প্যাটার্নে স্পষ্ট ম্যাসকুলিন ও টেইলর্ড লুক। ফ্ল্যাট-ফ্রন্ট ডেনিম ও নিটের পোশাক নিয়েও থাকছে বৈচিত্র্যময় বেশ কিছু ডিজাইন। যাঁরা ফরমাল থেকে বেরিয়ে ক্যাজুয়াল লুক চান, তাঁদের জন্যও এ কালেকশনগুলো দেবে স্বস্তি। করোনা সময়ে ওয়ার্ক ফ্রম হোমের বদৌলতে আনা হয়েছে ‘নিউ ফরমাল’ পোশাক। বছরজুড়েই সীমিত পরিসরে চলাফেরা ও লকডাউনের প্রভাব পরেছে আমাদের ব্র্যান্ডের পোশাকের ডিজাইনেও। তাই পোশাক-আশাক হয়েছে মিনিমাল। আনা হয়েছে গ্রীষ্মের উপযোগী প্লেইন ক্যাজুয়াল শার্ট, টি-শার্ট, নিটের জগিং ওয়্যার ও তরুণীদের নিরীক্ষাধর্মী টপস, কুর্তিসহ ফিউশন পোশাক।

রঙ বাংলাদেশের অনলাইন উৎসব

মহামারির এই সময় আমাদের জন্য নতুন এক অভিজ্ঞতা। সময়ের সঙ্গে সঙ্গে অনেক কিছুই পরিবর্তিত হয়েছে আমাদের জীবনযাপনে। প্রতিকূল এই সময়ে ঘরে বসে পণ্য কিনতে অনেকেই অভ্যস্ত হয়ে উঠেছে। অনলাইন ক্রেতাদের আগ্রহ বাড়াতে ফ্যাশন ব্র্যান্ড রঙ বাংলাদেশ আয়োজন করেছে নতুন ক্যাম্পেইন ‘পণ্যভিত্তিক অনলাইন উৎসব’। যেখানে নির্দিষ্ট পণ্য আলাদা আলাদাভাবে নির্দিষ্ট দিনে প্রদর্শনে বিক্রয় চলছে। ২৫ মে শুরু হওয়া ১৮ দিনের এই উৎসব অনলাইন প্ল্যাটফর্মে চলবে ১১ জুন পর্যন্ত। বিশেষ সুবিধা হিসেবে থাকছে সব কেনাকাটায় ৫০ শতাংশ মূল্যছাড়। থাকছে হোম ডেলিভারির সুবিধা।

ছবি: বিশ্বরঙ, কে ক্র্যাফট, জেন্টল পার্ক, রঙ বাংলাদেশ