অনন্যা পান্ডের বালতি ব্যাগের দাম প্রায় সাড়ে ৬ লাখ টাকা !
কে, কীভাবে আর কার থেকে বেশি এগিয়ে থাকবে, ফ্যাশনে অনেক তারকার এটাই যেন লক্ষ্য। শুধু জামাকাপড়ের ভিন্নধর্মী উপস্থাপনে আটকে নেই তাঁরা। তার সঙ্গে যুক্ত হয়েছে গয়না থেকে শুরু করে হাতের ব্যাগটিকেও আলাদা করে তুলে ধরার প্রতিযোগিতা। আর এই প্রতিযোগিতায় এবার এক ধাপ এগিয়ে গেছেন ভারতীয় অভিনেত্রী অনন্যা পান্ডে।
গত রোববার রাতে হিন্দুস্তান টাইমস ইন্ডিয়ার মোস্ট স্টাইলিশ অ্যাওয়ার্ডস ২০২৩ অনুষ্ঠানে গাঢ় গোলাপি রঙের বেশ জমকালো জ্যাকেট-কাট পোশাক ও একই রঙের উঁচু হিল পরে উপস্থিত হন অনন্যা। তবে তাঁর সাজসজ্জায় যেটি বিশেষভাবে সবার নজর কেড়েছিল, সেটি হলো তাঁর হাতের ব্যাগ। ব্যাগ বললে খানিকটা যেন ভুলই হবে। এটি ছিল ছোট একটি সোনার বালতি।
নেট–দুনিয়ায় অনন্যার ছবি ভাইরাল হওয়ার পরপরই নেটিজনরা ব্যাগটিকে ‘বালতি ব্যাগ’ ডাকতে শুরু করে। কেউ কেউ মজা করে বলছেন, ‘এটা তো ব্যাগ না, খাবারের দোকানের ডাল রাখার বালতি। অনুষ্ঠানের খাবার বাসায় নিয়ে যাওয়ার জন্যই এটি নিয়েছেন অনন্যা।’
আলোচিত-সমালোচিত ব্যাগটি নকশা করেছে আমেরিকার বিলাসবহুল ফ্যাশন ব্র্যান্ড জুডিথ লেবার। জানলে অবাক হবেন, অনন্যার এই ডলার চিহ্ন খচিত বালতি ব্যাগের দাম ৫ হাজার ৯৯৫ ডলার, বাংলাদেশি টাকায় প্রায় সাড়ে ৬ লাখ টাকা।
তথ্যসূত্র : হিন্দুস্থান টাইমস ও ইন্ডিয়া টাইমস টুডে