ইফতারে কী কী খান সানিয়া মির্জা

এই উপমহাদেশে নারী টেনিসকে জনপ্রিয় করার কৃতিত্বের অনেকখানি দাবিদার সানিয়া মির্জা। ভারতীয় এই তারকা পরে পাকিস্তানি ক্রিকেটার শোয়েব মালিককে বিয়ে করে বনে গিয়েছিলেন বৈরি দুই দেশের মিলনের দূত। সম্প্রতি তিনি ইনস্টাগ্রামে প্রকাশ করেন তাদের বাড়িতে ইফতারের আয়োজনের একটি ভিডিও। লেখেন, অন্তরের মানুষদের সাথে ইফতার। সাথে ব্যবহার করেন দুটো হ্যাশট্যাগ— Ramadankareem ও iftaar। জেনে নিন এ বছর ইফতারে কী কী খেয়েছেন সানিয়া।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের সাবেক টেনিস তারকা সানিয়া মির্জা ইফতারে টক দই খেতে ভালোবাসেন।
ছবি: ইনস্টাগ্রাম

ইফতারে ভুট্টা ও অঙ্কুরের সালাদ খান সানিয়া। এটা ফাইবার বা খাদ্যআঁশ ও কার্বোহাইড্রেট সমৃদ্ধ। ফলে সঙ্গে সঙ্গে জোগায় শক্তি।

আরো খান টক দই। এতে আছে প্রোবায়োটিক, যা খারাপ কোলেস্টেরলকে নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। আরো আছে ভিটামিন ডি। এটা সাহায্য করে রোগ প্রতিরোধে।

ইফতারের আয়োজনে মিষ্টি রাখা চাই। সেজন্য সানিয়ার পছন্দ সেভিয়ান। এটা মূলত সুজির তৈরি ক্ষীর বা সেমাই। তবে এতে কোলেস্টেরলের পরিমাণ কম। বেশি থাকে কার্বোহাইড্রেট।

কৃত্রিম পানীয় সানিয়ার একদমই পছন্দ না
ছবি: টুইটার

পাশাপাশি ইফতারে সানিয়া নিয়মিত স্যান্ডউইচ খান। তাতে ব্যবহার করেন ফাইবার সমৃদ্ধ সবজি। ফলে সেটা কার্বোহাইড্রেটে সমৃদ্ধ হয় ও জোগায় উপস্থিত শক্তি।

কৃত্রিম পানীয় সানিয়ার একদমই পছন্দ না। তিনি ইফতারে খান প্রিজারভেটিভমুক্ত তাজা ফলের জুস। এগুলো যেমন অন্ত্রের জন্য ভালো, পাশাপাশি সারাদিনের ক্লান্তিও করে দূর।

উপমহাদেশীয় ইফতারির রীতি ভাজাপোড়া ছাড়া যেন অসম্পূর্ণ থেকে যায়। এগুলোর মধ্যে সানিয়ার পছন্দ মরিচের পাকোড়া বা ভাজি। তাতে থাকে ক্যালরি, প্রোটিন, কার্বোহাইড্রেট ও ফাইবার।

ইফতারে স্বাস্থ্যকর খাবার খেতে ভালোবাসেন সানিয়া
ছবি: ইনস্টাগ্রাম

তাজা ফল ইফতারে রাখবেনই সানিয়া। এগুলো যেমন শরীরে পানির ঘাটতি পূরণে সাহায্য করে, তেমনি জোগায় প্রয়োজনীয় পুষ্টি উপাদান। ফলে শরীর হয় সতেজ ও প্রাণবন্ত।

মাশরুমের তরকারিও সানিয়া নিয়মিত ইফতারির পাতে রাখেন। এটা ভিটামিন ডি-তে সমৃদ্ধ হওয়ায় অন্ত্রের জন্য বেশ ভালো। সেই সঙ্গে সাহায্য করে রোগ প্রতিরোধ প্রক্রিয়ায়।

ইডলি দক্ষিণ ভারতের একটা জনপ্রিয় খাবার। অনেকটা আমাদের ভাপা পিঠার মতো। দারুণ পুষ্টিকর এই খাবারে থাকে প্রোটিন, ফাইবার, কার্বোহাইড্রেট ও খনিজ। থাকে না ফ্যাট বা কোলেস্টেরল। এটাও ইফতারি থাকা চাই সানিয়ার।

তথ্যসূত্র : টাইমস অব ইন্ডিয়া