পূজার সাজে মিম-সনি

অভিনেত্রী বিদ্যা সিনহা মিম ও স্বামী সনি পোদ্দারের পূজার পোশাকে থাকবে চলতি ধারার নকশা। পোশাক: সাফিয়া সাথী, গয়না: গ্লুড টুগেদার, সাজ: অরা বিউটি লাউঞ্জ, ছবি: কবির হোসেনছবি: কবির হোসেন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগেও কয়েকবার ‘নকশা’র পূজাসংখ্যার প্রচ্ছদ হয়েছেন বিদ্যা সিনহা মিম। এবারও হলেন, তবে এবারের শুটটা অন্যবারের চেয়ে আলাদা। স্বামী সনি পোদ্দারকে নিয়ে প্রথমবারের মতো নকশার জন্য পূজার শুট করলেন পরাণ–অভিনেত্রী।

ছবি তোলার ফাঁকে ফাঁকেই জানা গেল, পূজায় ট্রেন্ডি ও ঐতিহ্যবাহী, দুই ধরনের পোশাক পরতেই ভালোবাসেন মিম। সনি অবশ্য পূজার দিনগুলোয় পাঞ্জাবি পরতে স্বাচ্ছন্দ্যবোধ করেন বেশি। জানালেন, এবারও তার ব্যতিক্রম হবে না। পূজার কোনো একদিন দুজন মিলে একই রকম পোশাক পরার পরিকল্পনা আছে। দুজনেরই দেশীয় ব্র্যান্ডের পোশাক পছন্দ। এবারের পূজায় শুধু নিজেদের জন্যই নয়, দুই পরিবারের সদস্যদের জন্যও কেনাকাটা করেছেন সনি ও মিম। পূজার প্রথম কয়েকটি দিন কুমিল্লায় কাটাবেন মিম ও সনি দম্পতি। সঙ্গে থাকবে দুই পরিবারের সদস্যরা। জানালেন, নবমী বা দশমীর দিন দেশের বাইরে যাওয়ার পরিকল্পনা আছে। যেহেতু এবার তাঁদের দুজনের একসঙ্গে প্রথম পূজা। তাই পূজা ঘিরে এমনই নানা পরিকল্পনা থাকবে।

ছবি: কবির হোসেন

পূজার দিনে খুব জমকালো পোশাক এড়িয়ে একটু হালকা নকশার পোশাক পরতেই বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন মিম। পছন্দের রং সাদা। আর পোশাক নিয়ে অত বাছবিচার না থাকলেও সনি জানালেন, শাড়িতেই মিমকে তাঁর বেশি ভালো লাগে। হালকা সাজতে ভালোবাসেন মিম। তবে গয়নার প্রতি বিশেষ দুর্বলতা আছে। বললেন, পূজার চারটা দিন পোশাকের সঙ্গে মিলিয়ে সোনার গয়না পরার ইচ্ছে আছে। একটু হালকা নকশার গয়নাই এবার বেছে নেবেন।

ছবি: কবির হোসেন

পূজায় অনেকেই শাড়ি পরতে ভালোবাসেন। শাড়ি পরাটা যাঁদের ঝামেলার মনে হয়, তাঁরা এমন সেলাই করা (রেডি টু ওয়্যার) শাড়ি বেছে নিতে পারেন। সিল্ক কাপড়ে তৈরি শাড়িটির বুনন বেশ নরম হওয়ায় এই গরমেও অস্বস্তির কারণ হয়ে দাঁড়াবে না। শাড়ির আঁচলের ভাঁজ করা অংশে নীল পাইপ ও পুঁতির জারদৌসি কাজে এসেছে উৎসবের আমেজ।

গয়না: অঞ্জন’স, ছবি: কবির হোসেন

নরম জর্জেটের শাড়ি, পূজায় বেড়ানোর জন্য বেশ আরামদায়ক। পুরো শাড়িজুড়ে সাদা ও কমলা বিডসওয়ার্কের কাজ। সঙ্গে হালকা গয়নায় পরিপূর্ণ পূজার সাজ।

ছবি: কবির হোসেন

অরগাঞ্জা কাপড়ে তৈরি হয়েছে এই স্কার্ট। ভেলভেটের কাজ স্কার্টটিকে দিয়েছে জমকালো ভাব। কলিদার ছাঁটের এই স্কার্টের সঙ্গে শার্ট পরাটা এখন ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে। যেহেতু পূজা, তাই স্কার্টের সঙ্গে পরতে পারেন মটকা সিল্কের কাপড়ে তৈরি এমন শার্ট।

কটিসহ পাঞ্জাবি, পূজার দিনে ছেলেদের পছন্দের পোশাক। সুতি কাপড়ের কটিতে গোটাপাত্তি ও রঙিন সুতার কাজে এসেছে উৎসবের আমেজ।

গয়না: সামার বাই সানজিদা, ছবি: কবির হোসেন

পূজার রাতে মসলিন কাপড়ের তৈরি সারারা সেটটি মানাবে। কামিজে তিন শেডের টাইডাইয়ের কাজ পোশাকটিতে এনেছে প্রশান্তি। যে কারণে গরমে ঘুরে বেড়ালেও অস্বস্তি লাগবে না। সারারার সালোয়ারটিও মসলিন কাপড়ের তৈরি। সালোয়ারে হাতে করা গুজরাটির নকশা পুরো পোশাকটিকে জমকালো করে তুলেছে।